হত্যা মামলায় মার্কিন সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে ডিউক ওয়েব নামের ৩৭ বছর বয়সী এক সেনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ আছে, ইলিনয় রাজ্যে গত শনিবার রাতে ডিউকের গুলিতে তিনজন নিহত হন। এ ছাড়া আরও তিনজন আহত হন ওই ঘটনায়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার ওই সেনার বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠনের কথা জানান ইলিনয়ের স্টেট অ্যাটর্নি জে হানলে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিউকের জামিন আবেদন নাকচ হয়েছে। আহতদের মধ্যে ১৬ বছরের এক মেয়ের অবস্থা স্থিতিশীল। আর ১৪ বছরের এক ছেলে ও ৬২ বছর বয়সী এক ব্যক্তি এখনো গুরুতর অবস্থায় আছেন। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত সেনা মার্কিন সেনাবাহিনীর সপ্তম স্পেশাল ফোর্স গ্রুপের সদস্য। মোট চারবার তিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন।

গত শনিবার ইলিনয়ের রকফোর্ডের ডন কার্টার লেনে ডিউক ওয়েব গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন টমাস ফারসেথ (৬৫), জেরোমে উডফোর্ড (৬৯) ও ডেনিস স্টাইনহফ (৭৩)। নিহত সবাই রকফোর্ডের বাসিন্দা ছিলেন।

এএফপির খবরে বলা হয়েছে, অভিযুক্ত ডিউক ওয়েব ঘটনার সময় কর্মস্থল থেকে ছুটি পেয়েছিলেন এবং রকফোর্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন। আগামী ১৬ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজির করা হবে। এ ঘটনায় অভিযুক্ত প্রমাণিত হলে ডিউকের যাবজ্জীবন সাজা হতে পারে।

এদিকে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল জন ব্রেনান বলেছেন, ডিউক ওয়েবের কর্মকাণ্ড ‘ঘৃণ্য’ এবং তা স্পেশাল ফোর্স রেজিমেন্টকে প্রতিনিধিত্ব করে না।