স্মৃতি জলে ঢেউ দিয়ে যায়
দুদিন আগে বিল্ডিংয়ের প্রতিবেশী জানান, কার্লোস আর নেই। অ্যাপার্টমেন্টের বিল্ডিং সুপার। কোভিড–১৯ কেড়ে নিয়েছে কার্লোসের জীবন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কার্লোসের বউ মার্থা।
প্রথম যখন কার্লোসের সঙ্গে দেখা, তখন তিনি ইংরেজি তেমন একটা কথা বলতে চাইতেন না। যাই বলতেন স্প্যানিশ ভাষায় বলে যেতেন। হাত দিয়ে যা বোঝাতেন, ততটাই বুঝে নিতাম। মাঝে মাঝে বিরক্ত হয়ে ল্যান্ড লর্ডকে কল দিয়ে বলতাম, কী সুপার রেখেছেন ইংরেজি ভাষা জানেন না। কিছু বললে বুঝি না। কিছুদিন পর দেখি, কার্লোস ভাঙা ভাঙা ইংরেজি বলা শুরু করেছেন।
লোকটা কী সুন্দর দেখতে! সাড়ে ছয় ফুট উচ্চতা, মুখে সব সময় হাসি; দেখতে ৬০ মনে হলেও বয়স প্রায় ৭০–এর কোঠায়। প্রথমে তিনি আমাদের বিল্ডিংয়ে শুধু বিল্ডিং সুপার হয়ে আসেন। কিছুদিন পর একাই আমাদের ফার্স্ট ফ্লোরের অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন। আসা–যাওয়ার পথে বিল্ডিং ম্যানেজমেন্টের অফিসের সামনে প্রতিদিনই দেখা হত। দেখলেই রাজকীয় হাসি হেসে জিজ্ঞেস করতেন, ‘বুয়েনাস দিয়াস, কোমস্তাস সিস্টার’। আমিও হেসে স্প্যানিশে উত্তর দিতাম ‘বুয়েনাস, দে নাদা’। আমার মুখে স্প্যানিশ শুনে তিনি খুব খুশি হয়ে জোরে জোরে হাসতে থাকতেন। আমি মনে মনে রাগ হলেও বুঝতে দিতাম না।
কিছুদিন পর হঠাৎ দেখি কার্লোস লম্বা বিশালদেহী এক ডমিনিকান নারীকে বাসায় নিয়ে এসেছেন। বললেন, সিস্টার, আমার স্ত্রী, দেশ থেকে নতুন এসেছে। যদি পারো একটা কাজ দিয়ে দিয়ো। অনেক চিন্তা–ভাবনার পর বললাম, প্রতি শনিবারে এসে ঘর-দুয়ার পরিষ্কার করে দিতে বলুন; তবে ক্লিন হতে হবে। এরপর শুরু হলো আমাদের পরিবারের সঙ্গে কার্লোসের বন্ধুত্ব। অবিরাম আসা–যাওয়া। কিছু লাগলেই কার্লোসকে বলতাম, এটা লাগবে–ওটা লাগবে।
এক ঈদে কার্লোস রান্নাঘরের সিঙ্কের কল মেরামত করতে এসে দেখে আম্মা খাবারের নানা পদ তৈরি করছেন। কিছুক্ষণ পর পর কার্লোস আম্মাকে জিজ্ঞেস করছেন, কি রান্না করছেন? আম্মা বললেন, আগামীকাল আমাদের ধর্মীয় উৎসব। আমাকে দেখতেই জিজ্ঞেস করেন, সিস্টার মাম কি বলছেন বলো তো? অনেক কষ্টে তাকে বুঝিয়ে বললাম, এক মাস উপোস করার পর আমাদের যে উৎসব হয়ে, তাকে ঈদ বলে। কার্লোস আর ওর বউকে বললাম, আপনারা কাল দুপুরে আমাদের সঙ্গে লাঞ্চ করবেন। বাচ্চাদের মতো খুশি হয়ে তিনি চলে যান।
ঈদের দিন দুপুরে স্বামী–স্ত্রী দুজনেই নতুন জামা নতুন প্যান্ট পরে হাতে ক্যানডির বক্স ও ফুল নিয়ে চলে আসে। আম্মাকে গিফট দিয়ে বলেন, মাম আমি দেখেছি, আপনি কত কষ্ট করে গতকাল থেকে রান্না করছেন। আপনি আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছেন। আমি ১৫ বছর বয়স থেকে মা–বাবা ছাড়া বড় হয়েছি। আমার স্ত্রী আমাকে ৩৫ বছর ধরে দেখাশোনা করছেন। সুখে–দুঃখে আমরা একসঙ্গেই থাকি। আমরা দুজন ছাড়া আমাদের কেউ নেই। আমি এ দেশে আসার পর আমার স্ত্রীকে দুর্বৃত্তরা ধর্ষণ করে। আমি তবুও তাকে ছেড়ে দিইনি। বরং এ দেশে নিয়ে আসি আমার কাছে। আর যেদিন প্রথম আসে, পরদিনই আমি তাকে আমার নতুন পরিবারের হাতে তুলে দিই। তোমরা আমার নতুন পরিবার। চোখ ভিজে উঠে কার্লোসের কথায়।
সেদিনের ঈদ আমাদের কাছে বিশেষ একটি দিন হয়ে যায়। আজকে আবার সেই মাহে রমজান। আম্মা ইফতারির প্লেট সাজানোর সময় বলেন, আমাদের জীবন ও জীবনের যা কিছু স্মৃতি; মোমের মতো গলে সেখানেই পড়ে থাকে। কার্লোস ওপারে চলে গেছেন। সেই একই সময় অন্য আরেকটা দিন শুধু কার্লোস স্মৃতির সবুজে এক বিষণ্ন হৃদয়।