হঠাৎ দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসের কাজ সেরে ঢাকায় ফিরছে ফাহিম। স্টেশনের প্ল্যাটফর্মের কোলাহল থেকে একটু দূরে সরে সে সিগারেট টানছে। তখন বেশ মনোযোগ দিয়ে মোবাইল ফোনে জরুরি ই-মেইলগুলো চেক করে নিচ্ছে। হঠাৎ করেই ওর কানে বাজে চিরচেনা এক নারী কণ্ঠস্বর। ফাহিম চমকে উঠে চারপাশ দেখে নেয়। নাহ, পরিচিত এমন কারও মুখ এখানে দেখা যাচ্ছে না। সত্যি বলতে, এখানে সেই চিরচেনা মুখটি দেখতে পাওয়ার কথাও নয়। হয়তো এটা তার মনের ভুল, নয়তো কাকতালীয়ভাবে নীরার কণ্ঠের সঙ্গে অন্য কোনো নারীর কণ্ঠের মিল আছে। হয়তো এমন কোনো নারীর কণ্ঠই শুনেই এভাবে চমকে উঠেছে সে। ব্যাপারটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই। সে আর এ নিয়ে ভাবতে চাইছে না।
ভাবতে না চাইলেও বারো বছর আগের অনেক স্মৃতি ফাহিমের চোখের সামনে অবলীলায় ভেসে বেড়াচ্ছে। ঠিক তখনই হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্মে চলে আসে ঢাকার ট্রেন। সবাই তড়িঘড়ি করে ট্রেনে উঠতে থাকে। ফাহিমও সবার সঙ্গে পাল্লা দিয়ে ট্রেনে উঠে টিকিটে নির্ধারিত বগির নির্দিষ্ট সিটে গিয়ে বসে। মুহূর্তের মধ্যেই তার মাথা থেকে বের হয়ে যায় নীরার কথা। সে তার আশপাশের যাত্রীদের দিকে এক পলক তাকিয়ে দেখে। তার পাশের সিটে একজন বয়স্ক ভদ্রলোক ও মুখোমুখি সামনের দুই সিটে এক নব-দম্পতি বসেছে। তার বাম পাশের চারটি সিটে আরও এক দম্পতি তাদের দুই সন্তান নিয়ে বসেছে।
ট্রেন আবারও হুইসেল বাজিয়ে সামনের দিকে ছুটে চলা শুরু করে। নীরার বুকের ভেতরটা ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্ল্যাটফর্মে ফাহিমকে দেখার পর থেকেই সে যেন নির্বাক হয়ে গেছে। ট্রেনে ওঠার সময় বেখেয়াল হয়ে পায়ে ব্যথা পেয়ে ট্রেন থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। অল্পের জন্য এই যাত্রায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি; কিন্তু পায়ে বেশ ব্যথা পেয়েছে। বুড়ো আঙুলের নখ উল্টে রক্ত বের হচ্ছে। নীরার হৃদয়ে যে পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, তার তুলনায় এ অবশ্য কিছুই নয়। তার চোখের সামনেই বসে আছে ফাহিম। সে মাঝেমধ্যে স্বামীর চোখের আড়ালে ফাহিমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নীরা এমনভাবে বোরকা পরেছে যে, তার চোখজোড়া ছাড়া আর কিছুই দেখার উপায় নেই। যদিও বিয়ের আগে সে কখনোই বোরকা পরেনি। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের চাপে বাধ্য হয়েই বোরকা পরা শুরু করে। এই কারণে তার মনে কষ্ট থাকলেও আজ সে বোরকা পরার উপকার বেশ ভালোই উপভোগ করছে। নীরার পাশের সিটে তার আট বছরের ছেলে রামিম, আর মুখোমুখি সামনের দুই সিটে তার স্বামী ফরহাদ হোসেন ও দশ বছরের মেয়ে খুকি। হঠাৎ করেই খুকি দেখতে পায়, মায়ের পায়ের আঙুল থেকে রক্ত ঝরছে। তখনই সে চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে একটা হুলুস্থুল কাণ্ড ঘটিয়ে দেয়। বগির আশপাশের সবার দৃষ্টি তখন তাদের দিকে। নীরার স্বামী ও দুই ছেলেমেয়ে বেশ ব্যস্ত হয়ে ওঠে। নীরাকে তারা এর কারণ জিজ্ঞেস করে ব্যতিব্যস্ত করে তুলছে। নীরা চুপ। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে অনেকটা নিচু স্বরে, প্রায় ফিসফিস করে তাদের কাছে পুরো ঘটনা খুলে বলে। তখন তার স্বামী নীরাকে দোষারোপ করতে থাকে।
ট্রেন চালু হওয়ার পর ফাহিম ব্যাগ থেকে পত্রিকা বের করে মনোযোগ দিয়ে পড়তে থাকে। কিন্তু বাম দিকের সিটের যাত্রীদের মধ্যে এসব হুলুস্থুল কাণ্ড তাকে আর পত্রিকায় ডুবে থাকতে দিল না। বোরকা পরা ভদ্রমহিলার পায়ের নখের দুরবস্থা দেখে তার বেশ মায়া হচ্ছে। সে তার ব্যাগ থেকে আফটার শেভ লোশন বের করে ওই মহিলার স্বামীর হাতে দিয়ে বলে, ‘ভাইয়া, ভাবির পায়ে লাগিয়ে দিন। একটু জ্বালাপোড়া হলেও কিছু সময় পরই আরাম পাবেন এবং ইনফেকশনও হবে না।’ ওই ভদ্রলোক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফাহিমের কথামতো আফটার শেভ লোশন তাঁর স্ত্রীর পায়ে কয়েক ফোঁটা ঢেলে দিলেন।
পায়ের ব্যথা সহ্য করে চুপ থাকা গেলেও আফটার শেভ লোশনের জ্বালা সহ্য করতে না পেরে ভদ্রমহিলা মোটামুটি উচ্চ স্বরে ‘উফ্’ করে উঠলেন। আর তা শুনে ফাহিমের বুকের ভেতরটা নড়েচড়ে ওঠে। আবারও সেই পরিচিত কণ্ঠস্বর, যেন ঠিক নীরা। ফাহিমের মনে বেশ কৌতূহল হলো। সে ওই বোরকা পরা ভদ্রমহিলার দিকে গভীর দৃষ্টিতে তাকায়। ওই ভদ্রমহিলার চোখে চোখ পড়তেই তার হৃৎকম্পন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ‘সেই কণ্ঠস্বর, সেই চোখ; তবে কী উনিই নীরা?’
উত্তরটা জানা যে এত সহজ নয়, তা ফাহিম ভালোই বুঝতে পারছে। কিন্তু বিধাতা সহায় থাকলে কোনো কিছুই কঠিন নয়। ওই ভদ্রলোক আফটার শেভ লোশন ফেরত দিতে দিতে ফাহিমের সঙ্গে পরিচিত হলেন। কথায় কথায় ফাহিম জানতে পারে, ভদ্রলোকের নাম ফরহাদ হোসেন। তিনি একজন সরকারি কর্মকর্তা। সন্তানদের স্কুল ছুটি হওয়ায় পরিবার নিয়ে ঢাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছেন। ঢাকার মুগদায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশেই তাঁর শ্বশুরের বাসা। ফাহিমের তখন মুখ ফসকে বের হয়ে গিয়েছিল, খোরশেদ আলম সাহেব কি আপনার শ্বশুর? কিন্তু না, কি যেন ভেবে সে এই প্রশ্নটা আর করেনি। উদাস মনে সিট থেকে উঠে বগির দরজার কাছে গিয়ে সিগারেট ধরায়।
নীরার সঙ্গে ফাহিমের চোখাচোখি হওয়ার পর সে আর একবারের জন্যও ফাহিমের দিকে তাকায়নি। সে তখন জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, আর নিঃশব্দে চোখের পানি ফেলে। খুব মনোযোগ দিয়ে সে তার স্বামীর সঙ্গে ফাহিমের আলাপ শোনে। জানতে পারে ফাহিম একটা বিদেশি এনজিওর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং অফিসের কাজে শ্রীমঙ্গল এসেছিল। উত্তরার দিকে তার বাসা। অফিস বনানীতে। স্বামীর সঙ্গে ফাহিমের কথা শেষ হওয়ার কিছু সময় পর নীরা দেখে ফাহিম তার সিটে নেই। বেশ কিছু সময় চলে গেছে; কিন্তু ফাহিম আর ফিরছে না। নীরার বুকে ফাহিমের জন্য অস্থিরতা শুরু হয়ে গেছে। একসময় সে টয়লেটে যাওয়ার কথা বলে সামনের দিকে এগোয়। তখন বগির দরজায় দাঁড়িয়ে ফাহিম অস্থিরভাবে সিগারেট ফুঁকছিল। এই অবস্থা দেখে নীরা এক মুহূর্ত না দাঁড়িয়ে টয়লেটের ভেতরে ঢুকে পড়ে। মিনিটখানেক পর নীরা টয়লেট থেকে বের হয়ে সিটে চলে যাবে, ঠিক তখনই পেছন থেকে ফাহিম ডেকে ওঠে ‘নীরা’।
এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় নীরা। তারপর আবার হাঁটা শুরু করে, ঠিক সেই দিনের মতো করে। সেদিনের মতোই একবারের জন্যও পেছনে না তাকিয়ে। সিটে গিয়ে বাসা থেকে বানিয়ে আনা নুডলস তার স্বামী ও ছেলেমেয়েকে পরিবেশন করে। কিছু সময় পর ফাহিমও ফিরে আসে সিটে। ফাহিমকে দেখে আফজাল হোসেন একসঙ্গে নাশতা করার অনুরোধ জানান। ফাহিম বিনয়ের সঙ্গে না করলেও নীরা ততক্ষণে একটি ছোট বাটিতে ফাহিমের জন্য নুডলস পরিবেশন করে তার স্বামীর হাতে তুলে দেয়। আফজাল হোসেন তখন বলেন, ‘আমার স্ত্রীর হাতের বানানো নুডলস। নিন খেয়ে দেখুন; গ্যারান্টি দিয়ে বলছি খারাপ লাগবে না।’
ফাহিম নুডলস খাওয়া শেষে আবার সিট থেকে উঠে বগির দরজায় গিয়ে দাঁড়ায়। তার মনে পড়ে সেই পুরোনো দিনের কথা, যখন সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আর নীরা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী। ফাহিমের ঘনিষ্ঠ বান্ধবী শিলার আপন খালাতো বোন ছিল নীরা। সে শিলার মাধ্যমে নীরার গৃহশিক্ষকের দায়িত্ব পায়। রসকষহীন অঙ্ক ও ইংরেজি পড়াতে গিয়ে যে একদিন ছাত্রীর সঙ্গে জটিল প্রেম হয়ে যাবে, তা সে কখনো কল্পনাও করেনি। যদিও ফাহিমের বুকেও প্রেমের ফুল ফুটেছিল, তবে প্রেমের প্রস্তাব এসেছিল প্রথম নীরার দিক থেকেই। ফাহিম একটা সংকোচ থেকে প্রথমে এগিয়ে না এলেও পিছিয়ে যায়নি। নীরার প্রেমপত্র পাওয়ার সপ্তাহখানেক পর সে সম্মতি জানিয়ে আরেকটি প্রেমপত্র লেখে।
দিন যত যায়, তাদের সম্পর্ক গভীর হতে থাকে। দেখতে দেখতে চোখের পলকে দুটি বছর কেটে যায়। এদিকে নীরার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের হয়, ওদিকে ফাহিমের চলছে মাস্টার্স ফাইনাল পরীক্ষার প্রস্তুতি। খুব ভালো রেজাল্ট করায় নীরা স্বপ্ন দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। আর ফাহিম ভাবছে মাস্টার্স শেষ করে যত দ্রুত সম্ভব ভালো একটা চাকরি নেবে। এমন সময় নীরার জন্য আসে বিয়ের প্রস্তাব। এ নিয়ে তাদের বাসায় শুরু হয় ঝামেলা। নীরা তার বাবাকে লেখাপড়ার কথা বলে নানাভাবে বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। খোরশেদ আলম সাহেব ছিলেন নাছোড়বান্দা—মেয়ে যতই ভালো রেজাল্ট করুক, এই প্রস্তাব তিনি নাকচ করতে পারবেন না। খুব ভালো পাত্র, সরকারি কর্মকর্তা। তাই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোন প্রশ্নই ওঠে না। প্রয়োজনে পরিবারের সবার অমতে জোর করে হলেও তিনি ওই পাত্রের সঙ্গেই মেয়ের বিয়ে দেবেন। একদিন নীরা বাসা থেকে পালিয়ে ফাহিমের কাছে যায়। কিন্তু কাজী অফিসে গিয়ে নীরাকে সেদিনই বিয়ে করা সম্ভব হয়নি ফাহিমের। সব প্রস্তুতি সত্ত্বেও শেষ মুহূর্তে নীরাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়।
ফাহিম তার সিট থেকে উঠে যাওয়ার পর নীরা বুঝতে পারে, ফাহিমের খুব কষ্ট হচ্ছে। তবে নীরার কষ্টও যে কম হচ্ছে, তা নয়। সেই ঘটনার কথা ভেবে ফাহিমের প্রতি তার মনে এখন আর কোনো রাগ ও অভিমান নেই। একদিন অনেক কষ্ট করে বাসার সবার চোখ ফাঁকি দিয়ে সে ফাহিমের কাছে পালিয়ে গিয়েছিল। বেকার ফাহিমের ভার্সিটির হল ছাড়া মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। তবুও সে প্রেমের টানে চালচুলোহীন ফাহিমের কাছে ছুটে যায়। তবে শেষ মুহূর্তে কাপুরুষের মতো ফাহিম নীরাকে ফিরিয়ে দেয়। নিজেই একটা রিকশা করে নীরাকে তার বাসার সামনে নামিয়ে দেয়। বাসায় ফেরার লজ্জায় ও ফাহিমের প্রতি ঘৃণায় সারাটা রাস্তা নীরা কেঁদেছিল। বাসার সামনে রিকশা থেকে নেমে ধীর পায়ে নীরা যখন গেটের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই পেছন থেকে শেষবারের মতো ফাহিম একবার ‘নীরা’ বলে ডেকে ওঠে। কিন্তু নীরা ফিরেও তাকায়নি। সোজা বাসায় গিয়ে বাবার পায়ে ধরে ক্ষমা চায়। এর কিছুদিন পরই বেশ ধুমধাম করে বাবার পছন্দের পাত্রের সঙ্গে নীরার বিয়ে হয়।
আধুনিক ও স্বাধীনচেতা নীরা শ্বশুরবাড়ি গিয়ে বুঝতে পারে, সে একটি রক্ষণশীল পরিবারে বন্দী হতে চলেছে। বিয়ের আগে কথা ছিল, শ্বশুরবাড়িতে এসে লেখাপড়া করবে। কিন্তু সেটাও বন্ধ হয়ে যায়। শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে শত অশান্তি তো লেগে আছেই। তার স্বামী ব্যক্তি হিসেবে ভালো। তাই নিয়তিকে মেনে নিয়ে সবকিছু সহ্য করে সংসার করে যায় নীরা। একবার তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে তার খালাতো বোন শিলা। নীরার কষ্ট দেখে সে খুব আফসোস করে। তখন নীরা বিরক্ত হয়ে উত্তর দেয়, ‘তোমার বেইমান বন্ধুর জন্যই এই কষ্টের জীবন মেনে নিয়েছি।’ শিলা জানায়, ‘ফাহিমের কোনো দোষ নেই। তোর বাবাই ফাহিমের হাত ধরে অনুরোধ করে। এমনকি এটাও বলে, যদি ওই দিন রাতের মধ্যে তুই বাসায় ফিরে না যাস, তাহলে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করবেন। ফাহিমের আর কী করার আছে বল?’
একের পর এক স্টেশন পার হয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে। ফাহিম সেই তখন থেকেই বগির দরজায় ঠায় দাঁড়িয়ে। এক সময় ট্রেন চলে আসে বিমানবন্দর স্টেশনের কাছে। গন্তব্য কাছাকাছি চলে আসায় ফাহিম তার সিটের কাছে গিয়ে ব্যাগ হাতে তুলে নেয়। তারপর নীরার স্বামী ফরহাদ হোসেনের সঙ্গে হ্যান্ডশেক করে বিদায় নেয়। নীরার বাচ্চাদের দিকে হাত উঁচিয়ে ‘বাই’ বলে নীরার দিকে একপলক তাকায়। সেই চিরচেনা দুটি চোখ শেষবারের মতো দেখে নিয়ে ফাহিম দরজার দিকে এগোয়। ট্রেন থামলে ফাহিম প্ল্যাটফর্মে নেমে পেছনের দিকে আর না তাকিয়ে সোজা বাইরে পা বাড়ায়। হুইসেল বাজিয়ে ট্রেন নীরাকে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যায়। পেছনে পড়ে থাকে এক যুগ পর কাকতালীয়ভাবে দুজনার হঠাৎ দেখা হওয়ার স্মৃতি।