স্যান্ডার্সকে সর্মথন মেয়র ডি ব্লাজিওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের পক্ষে সমর্থন দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, তিনি স্যান্ডার্সকে সমর্থন করছেন। কারণ স্যান্ডার্স ‘শ্রমজীবী পরিবারের সঙ্গে রয়েছেন এবং রাষ্ট্রপতি ট্রাম্পের বিপক্ষে একজন সঠিক প্রার্থী।’
ডি ব্লাজিও আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন। অবশ্য পরিস্থিতি বুঝে পরে তিনি সরে দাঁড়ান। তিনি বিবৃতিতে বলেন, ‘আমি একটি সাহসী ও প্রগতিশীল এজেন্ডার জন্য আহ্বান জানাচ্ছি। সিনেটর স্যান্ডার্স এ বিষয়ে খুবই দক্ষ।’
অন্যদিকে স্যান্ডার্স সিএনএনকে বলেন, ‘মেয়র ডি ব্লাজিও জানেন, ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করার একমাত্র উপায় হলো সবাই একতাবদ্ধ হয়ে কাজ করা এবং চারপাশের সব মানুষকে একত্রিত করা, যারা শ্রমজীবী পরিবারের প্রয়োজনের কথা বলে।’
ডি ব্লাজিও ও স্যান্ডার্সের এই সম্পর্ক ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে। যদিও তখন ডি ব্লাজিও হিলারি ক্লিনটনকে সমর্থন করেন। কিন্তু তিনি বিশ্বাস করতেন, স্যান্ডার্স যদি মনোনীত হতেন, তবে ২০১৬ সালের নির্বাচনে জিততে পারতেন। আমেরিকায় বড় বড় শহরের ডেমোক্র্যাট সমর্থিত মেয়রদের মধ্যে ব্লাজিও প্রথম স্যান্ডার্সের প্রতি সমর্থন জানালেন।