স্বাস্থ্য খাতের জন্য বাংলাদেশিদের প্রস্তুত করতে নতুন উদ্যোগ
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সর্বত্র অন্য দেশের অভিবাসীদের দাপট ছিল সেবাধর্মী বিভিন্ন খাতে। ক্রমেই এসব ক্ষেত্রে বাংলাদেশিদের উত্থান ঘটছে। অভিবাসী সংখ্যা বৃদ্ধিরও এ ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে। এখন অন্য খাতগুলোর মতো করে স্বাস্থ্য খাতেও এখন বাংলাদেশিরা সাফল্য পাচ্ছে।
আমেরিকান ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি নামে একটি প্রতিষ্ঠান সম্প্রতি যাত্রা করেছে। যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে বাংলাদেশি স্বাস্থ্যকর্মী থাকলেও এ সংখ্যা প্রত্যাশিত মাত্রায় নয়। অথচ বাংলাদেশিদের এই খাতে ব্যাপক সুযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে প্রতিষ্ঠা করা হয়েছে আমেরিকান ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
শিক্ষক, আইনজীবী, পুলিশ, আইটি বিশেষজ্ঞ, চিকিৎসক কিংবা প্রকৌশলী—এসব পেশার মধ্যে একটি শ্রেণি থাকে, যারা একান্ত সুন্দর একটা জীবন সাজাতে চান। আরেক শ্রেণি রয়েছে, যারা পেশার দায় মিটিয়ে সামাজিক দায় পূরণ করতে চান। ঠিক এমনই একজন হলেন মাহাবুব ইমাম হোসেন, যিনি পেশায় চিকিৎসক। মাহাবুব হোসেনসহ তিনজন উদ্যোক্তা মিলে প্রতিষ্ঠা করেছেন আমেরিকান ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান।
উদ্যোক্তারা জানান, কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা থাকবে এই প্রতিষ্ঠানে। থাকবে অনলাইন ও ল্যাব প্রশিক্ষণের ব্যবস্থা। যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের ল্যাব খোলা হবে নিউইয়র্ক-নিউজার্সিসহ বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্যগুলোয়। থাকবে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা। প্রশিক্ষণপ্রাপ্তরা চিকিৎসকদের চেম্বারে এক মাস কাজের সুযোগ পাবেন, যাতে তাঁদের চাকরি পাওয়া সহজ হয়।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মাহাবুব ইমাম হোসেন বলেন, সনদপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফ্লোবটমি, ইকেজি ও ফার্মেসি টেকনিশিয়ান, মেডিকেল বিলিং অ্যান্ড কোডিং পদে কাজ করতে আগ্রহীদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এই খাতগুলোয় বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশি উদ্যোগ হলেও এই প্রতিষ্ঠানে সব দেশের শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। তিনি বলেন, বিলিং অ্যান্ড কোডিং প্রশিক্ষণ নিয়ে চাইলে কেউ ঘরে বসেও কাজ করতে পারবে। এ ছাড়া ফার্মেসি টেকনিশিয়ান কোর্সটি সহজ বলে অনেকেই আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে। সবগুলো কোর্সই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে।