নিউইয়র্কে অযৌক্তিক মেডিকেইড ব্যয়ের কারণে গভর্নর অ্যান্ড্রু কুমোর স্বাস্থ্য বিভাগকে দায়ী করা হয়েছে। রাষ্ট্রীয় অডিটর থমাস ডি নেপোলি ২১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বলেছেন, নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ ২০১৯ অর্থবছরে ৭০০ মিলিয়ন ডলার ব্যয়ের কোনো যৌক্তিক খাত দেখাতে পারেনি।
ডি নেপোলি বলেন, মোট বরাদ্দের প্রায় ১২ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে করদাতাদের অর্থায়নে পরিচালিত কর্মসূচির বাইরের লোকদের জন্য। আর প্রায় ৫ মিলিয়ন ব্যয় হয়েছে মৃত ব্যক্তির পরিবারের পেছনে।
রাষ্ট্রীয় এই অডিটর আরও বলেন, বেশির ভাগ অর্থ (প্রায় ৬০৫ মিলিয়ন ডলার) রোগীর ওষুধের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরে চুক্তিবদ্ধ সংস্থার মাধ্যমে সরবরাহ করা হয়েছিল। তিনি চিকিৎসক, ফার্মেসি এবং অন্যান্য খাতে ৬৭ বিলিয়ন ডলার ব্যয় করার সময় সঠিক তদারকি না করার জন্য স্বাস্থ্য বিভাগের সমালোচনা করেছেন।
ডি নেপোলি বলেন, ‘কোভিড-১৯ সংকটের কারণে রাজ্যটি বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট ফাঁকির মুখোমুখি হচ্ছে।’
ডি নেপোলির অফিস রাজ্যের মেডিকেইড প্রোগ্রামের পাঁচটি পৃথক অডিট করেছে। তিনি বলেন, ‘রাজ্যের মেডিকেইড প্রোগ্রামের পরিচালনা নিয়ন্ত্রণের মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার সঞ্চয় করা যেতে পারে।’
এদিকে স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জোনা ব্রুনো এক বিবৃতিতে ডি নেপোলির প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছেন, ‘মেডিকেইড সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। আমরা ইতিমধ্যে চলমান এমআরটি টু-এর মাধ্যমে বিভিন্ন সংশোধনমূলক পদক্ষেপ হাতে নিয়েছি। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যে যৌক্তিক তথ্য দেখানো সম্ভব হবে।’