সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র সাদমান সাকিব (২৩) নিহত হয়েছেন। ৪ আগস্ট ভোরে নিউইয়র্কের কুইন্সের ওজোন পার্কে এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্কের লাগার্ডিয়া কমিউনিটি কলেজের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিলেন সাদমান সাকিব। ঢাকায় জন্ম নেওয়া সাকিবের গ্রামের বাড়ি ফেনিতে। তাঁর বাবার নাম মঈনউদ্দিন।
১০৬ প্রিসিঙ্কটের পুলিশ কর্মকর্তা ও নিউইয়র্ক পুলিশের দুর্ঘটনা-তদন্ত কর্মকর্তারা জানান, উডহ্যাভেন এলাকার বাসিন্দা সাকিব আমাজন ডটকমে খণ্ডকালীন চাকরি করতেন। ৪ আগস্ট ভোরে পণ্য ডেলিভারি দিতে সাউথ কন্ডুইট অ্যাভিনিউতে দুর্ঘটনার শিকার হন তিনি। সাকিবের গাড়ির গতি বেশি থাকায় তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে টহল পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশের সঙ্গে আসা অ্যাম্বুলেন্সের প্যারামেডিক্সরা প্রাথমিক পর্যবেক্ষণেই পুলিশকে জানায় যে, সাকিব বেঁচে নেই। সাকিবের মরদেহ ফিউনারেল হোমে নেওয়ার পর তাঁর স্বজনদের বিষয়টি সম্পর্কে জানানো হয়।