‘ফোর্থ জুলাই’ আমেরিকার স্বাধীনতা দিবস। ১৭৭৫ সালে ব্রিটিশ রাজত্বের অবসান ঘটিয়ে আমেরিকার জনগণ বিজয়ের পতাকা উড়িয়েছিল। ঔপনিবেশিকতার নিগড় ছিন্ন করে, লাল আর সাদা রঙের স্ট্রাইপের, নীল জমিনে সাদা তারকাখচিত আমেরিকার আজকের পতাকা উড্ডীন করতে রক্তও ঝরেছিল। রক্তের লাল আর বেদনার নীল একাকার করে আমেরিকা শান্তির সাদা রঙের আবাহন করেছে। পৃথিবীর মহাশক্তিধর এ দেশটির অগ্রযাত্রাও সংগ্রামের। ঔপনিবেশিক শাসন–শোষণের কণ্টকাকীর্ণ যাত্রা পেরিয়ে আজকের আমেরিকায় ৪ জুলাই পালিত হয় ভিন্ন মাত্রায়। আলোর ঝলকানিতে, সংগীতের মূর্ছনায় আমেরিকার জনগণ পালন করে থাকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে। ‘কাজের’ দেশ আমেরিকায় ৪ জুলাই সরকারি ছুটি।
১৫৮৭ সাল থেকে ব্রিটিশদের আগমন ঘটে আমেরিকার জনপদে। ব্রিটিশ বেনিয়াদের তামাক ও চা উৎপাদনের উর্বর ভূমিতে বিদ্রোহ দেখা দেয় দফায় দফায়। ব্রিটিশ সাম্রাজ্য তখন আমেরিকার উৎপাদনে কর বৃদ্ধি করতে থাকে। নিজেদের মুনাফার জন্য আমেরিকার কলোনিগুলোতে কর আদায়ের জন্য অত্যাচার বাড়তে থাকলে বিদ্রোহ চরমে ওঠে। কর নীতির প্রতিবাদে আন্দোলনের নেতা স্যামুয়েল অ্যাডাম তাঁর দলবল নিয়ে তিনটি জাহাজে করে বোস্টনের সমুদ্র উপত্যকায় গিয়েছিলেন। সেখানে ৩৪২ বস্তা চা সমুদ্রে ফেলে প্রতিবাদ জানানোর মধ্য দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে রক্তাক্ত বিদ্রোহের সূচনা ঘটে। আমেরিকার স্বাধীনতার ইতিহাসে ১৭৭৩ সালের ‘বোস্টন টি পার্টি’ আন্দোলনকে একটি মাইলফলক হিসেবে দেখা হয়। এ বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল পুরো আমেরিকায়। সহিংস এ সংগ্রামের ধারাবাহিকতা চলতে থাকে।
১৭৭৬ ব্রিটিশ সাম্রাজ্য থেকে নিজেদের বিচ্ছিন্ন ঘোষণা করে আমেরিকার ১৩টি কলোনি স্বাধীনতা ঘোষণা করে। ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র কংগ্রেসে গৃহীত হয়। এ কারণেই ৪ জুলাইকে আমেরিকার স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আমেরিকার স্বাধীনতার মূল ঘোষণাপত্র প্রস্তুত করেছিলেন থমাস জেফারসন, যিনি পরবর্তীকালে আমেরিকার প্রেসিডেন্ট হন। প্রথম ঘোষণাপত্র নিয়ে নিউইয়র্কের ব্রিটিশ কলোনিগুলো ভিন্নমত পোষণ করলে, তা সংশোধন করে আগস্টের ২ তারিখে তা সব পক্ষ স্বাক্ষর করে।
৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস নানাভাবে পালিত হয়ে আসছিল। ১৭৭৭ সালে রোড আইল্যান্ডের ব্রিস্টল নগরে ৪ জুলাই সকাল ও বিকেলে বন্দুকের ১৩টি গুলি ছুড়ে দিবসটি পালিত হয়। ১৯৭৮ সালে জর্জ ওয়াশিংটন বিপ্লবী সেনা সদস্যদের স্বাধীনতার উৎসবের জন্য রেশনের পরিমাণ দ্বিগুণ করে দেন।
এরপর আমেরিকা বহু পথ পাড়ি দিয়েছে। স্বাধীনতার ঘোষণা এসেছিল ১৩টি কলোনির পক্ষ থেকে। আর এখন ৫০টি রাজ্য নিয়ে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। লাল, নীল আর সাদা পতাকার সঙ্গে ৫০টি তারকা একেকটি রাজ্যের প্রতীক।
পৃথিবীর নানা প্রান্ত থেকে জড়ো হওয়া মানুষের দেশ আমেরিকা। সারা বিশ্বকে যে দেশ আজও নেতৃত্ব দিচ্ছে দাপটের সঙ্গে। রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হয় এখন ভিন্নভাবে।
বাজার অর্থনীতির পুরোধা আমেরিকায় এ দিনটি ঘিরে গাড়ি থেকে শুরু করে বড় বড় পণ্যে মূল্য ছাড় দেওয়া হয়। ফায়ার ওয়ার্ক নামের আলোর বিন্যাসে, আর পটকার আওয়াজে নগরগুলো মুখর হয়ে ওঠে। রাজনীতিবিদেরা, সমাজসচেতন লোকজন আরলিংটনে জাতীয় কবরস্থানে যান। আমেরিকার এ অগ্রযাত্রায় যাঁরা আত্মাহুতি দিয়েছিলেন, সারি সারি কবরের পাশে তাঁরা নীরবে দাঁড়িয়ে থাকেন। যদিও যাঁদের ঘামে–শ্রমে আমেরিকার আজকের এ জয়ধ্বনি, সেসব মেহনতি মানুষের কথা কমই উচ্চারিত হয় স্বাধীনতা দিবসের উল্লাস আনন্দে। সাধারণ আমেরিকানরা দিনটি ছুটির আয়েশে কাটায়। বাড়ির আঙিনায় বারবিকিউ নামের আয়োজনে পরিবার–পরিজনের সান্নিধ্য খুঁজে বেশির ভাগ মানুষ। স্যামুয়েল অ্যাডামের মতো বিদ্রোহী আমেরিকানদের স্মরণ করার অবকাশ আজকের আমেরিকার আর নেই।