সড়ক যখন আলোর উৎস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান টেকনোলজির এই যুগে পৃথিবী আজ বায়ু দূষণে জর্জরিত। যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া আর টক্সিকের কারণে বিষাক্ত হয়ে উঠেছে বাতাস। ঠিক এই সময়ে একটি আবিষ্কার আশার আলো হয়ে দেখা দিতে পারে।

পোল্যান্ডের কনস্ট্রাকশন কোম্পানি টিপিএ ইনস্টিটিউট একটি চমৎকার উজ্জ্বল নীল আলোয় উদ্ভাসিত বাইক লেন নির্মাণ করেছে। ১০০ মিটার এই ট্র্যাক নির্মাণ করা হয়েছে একটি সিনথেটিক উপাদান থেকে। এই প্রযুক্তি খুব জটিল কিছু নয়। সম্পূর্ণ সৌর শক্তির ওপর নির্ভরশীল এই প্রযুক্তি ব্যবহার করে সিনথেটিক উপাদানে তৈরি রাস্তাটি দিনের বেলা সূর্যের আলোতে চার্জ হতে থাকে। সারা দিন প্রাপ্ত সৌরশক্তি থেকে চার্জ হওয়া রাস্তাটি রাতে দশ ঘণ্টা পর্যন্ত আলো সরবরাহ করতে পারে। অবশ্য প্রকল্পটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

পোল্যান্ডের উত্তরে মাজুরি অঞ্চলে লিডজবার্জ ওয়ার্মিনস্কির কাছের এই রাস্তাটি মানুষকে কৌতূহলী করে তুলেছে। সারা দিন সূর্যের আলোয় চার্জ হওয়া রাস্তাটি এখন রাতের অন্ধকারেও অটোমেটিক আলো জ্বলে আলোকিত হয়ে থাকে। যা সাইকেল আরোহীদের রাতের অন্ধকারেও পথ চলতে সুবিধা করে দিচ্ছে। রাস্তা থেকে আলো বিকিরণের এই অভূতপূর্ব দৃশ্য মানুষকে আনন্দিত ও আকৃষ্ট করছে।

অনেকে মনে করেন, পোল্যান্ডে আলোকিত সাইকেল লেনের বিশেষ ধারণাটি নেদারল্যান্ডসের স্টুডিও রুজগার্ডের স্টারি নাইট সাইকেল লেনের ধারণা থেকে অনুপ্রাণিত। তবে পোল্যান্ডের বাইক লেন ডাচ সংস্করণ থেকে অনেকটাই ভিন্ন। ডাচ সংস্করণটিতে যেখানে ‘লেড’ ব্যবহার করা হয়েছে; সেখানে পোল্যান্ডের পথটি সম্পূর্ণরূপে সৌর শক্তির ওপর নির্ভরশীল।

তবে আশা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশেও রাস্তা নির্মাণে এবং পরিবেশ দূষণমুক্ত করতে সহায়তা করবে এই প্রযুক্তি। যানবাহন হিসেবে সাইকেল হলো ভ্রমণের সবচেয়ে পরিবেশবান্ধব উপায়গুলোর মধ্যে একটি। মানুষকে সাইক্লিংয়ে উৎসাহিত করা হলে বাতাসে যানবাহন থেকে সৃষ্ট দূষণের মাত্রাও কমে আসবে।

পোল্যান্ডের শহরগুলো হলো বিশ্বের মধ্য সর্বাধিক বাইক-বান্ধব। এর মধ্যে একটি হলো লিডজবার্ক ওয়ার্মিনস্কি। পরিবেশবান্ধব দেশ হওয়ার পক্ষে পোল্যান্ডের লক্ষ্য হলো বাইক লেনগুলো ভ্রমণের জন্য আরও বেশি জনপ্রিয় করে তোলা।