যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত স্বাস্থ্যসেবা বিলের ওপর গতকাল মঙ্গলবার দেশটির সিনেটে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গুরুত্বপূর্ণ এই ভোটের আগে বিলটি পাসের লক্ষ্যে বিভক্ত রিপাবলিকান সিনেটরদের নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। স্বাস্থ্যসেবা নিয়ে দেওয়া এক বিরল ভাষণে তিনি বলেছেন, ‘এখন কাজ করার সময়।’
পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের গৃহীত স্বাস্থ্যসেবা আইন পাল্টে ট্রাম্প ঘোষিত নতুন এই কর্মসূচি প্রতিষ্ঠা করতে বিলটি সিনেটে পাস হওয়া অপরিহার্য। কিন্তু খোদ রিপাবলিকানদের মধ্যে এটি নিয়ে সংশয় রয়েছে। তাই সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বিলটি ভোটে পাস হবে কি না, তা স্পষ্ট নয়।
ভোটের আগে সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেছেন, ‘এই মুহূর্তটির জন্য আক্ষরিক অর্থেই আমাদের অনেকে অনেক বছর ধরে অপেক্ষা করে আছেন। দীর্ঘ সময় পর হলেও তা এসেছে।’ সম্প্রতি মস্তিষ্কে গুরুতর টিউমার ধরা পড়া প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বিলের ওপর ভোটাভুটিতে অংশ নিতে কংগ্রেসে হাজির হবেন বলে জানা গেছে।
সিনেটর ম্যাককনেল এমন মন্তব্য করলেও বা ভোটের ব্যাপারে সিনেটর ম্যাককেইনের এত আগ্রহ দেখা গেলেও একই দলের কয়েকজন সিনেটর এই ভোটাভুটির প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এ অবস্থায় বিল নিয়ে একদিকে ট্রাম্প যেমন ঐক্যের ডাক দিয়েছেন; অন্যদিকে দলীয় এমপিদের ওপর চাপও বাড়িয়েছেন। এমপিদের হুঁশিয়ার করে তিনি বলেন, ৭ বছরের দীর্ঘ প্রতিশ্রুতি রক্ষায় তাঁদের দায়িত্ব রয়েছে।
হোয়াইট হাউসে হতাশা মেশানো এ ভাষণে ট্রাম্প বলেন, ‘সিনেটের প্রত্যেক সদস্যকে আমি বলব, আমেরিকার জনগণ যথেষ্ট লম্বা সময় অপেক্ষা করেছেন। এই বিল নিয়ে অনেক কথা হয়েছে, কোনো কাজ হয়নি। এখন কাজ করার সময়।’ ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও পূর্বসূরি ওবামার স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘ওবামাকেয়ার’-এর সমালোচনা করেন। এ নিয়ে তিনি বলেন, ২০১০ সালের ওই আইনে মার্কিন জনগণ ‘ক্ষতিগ্রস্তই’ হয়েছেন।
রাশিয়া, ইরান ও উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে ভোট
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দেশটির বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ করা নিয়ে গতকাল কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা। যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা হ্রাস করাও এ ভোটের একটি লক্ষ্য।
এ-সংক্রান্ত যে বিল নিয়ে ভোট হওয়ার কথা তার অন্তর্ভুক্ত রয়েছে ইরান ও উত্তর কোরিয়ার ওপর তাদের কার্যকলাপের জন্য নতুন করে অবরোধ আরোপের বিষয়ও।