হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ
দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মাইনরিটি মুভমেন্টসহ বেশ কয়েকটি সংগঠন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সদর দপ্তরসংলগ্ন সড়কপথে দুপুর থেকে প্রতিবাদী ব্যানার-ফেস্টুনসহ সমাবেশে সমবেত হতে থাকেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘তুমি কে, আমি কে—বাঙালি বাঙালি, একাত্তরের বাংলায়-জঙ্গিবাদের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু এবং মুক্তমনাদের লক্ষ্য করে আক্রমণ ও হত্যা করা হচ্ছে। একদিকে সরকার জঙ্গিবাদের প্রতি তাদের জিরো টলারেন্সের কথা বলছে, অন্যদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার বা বিচারের সম্মুখীন করতে সরকার ব্যর্থ হচ্ছে। তাঁরা বলেন, এখন পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও বিশ্বাসযোগ্য সমাধান করতে সরকার ব্যর্থ হয়েছে। বাংলাদেশে ধর্মাশ্রয়ী রাজনীতি নিষিদ্ধ করা এবং মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অবস্থান নেওয়ার জন্য তাঁরা সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শিতাংসু গুহ। সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন শুভ রায়, গোপাল সৈন্যাল, ভিন সেন্ট, নবেন্দু দত্ত, কৃষ্ণা চাকমা, কৃষ্ণেন্দ্র রুদ্র, দিবাকর রায়, জয় তূর্য চৌধুরী প্রমুখ।