স্মৃতিতে মুক্তিযোদ্ধা মুক্তাদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুমোতে যাওয়ার আগে অভ্যাসবশত টেলিভিশনে পরদিন সকালের সংবাদের শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম। হঠাৎ টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলতেই অপর প্রান্তে সাংবাদিক আনাস পাশার গলা। তাঁর কাছ থেকেই দুঃসংবাদটি পেলাম, যা শোনার জন্য মোটেই আমি প্রস্তুত ছিলাম না। জানলাম, আমাদের নেতা লন্ডনের বাঙালি কমিউনিটির অতি পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা ম আ মুক্তাদির আর নেই। সংবাদটি শোনার পর আমি নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। পরে শুনলাম, দুই দিন আগে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মনে পড়ল, দু–একদিন আগে পূর্ব লন্ডনের বাঙালিদের প্রাণকেন্দ্র ব্রিকলেন এলাকাকে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেট ‘বাংলা টাউন’ হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। মুক্তাদির সেই বাংলা টাউন আন্দোলনের প্রথম সারির একজন নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। শুনেছিলাম, সেই দিনই তিনি অতিরিক্ত পরিশ্রমের কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। হৃদয় বিদারক সংবাদটি শোনার সঙ্গে সঙ্গে বাংলাদেশে ভ্রমণরত আমার অনুজ সাংবাদিক ও ছড়াকার দিলু নাসেরকে ফোন করে জানালাম। দিলুর সঙ্গে লন্ডনে তাঁর সম্পর্ক ছিল একজন নিকট আত্মীয়ের মতো। তাই সংবাদটি শোনার সঙ্গে সঙ্গে সে আর্তনাদ করে উঠল এবং আমি অপর প্রান্ত থেকে তাঁর কান্নার শব্দ শুনতে পেলাম। পরে আমি তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তখন তিনি কান্নাজড়িত কণ্ঠে আমাকে বললেন, মুক্তাদির মামা আমাকে তাঁর গাড়ি দিয়ে এয়ারপোর্ট নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু তাঁর শরীর ভালো না থাকায় আমি তাঁকে বারণ করেছিলাম।
মুক্তাদির ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ১৯৭৭ সাল থেকে। আমি তখন মেট্রিক পরীক্ষার্থী। আমার অগ্রজ সৈয়দ আবুল কাশেম মিলু (বর্তমান সাংবাদিক ও লেখক মিলু কাশেম) তখন একটি রাজনৈতিক মামলায় কারাগারে ছিলেন। জিয়া সরকার তখন ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছিল। আমার অগ্রজসহ আরও কয়েকজন ছাত্রকে সেই নিষিদ্ধকালে সিলেট সরকারি কলেজের (বর্তমান এম সি কলেজ) একটি গোপন সভা থেকে পুলিশ ধরে নিয়ে বিনা বিচারে কিছুদিন জেলে আটকে রেখেছিল। আমাদের পরিবারে এটাই ছিল প্রথম জেলে যাওয়ার ঘটনা। তাই বাস্তবিক কারণে আমার মা বড় ভাইয়ের হঠাৎ জেলে যাওয়ার ঘটনায় খুবই ভেঙে পড়েছিলেন। কারণ ভাইটি পরিবারের দশ ভাইবোনের মধ্যে ছিলেন বড়। তখন আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তৎকালীন ছাত্রনেতা মুক্তাদির ভাই, লোকমান ভাই, আনসার ভাইসহ আরও অনেকে আমাদের বাসায় আসতেন। তখন থেকে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িত হয়েছিলাম এবং মুক্তাদির ভাইসহ তখনকার সিলেটের ছাত্রনেতাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার সুযোগ হয়েছিল।
আশির দশকের শেষের দিকে সিলেট এম সি ইন্টার মিডিয়েট কলেজে পড়াকালে মুক্তাদির ভাই, লোকমান ভাইসহ অন্যান্য জাসদ সমর্থিত ছাত্রলীগ নেতার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে গিয়ে সমাজ বদলের রাজনীতিতে দীক্ষিত হই। জীর্ণ সমাজকে ভেঙে নতুন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মুক্তাদির ভাইদের নেতৃত্বে আমরা রাজপথের আন্দোলন–সংগ্রামে সক্রিয় হয়। আমাদের এমসি ইন্টারমিডিয়েট কলেজে ফার্স্ট ইয়ারে পড়কালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় পুলিশের ভয়ে গোপনে সভা করতে হতো। সেসব মিটিং–মিছিলে মুক্তাদির ভাইয়ের ঝাঁজালো বক্তৃতা এবং বজ্রকণ্ঠের স্লোগানে সমাজ বদলের সংগ্রামে আমাদের আকৃষ্ট করতো। যার কারণে তৎকালীন সিলেটের সব কটি কলেজে জাসদ সমর্থিত ছাত্রলীগের সংখ্যাগরিষ্ঠতা ছিল। মুক্তাদির ভাই ছাড়া আরও যাদের কথা এই মুহূর্তে মনে পড়ছে, তাদের মধ্যে মরহুম শাহ মোহাম্মদ আনসার আলী, লোকমান আহমদসহ আরও অনেকে। আমাদের আরেক নেতা শাহ মোহাম্মদ আনসার আলীও প্রায় এক দশক আগে মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একটি সড়ক দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করেছিলেন।
আশির দশকের প্রথম দিকে যখন আবার ছাত্র সংসদ গঠিত হয়েছিল, তখন বাংলাদেশ ছাত্রলীগ (মান্না-আখতার) সারা দেশের মতো সিলেটেও সব কটি কলেজে বিপুল ভোটে জয়ী হয়। আমি বিশ্বাস করি, তখন সিলেটের মুক্তাদির ভাইদের মতো ছাত্রনেতাদের অক্লান্ত পরিশ্রম ও সাধারণ ছাত্রদের কাছে তাদের ব্যক্তিগত রাজনৈতিক ইমেজের কারণেই সেটা সম্ভব হয়েছিল। পরে জাসদের রাজনীতিতে বিভক্তির কারণে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মান্না-আখতার যখন বাসদে যোগ দিয়েছিলেন, তখন সিলেট থেকে মুক্তাদির ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগের একটি অংশ বাসদ ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। তখন থেকে মুক্তাদির ভাইয়ের সঙ্গে আমাদের রাজনৈতিক ওঠাবসা কম ছিল বটে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের কোনো অবনতি হয়নি।
মুক্তাদির ভাইয়ের কথা স্মরণ করতে গিয়ে আজ আরও দু–একটি ছোট ছোট স্মৃতি মনে পড়ছে। ১৯৮০ সালের শুরুর দিকে আমি এমসি ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইকম পাস করে সিলেট মদন মোহন কলেজে বিকম পড়ার জন্য ভর্তি হয়েছিলাম। মদনমোহন কলেজে তখন মুক্তাদির ভাইয়ের নেতৃত্বে বাসদ সমর্থিত ছাত্রলীগের সংখ্যাগরিষ্ঠতা ছিল। ছিলেন মদন মোহন কলেজের দায়িত্বে এবং বাসদ ছাত্রলীগ ছিল খুবই শক্ত অবস্থানে। তখন আমিসহ আরও কয়েকজনকে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল নতুন করে জাসদ ছাত্রলীগকে সংগঠিত করার এবং ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের। মুক্তাদির ভাই যদিও তখন আমাদের ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলেন না, কিন্তু দেখা হলেই আমাদের রাজনৈতিকভাবে উৎসাহিত করতেন। তিনি ছিলেন সত্যিকারের একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক। তিনি ছিলেন সব সময় রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে। কথা প্রসঙ্গে মুক্তাদির ভাই একদিন আমাকে বলেছিলেন, ‘লিলু, আমাদের পথ ভিন্ন হতে পারে, কিন্তু গন্তব্য একই। তাই আমরা যারা প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাসী তাদের মধ্যে রাজনৈতিক সংকীর্ণতা থাকা উচিত নয়।’ তাই আজ প্রিয় নেতার সেই কথাগুলো বারবার মনে পড়ছে।
১৯৮৪ সালের দিকে ব্যবসায়িক কারণে সিলেট শহর থেকে কিছুদিন সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে থাকতে হয়েছিল। তখন পারিবারিক কারণে রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলাম। ব্যবসার ব্যস্ততার কারণে দু-একজন বন্ধুবান্ধব ছাড়া অনেকের সঙ্গে দেখা করার সুযোগ হতো না। বন্ধুদের সঙ্গে যোগাযোগও কম ছিল। তখন শুধু মুক্তাদির ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে দেখা হতো। সিলেটের হাওয়া পাড়া ও জিন্দাবাজারে দেখলেই সহাস্যে তাঁর সাদা টয়োটা পাবলিকা গাড়ির ভেতর থেকে হাত নাড়তেন। তখন ভেবেছিলাম, তিনিও হয়তো রাজনীতি ছেড়ে ব্যবসায় নেমেছেন। পরে একদিন খবর পেলাম, মুক্তাদির ভাই সপরিবারে লন্ডন পাড়ি জমিয়েছেন।
ব্যবসা–বাণিজ্যের উন্নতি করতে না পেরে আমাকেও মুক্তাদির ভাইয়ের মতো ১৯৮৮ সালের শেষের দিকে জীবন–জীবিকার তাগিদে পাড়ি দিতে হয়েছিল সাত সমুদ্র তেরো নদী। আমার স্থায়ী নিবাস হয়েছিল যুক্তরাজ্যের লন্ডনে। লন্ডনে আসার পর আমার অনুজ দিলু নাসেরের সহযোগিতায় যোগাযোগ হয়েছিল কমরেড মুক্তাদির ভাইসহ সিলেটের আরও পরিচিত মানুষের সঙ্গে। দিলু আমার কয়েক বছর আগে লন্ডনে এসেছিল। পরে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মুক্তাদির ভাইয়ের এখানকার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কর্ম তৎপরতার জড়িত থাকার কথা জানতে পারি। বিশেষ করে পূর্ব লন্ডনের তখনকার বর্ণবাদবিরোধী আন্দোলনে ম আ মুক্তাদির ও কাউন্সিলর রাজন উদ্দিন জালালসহ আরও অনেকের সাহসী ভূমিকার কারণে পূর্ব লন্ডন থেকে বর্ণবাদীরা চিরতরে বিতাড়িত হয়েছে।
পূর্ব লন্ডনের এক সভায় একদিন আমি তাকে সহাস্যে বলেছিলাম, মুক্তাদির ভাই এখানে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাতে যাচ্ছেন নাকি? তিনি জবাবে আমাকে বলেছিলেন, আর কোনো জায়গায় হোক বা না–হোক দেখবে এই ব্রিকলেনে বাঙালিরা একদিন বিপ্লব ঘটাবে। তাঁর কথা সত্যি হয়েছিল। তাঁর মৃত্যুর কয়েক দিন আগেই ব্রিকলেনকে সরকারিভাবে ‘বাংলা টাউন’ ঘোষণা করা হয়েছিল।
মানবতা ও অধিকারের প্রশ্নে কমরেড মুক্তাদির ছিলেন সদা জাগ্রত। সেটা নিজ দেশেই হোক অথবা বিদেশিই হোক। মেহনতি মানুষের সেই অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন সীমানাহীন একজন লড়াকু সৈনিক। তাঁর মৃত্যুর কিছুদিন আগে ঢাকা এয়ারপোর্টে লন্ডনপ্রবাসী ছুরত মিয়াকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। কমিউনিটির অনৈক্যের কারণে যখন লন্ডনে সেই আন্দোলন মুখ থুবড়ে পড়েছিল, তখন মুক্তাদির ভাই এবং আরও কয়েকজন কমিউনিটি নেতার উৎসাহ ও সহযোগিতায় আমরা যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার এমেলীতন বেরির নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিলাম এই হত্যার সঠিক তদন্ত করার জন্য।
একাত্তরের সেই বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ কর্মী ও লন্ডনের বাঙালি কমিউনিটির বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের প্রিয় নেতা মুক্তাদির ভাই অকালে আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। কমরেড, তোমার মৃত্যু নেই। তুমি বেঁচে থাকবে পৃথিবীর খেটে খাওয়া অধিকার বঞ্চিত কোটি কোটি মানুষের হৃদয়ের গহিনে। মুক্তাদির ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।