স্বাস্থ্য নিয়ে 'অস্বাস্থ্যকর'নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর দুইবার চেষ্টা করেও ‘ওবামাকেয়ার’ বাতিল করতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক দলের বিরোধিতা তো ছিলই; ‘ঘরের শত্রু বিভীষণ’ দুই রিপাবলিকান সিনেটর সুর মিলিয়েছিলেন তাতে। ফলে এ যাত্রায়ও ‘ওবামাকেয়ার’ উচ্ছেদ করে তার জায়গায় ‘ট্রাম্পকেয়ার’ বসানো গেল না। তবু দমে যাননি ট্রাম্প। তিনি ফের ‘শুরু থেকে শুরু’ করতে চেয়েছেন। কিন্তু যাঁদের নিয়ে তিনি ‘শুরু’ করতে চান তাঁরাই এর সাফল্য নিয়ে বিরাট সন্দিহান। এ অবস্থায় স্বাস্থ্য বিল নিয়ে ট্রাম্পের গো ধরাকে ‘অস্বাস্থ্যকর পথ অবলম্বন’ বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প প্রথম থেকেই বলে আসছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা স্বাস্থ্য সুরক্ষা আইন অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার অ্যাক্ট (যেটি ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত) তিনি বাতিল করবেন। সেই ঘোষণা বাস্তবায়নে নতুন একটি স্বাস্থ্য সুরক্ষা আইন (যেটিকে অনেকেই ‘ট্রাম্পকেয়ার’ বলে অভিহিত করছেন) পাস করার চেষ্টা করেন তিনি।
১৭ জুলাই দুই রিপাবলিকান সিনেটর মাইক লি ও জেরি মোরান ট্রাম্পকেয়ারের বিরুদ্ধে অবস্থান নেন। ফলে সেই চেষ্টা ভন্ডুল হয়ে যায়। এর মধ্য দিয়ে স্বাস্থ্য সুরক্ষা আইন পাসে গত ছয় মাসে ট্রাম্প প্রশাসনের গৃহীত দুটি উদ্যোগই ভেস্তে গেল।
প্রস্তাবিত আইনটি নিয়ে আগে থেকেই মতবিরোধ ছিল রিপাবলিকানদের মধ্যে। অনেক আগেই দুই রিপাবলিকান সিনেটর র্যা ন্ড পল ও সুসান কলিন্স আইনটির পক্ষে ভোট দেবেন না বলে জানিয়েছিলেন। এই অবস্থায় সাবধানে এগোনোর সিদ্ধান্ত নেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল। কিন্তু শেষরক্ষা হয়নি। ১৭ জুলাই শেষ মুহূর্তে মাইক লি ও জেরি মোরান আইনটির বিরুদ্ধে অবস্থান নিলে তা পাসের সব আশা শেষ হয়ে যায়।
সিনেটে ৫২ আসন নিয়ে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও চার সিনেটরের বিরোধিতায় আইনটি পাস করা আর সম্ভব হচ্ছে না। কারণ, ওবামাকেয়ার বাতিল করে অন্য কোনো স্বাস্থ্য সুরক্ষা আইন পাসের বিরুদ্ধে ডেমোক্র্যাটরা এককাট্টা।
প্রস্তাবিত আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণ হিসেবে রিপাবলিকান সিনেটর মাইক লি ও জেরি মোরান বিবিসিকে জানান, প্রস্তাবিত আইন ওবামাকেয়ার প্রত্যাহারে খুব একটা কার্যকর হবে না। এ বিষয়ে জেরি মোরান বলেন, ‘একটি খারাপ নীতি অনুমোদনে আমরা সমর্থন জানাতে পারি না।’ আর মাইক লির আপত্তির কেন্দ্রে রয়েছে কর হার।
এই অবস্থায় ওবামাকেয়ার পুরোপুরি বাতিল করে একেবারে শুরু থেকে কাজ শুরুর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ দায়িত্বটি সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেলের ঘাড়েই চেপেছে। এ-বিষয়ক এক প্রতিক্রিয়ায় ম্যাককোনেল বিবিসিকে বলেন, ওবামাকেয়ারের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে একে বাতিল ও নতুন একটি স্বাস্থ্য সুরক্ষা আইন দিয়ে এর প্রতিস্থাপন প্রচেষ্টা সফল হচ্ছে না। এটি খুবই হতাশাজনক।
যা ছিল প্রস্তাবিত নতুন আইনে ওবামাকেয়ার বাতিল ও একটি নতুন স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ছিল ট্রাম্পের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি। ২০১০ সালে অ্যাফোর্ডেবল হেলথকেয়ার অ্যাক্ট বা ওবামাকেয়ার শুরু থেকেই রিপাবলিকানদের বিরোধিতার সম্মুখীন। তাদের কাছে ওবামাকেয়ার একটি অত্যন্ত ব্যয়বহুল ও উচ্চাকাঙ্ক্ষী স্বাস্থ্য সুরক্ষা আইন।
নতুন প্রস্তাবিত আইনে ধনাঢ্য ব্যক্তিদের ওপর কর হার আগের মতো রাখা হলেও স্বাস্থ্য সুরক্ষা তহবিল ব্যাপকভাবে সংকোচন করা হয়। একই সঙ্গে বিমা কোম্পানিগুলোর জন্য রাখা হয় বিমা সুবিধার আওতা কমিয়ে আনার সুযোগ। প্রস্তাবিত এই আইন স্বাভাবিকভাবেই রক্ষণশীল ও মধ্যপন্থী রিপাবলিকানদের কাউকেই পুরোপুরি খুশি করতে পারেনি। এ ক্ষেত্রে মধ্যপন্থী রিপাবলিকানদের আপত্তি ছিল, প্রস্তাবিত আইন পাস হলে অনেক মানুষ স্বাস্থ্য সুরক্ষার আওতার বাইরে চলে যাবে। অন্যদিকে রক্ষণশীল রিপাবলিকানদের আপত্তির কেন্দ্রে রয়েছে কর হার।
যা ঘটতে পারে উদ্ভূত পরিস্থিতিতে ‘ওবামাকেয়ার সম্পূর্ণ বাতিলের’ জন্য রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে মিচ ম্যাককোনেল বলেন, ‘ওবামাকেয়ার প্রত্যাহারের বিষয়টি আমি সিনেটে পাস করার চেষ্টা করব। এ ক্ষেত্রে দুই বছরের একটি অন্তর্বর্তী সময় রাখা হবে, যাতে এ সময়ের মধ্যে একটি কার্যকর নতুন আইন আমরা হাজির করতে পারি।’
তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ম্যাককোনেলের এ প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, এ দুই বছর সময়ের মধ্যে লাখ লাখ মানুষ আক্ষরিক অর্থেই স্বাস্থ্য সুরক্ষার বাইরে চলে যাবে। পাশাপাশি বিমাবাজারে অস্থিতিশীলতা সৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এই অবস্থায় দুই দলের সমন্বিত প্রচেষ্টাকে সমাধান হিসেবে দেখছেন অ্যারিজোনার রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। এখন দেখার বিষয় হচ্ছে, ট্রাম্প-ম্যাককোনেল, নাকি জন ম্যাককেইন—কার প্রস্তাবের প্রতি রিপাবলিকানরা সমর্থন জানান।
তবে ওবামাকেয়ার বাতিলের বিষয়ে কোনো সহায়তা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেমোক্র্যাটরা। কিন্তু এই আইনটিকে আরও যুগোপযোগী করার সমন্বিত উদ্যোগে অংশ নিতে তাঁরা রাজি আছেন। এ বিষয়ে এক বিবৃতিতে সিনেটে ডেমোক্রেটিক নেতা চার্লস শুমার বলেন, ট্রাম্পকেয়ার আইন যে কার্যকর কিছু নয়, তা এটি পাসের দ্বিতীয় উদ্যোগটিও ব্যর্থ হওয়াতেই প্রমাণিত হয়। ওবামাকেয়ার বাতিলের বিষয়টি প্রত্যাখ্যান করে তিনি বলেন, কম প্রিমিয়াম, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও উন্নত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে দুই দল একযোগে কাজ করতে পারে। এদিকে ট্রাম্পকেয়ার আইন পাসের উদ্যোগ ব্যর্থ হওয়াকে জনগণের বিজয় হিসেবে দেখছেন আরেক ডেমোক্রেটিক সিনেটর বার্নি স্যান্ডার্স। অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা আইনের সুরাহা খুব সহজেই হচ্ছে না বলে ধারণা করে নেওয়া যায়।