কানাডার সাহিত্যক্ষেত্রে গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার একটি বহু আকাঙ্ক্ষিত বিষয়। প্রতি বছর ইংরেজি ও ফরাসি ভাষায় মোট চৌদ্দটি ক্ষেত্রে দেওয়া এই সাহিত্য পুরস্কারটি ছাড়াও গভর্নর জেনারেলের অফিস থেকে কৃতী কানাডীয়দেরকে জন্য আরও অনেক পুরস্কার ও পদবি দেওয়ার রেওয়াজ রয়েছে। যেমন রয়েছে সাহসিকতার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান, তেমনি বিজ্ঞান ও মানববিদ্যায় অবদানের জন্যও বিভিন্ন সম্মাননা রয়েছে। সেগুলোর বাইরে রয়েছে তিনটি ধাপে ‘অর্ডার অব কানাডা’ পদবি। বিশেষ মর্যাদার এই পদবি প্রতি বছর দুই কিস্তিতে দেওয়া হয়ে থাকে। বছর শেষ হওয়ার আগে গত ২৭ ডিসেম্বর নতুন করে ১০৩ জন বিশিষ্ট কানাডীয়র নামে অর্ডার অব কানাডার জন্য ঘোষণা করেছেন গভর্নর জেনারেল। এর আগে জুন মাসে ১০৫ জনকে এই পদবি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। ২০১৮ সালের এই তালিকায় রয়েছেন বরেণ্য লেখক বেরি কালাহান, লিজ বিসোনেট, অ্যান-মেরি ম্যাকডোনাল্ডস ও আরও অনেকে।
উল্লেখ করা যেতে পারে যে, ১৯৬৭ সালে, কানাডা কনফেডারেশনের শতবর্ষপূর্তিতে রানি দ্বিতীয় এলিজাবেথ কানাডার নাগরিকদের জন্য অর্ডার অব কানাডা পদবি দেওয়ার ঘোষণা করেন। গত ৫১ বছরে সংখ্যাটি প্রায় সাত হাজারে পৌঁছেছে। গত নভেম্বরে প্রথা অনুয়ায়ী গভর্নর জেনারেলের বাসভবন রিদো হাউসে অনুষ্ঠিত এক আয়োজনে নতুন ৪১ জনকে পদবি প্রদান করা হয়।
বিভিন্ন ক্ষেত্রে কানাডীয় নাগরিকদের উল্লেখযোগ্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। কেন্দ্রীয় বা প্রাদেশিক রাজনীতিক বা বিচারক বাদে এই স্বীকৃতি সব কানাডীয়ের জন্যই উন্মুক্ত। ‘অর্ডার অব কানাডা’র ধাপ তিনটি হলো ‘কম্পেনিয়ন’, ‘অফিসার’ ও ‘মেম্বার’। যাঁরা এই স্বীকৃতি পেয়ে থাকেন তাঁদের নামের পাশে সংক্ষেপে যথাক্রমে সিসি, ওসি, এবং সিএম উল্লেখ করা হয়। ‘কম্পেনিয়ন’ সেই কানাডীয়দের দেওয়া হয় যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে সক্ষম হয়েছেন। ‘অফিসার’ স্বীকৃতি জাতীয় পর্যায়ে এবং ‘মেম্বার’ স্বীকৃতি কমিউনিটি পর্যায়ে অবদানের জন্য দেওয়া হয়। সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য ‘অর্ডার অব কানাডা’ পদবিধারী কবি-সাহিত্যিকদের সংখ্যা একেবারে কম নয়। ৩২৫ জনের মতো।
সাহিত্যক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত যে ত্রিশজন কম্পেনিয়ন অব দ্য অর্ডার অব কানাডা পেয়েছেন তাঁদের মধ্যে আছেন বহুল পরিচিত এফ আর স্কট, ক্যারল শিল্ডস, পি কে পেইজ, মার্গারেট অ্যাটউড, মাইকেল ওনডাডজি, মেরি ক্লেয়ার ব্লেইজ, রবার্টসন ডেভিস, লিওনার্দো কোহেন, মার্গারেট লরেন্স, মরডেকাই রিচলার ও গ্যাব্রিয়েল রয়ের মতো লেখকেরা। অর্ডার অব কানাডা প্রবর্তনের পর প্রথম যে লেখক এই পদবি পান তিনি হলেন গ্যাব্রিয়েল রয়। সালটি ১৯৬৭। ফরাসিভাষী এই লেখিকা অনুবাদের মাধ্যমে সারা কানাডায় বিপুলভাবে পরিচিত। আরেক ফরাসিভাষী লিওনার্দো পেয়েছিলেন ২০০২ সালে। যদিও ওই বছরে কম্পেনিয়ন হওয়ার আগেই ১৯৯১ সালে তিনি অফিসার হিসেবে স্বীকৃতি পান। মার্গারেট লরেন্স পান ১৯৭১ সালে। ১৯৮১ সালে মার্গারেট অ্যাটউড এই স্বীকৃতি পাওয়ার আগে ১৯৭৩ সালে অফিসার হিসেবে নিয়োগ পান। ১৯৮৮ সালে অফিসার হিসেবে নিয়োগ পাওয়া মাইকেল ওনডাডজি কম্পেনিয়ন হন ২০১৬ সালে।
অফিসার হিসেবে স্বীকৃতি পাওয়া লেখকদের মধ্যে রয়েছেন কানাডার প্রাক্তন পোয়েট লরিয়েট জর্জ এলিয়ট ক্লার্ক। তিনি পান ২০০৮ সালে। ১৯৭১ সালে টরন্টো শহরের প্রথম পোয়েট লরিয়েট হিসেবে নিয়োগপ্রাপ্ত ডেনিস লি অফিসার হিসেবে স্বীকৃতি পান ১৯৯৩ সালে। অন্য বহুল পরিচিত অফিসার লেখকেরা হলেন টিমোথি ফিন্ডলে (১৯৮৫), আল পার্ডি (১৯৮২), ফিলিস ওয়েব (১৯৯২), জর্জ বাওয়ারিং (২০০২), অ্যালিসটর ম্যাকলয়েড (২০০৭), লরনা ক্রোজিয়ার (২০১১), রোজমেরি সালিভান (২০১২), ডগলাস কুপার (২০১৩), প্যাট্রিক লেইন (২০১৪), ডিয়োন ব্রান্ড (২০১৭) প্রমুখ।
মেম্বার হিসেবে স্বীকৃতিপ্রাপ্তদের তালিকায় আছেন বিশিষ্ট যে সকল কবি-লেখক তাঁদের মধ্যে রয়েছেন পিয়ের বার্টন, রয় মিকি, যোশেফ বয়ডন, লরেন্স হিল, টমাস কিং, জয় কগোয়া, ডেভিড অ্যাডামস রিচার্ডস, এম জি ভাসানজি, রহিনতন মিস্ত্রী, শার্লট গ্রে, এরিখ ওয়ালটারস প্রমুখ।
পূর্বঘোষিত ব্যক্তিরা নির্ধারিত তারিখে গভর্নর জেনারেলের বাসভবনে উপস্থিত থেকে পদক গ্রহণ করেন। কিন্তু সে-প্রথার ব্যত্যয়ও দেখেছে কানাডাবাসী। ২০১৩-তে ঘোষণা হয়েছিল ১৯৬২ সালে গভর্নর জেনারেল পুরস্কারপ্রাপ্ত টরন্টোর লেখক কিলডেয়ার ডবস ‘মেম্বার’ পদে অভিষিক্ত হবেন। কিন্তু নব্বই বছর বয়সী কিলডেয়ার তখন এমনভাবে শয্যাশায়ী যে তিনি যেতে পারেননি। শেষে ফেব্রুয়ারির এক বিকেলে অটোয়া থেকে লেখকের বাড়িতে এসে উপস্থিত হন তৎকালীন গভর্নর জেনারেল ডেভিড জনস্টন নিজে। নিজে হাতে পদক পরিয়ে দিয়েছিলেন উনিশ শ ষাট ও সত্তরের দশকের গুরুত্বপূর্ণ এই লেখককে। সে-ঘটনার দুই মাসের মধ্যে প্রবীণ এই লেখক প্রয়াত হন।
তবে জানিয়ে রাখা যেতে পারে যে, পদক দেওয়ার পরে, সেটি কেড়ে নেওয়ার ঘটনাও কিন্তু কানাডায় কম নেই। এ পর্যন্ত এমন উদাহরণ অন্তত সাতটি। বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে সেই সাত পদকপ্রাপ্তকে এই বঞ্চনা মেনে নিতে হয়েছে। যে সাতজনের পদক কেড়ে নেওয়া হয়েছে তাঁরা হলেন অ্যালান এগালসান, ডেভিড অ্যাহেনাকু, শের সিং, স্টিভ ফনিও, গার্থ ড্রাবিনস্কি, কনরাড ব্লাক ও রনজিত চন্দ্র। পদকপ্রাপ্তের পক্ষ থেকে পদক ফেরত দেওয়ার মতো উদাহরণও কিন্তু রয়েছে। একজনকে পদক দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আরেকজনের পদক প্রত্যাবর্তনের উদাহরণও রয়েছে।
প্রতি বছর শ খানেক গুণী কানাডীয়কে তাঁদের অবদানের জন্য অর্ডার অব কানাডা পদক দেওয়া হয়। এই পদক প্রদানের মোটো হিসেবে বলা হয়েছে: “They desire a better country’’। উল্লেখ করা যেতে পারে যে, এই শিরোনামে ২০১৭ সালে কানাডা কনফেডারেশনের বছরে একটি বইও প্রকাশ করা হয়েছে। গভর্নর জেনারেলের অফিসের সহযোগিতায় প্রকাশিত লরেন্স স্ক্যালনাল রচিত এ গ্রন্থে বিভিন্ন সময়ের কানাডার বিভিন্ন প্রান্তের মোট পঞ্চাশ জন পদকপ্রাপ্তর গল্প রয়েছে।
২০১৮ সালে যাঁদেরকে অর্ডার অব কানাডা পদক দেওয়া হলো তাঁদের মধ্যে আছেন বরেণ্য তিন লেখক বেরি কালাহান, লিজ বিসোনেট ও অ্যান-মেরি ম্যাকডোনাল্ডস। একাশি বছর বয়সী বেরি একাধারে কবি, লেখক ও সম্পাদক। কানাডার অগ্রগণ্য সাহিত্যিক মরলে কালাহানের (১৯০৩-১৯৯০) পুত্র বেরির গ্রন্থসংখ্যা কুডির মতো। অন্যদিকে ৭৩ বছরের মন্ট্রিয়েলের বাসিন্দা লিজের রয়েছে দুটি উপন্যাস ও একটি ছোটগল্পের বই। লিজের নাম বিভিন্ন সময়ে গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কারের জন্য ছোট তালিকায় উঠলেও তাঁর ভাগ্যে পুরস্কারটি এখনো জোটেনি। তৃতীয় জন ষাট বছর বয়সী নাট্যকার, লেখক, টিভিব্যক্তিত্ব অ্যান-মেরি হলেন অসাধারণ বক্তাও। তাঁর ঝুলিতে নয়টি নাটকের সঙ্গে রয়েছে তিনটি উপন্যাস- ‘ফল অন ইওর নিজ’ (১৯৯৬), ‘দ্য ওয়ে দ্য ক্রো ফ্লায়েজ’ (২০০৩) এবং ‘অ্যাডাল্ট অনসেট’ (২০১৪)। ২০১৮ সালের তালিকায় আরও আছেন টরন্টোবাসী ঐতিহাসিক অধ্যাপক রবার্ট বথওয়েল, কবি ও ঔপন্যাসিক হেডি বওরাওই, কবি ও সমালোচক গ্যারি মিশেল ডল্ট প্রমুখ।
২০১৮ সালের অর্ডার অব কানাডার দুটি বিশেষ ব্যাপার অনেকের মনযোগ কেড়েছে। প্রথমটি হলো, তালিকায় রয়েছেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই ডজন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান অধ্যাপক। দ্বিতীয়টি হলো, আদিবাসী গোষ্ঠীগুলো থেকে অন্তত তিনজনকে এবার এই পদকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে; যারা বর্তমান ট্রুডো সরকারের তীব্র সমালোচক। ম্যাথিউ কুন কম, সিনডি ব্লাকস্টক এবং বেভারলি জ্যাকভসকে ট্রুডো সরকারের অনেক ইস্যুতেই উচ্চকণ্ঠ দেখা গেছে বিভিন্ন সময়ে। পদকপ্রাপ্তির সংবাদে তাঁরা বিস্ময় প্রকাশ করলেও তিনজনেই ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তাঁদের প্রতিবাদী কণ্ঠ অব্যাহত থাকবে।