হত্যাযজ্ঞের মধ্যেও ফোনে শান্তভাবে কথা বলেন মতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে হত্যাযজ্ঞ চালানোর চরম মুহূর্তেও পুলিশ ও জরুরি সেবা সংস্থার মধ্যস্থতাকারীদের সঙ্গে ফোনে ‘খুব শান্তভাবে’ কথা বলেন হামলাকারী ওমর মতিন। এ সময় তিনি আরও রক্তপাত ঘটানোর হুমকিও দেন।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন। দেশটির কর্তৃপক্ষ গতকাল পুলিশ ও জরুরি সেবা সংস্থার মধ্যস্থতাকারীদের সঙ্গে ওমর মতিনের কথোপকথনের আংশিক বিবরণ প্রকাশ করেছে।

আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন ১২ জুন ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পালস নাইট ক্লাবে হামলা চালিয়ে হত্যা করেন ৪৯ জনকে। পরে পুলিশের অভিযানে তিনি নিহত হন।

কথোপকথনের সময় ২৯‍ বছর বয়সী মতিন বলেন, ‘আমি অরল্যান্ডোতে এবং আমি গুলি করেছি।’

মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) পুলিশের মধ্যস্থতাকারীদের সঙ্গে ওমর মতিনের তিনটি কথোপকথনের বিস্তারিত প্রকাশ করেছে। কয়েকজন জিম্মিকে নিয়ে শৌচাগারে অবস্থানকালে ফোনে পুলিশের সঙ্গে ওমর মতিনের ওই কথোপকথন হয়।