স্যান বার্নার্দিনোতে জরুরি অবস্থা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর জেরি ব্রাউন স্যান বার্নার্দিনো কাউন্টিতে গত শুক্রবার জরুরি অবস্থা জারি করেছেন। কাউন্টির স্যান বার্নার্দিনো শহরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের জেরে এ জরুরি অবস্থা ঘোষণা করলেন তিনি। খবর ডন পত্রিকার।
২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনোর এক স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করে ফারুক-তাশফিন দম্পতি। ওই স্বাস্থ্যকেন্দ্রের জন্য তহবিল বরাদ্দের পথ সুগম করতেই জরুরি অবস্থা্ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে সাধারণত প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সহায়তা দেওয়ার জন্য এ ধরনের জরুরি অবস্থা জারির ঘোষণা আসে।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সৈয়দ রিজওয়ান ফারুক এবং তাঁর পাকিস্তানি স্ত্রী তাশফিন মালিক উগ্র পন্থার প্রভাবে ওই হত্যাকাণ্ড চালান বলে ধারণা করা হয়।
ওবামার সাক্ষাৎ: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গুলিতে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজনের সঙ্গে গত শুক্রবার দেখা করে তাঁদের সান্ত্বনা দিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফার্স্টলেডি মিশেল ওবামা।