সড়ক নির্মাণ কর্মীদের স্মরণে ভাস্কর্য
নিউইয়র্কের বিস্তৃত সড়ক ও মহাসড়ক নিরাপদ ও ভ্রমণ উপযোগী রাখতে যেসব কর্মী কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন, সেই সব কর্মীদের স্মরণে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
গত ২৯ আগস্ট নিউইয়র্কের সেরাকুসে পশ্চিম হর্টিকালচার ভবনের ফেয়ার গ্রাউন্ডসে স্থাপিত ব্রোঞ্জ নির্মিত ভাস্কর্যটির উদ্বোধন করেন রাজ্য গভর্নর ক্যাথি হকুল।
ব্রোঞ্জ নির্মিত আকর্ষণীয় ভাস্কর্যে শ্রমিকদের ব্যবহৃত শাবল, হার্ড হ্যাট, বুটস ও ট্রাফিক কোন্সকে শৈল্পিক আকারে স্থাপন করা হয়। স্থাপত্য কর্মের আশপাশে ভবিষ্যতে স্থায়ী সবুজ বেষ্টনী করতে বৃক্ষরোপণ করা হবে।
ফেডারেল পরিসংখ্যান ব্যুরোর দেওয়া এক পরিসংখ্যানে জানা গেছে, ২০০৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ১ হাজার ৮৪৪ জন শ্রমিক যুক্তরাষ্ট্রের সড়ক নির্মাণকাজের সময় প্রাণ হারিয়েছেন। যা প্রতি বছর গড়ে ১২৩ জন।
গভর্নর ক্যাথি হকুল অনুষ্ঠানে বলেন, সদ্য স্থাপিত এই ভাস্কর্য রাজ্যজুড়ে স্থাপিত শত শত ব্রিজ, সড়ক ও মহাসড়ক নির্মাণে নিজেদের উৎসর্গ করা মহান শ্রমিক ভাইদের প্রতি আমাদের কৃতজ্ঞতার সাক্ষী হয়ে থাকবে।