হরিণ ভেবে নারীকে শিকারির গুলি

রোজমেরি বিলকিস্ট। পোষা কুকুর নিয়ে ঘুরতে বেরিয়ে ৪৩ বছর বয়সী এই নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলি চালানো ব্যক্তি জেনেবুঝে তাঁকে হত্যা করেননি। তিনি বেরিয়ে ছিলেন শিকারে। কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল। আর সেই অন্ধকারে রোজমেরিকে তিনি ভেবেছিলেন একটি হরিণ। সম্প্রতি এ ঘটনা ঘটেছে নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে।
নিউইয়র্ক-পেনসিলভানিয়া সীমান্তের কাছে চটোকুয়া কাউন্টির শারম্যান শহরে নিজের বাড়ি থেকে কুকুর নিয়ে বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলেন রোজমেরি। সীমান্তের কাছাকাছি অঞ্চলে ঘোরার সময়ই সন্ধ্যা নেমে আসে। আর সে সময় একটি গুলি এফোঁড়-ওফোঁড় করে দেয় তাঁর শরীর। চটোকুয়া কাউন্টির শেরিফ কার্যালয় থেকে জানানো হয়েছে, যে মাঠে ঘুরে বেড়াচ্ছিলেন রোজমেরি, এর কাছেই এক ব্যক্তি শিকারের উদ্দেশ্যে বসেছিলেন। আর রোজমেরিকে হরিণ ভেবে নিজের পিস্তল থেকে গুলি ছোড়েন তিনি। মাত্র একটি গুলি, তাতেই বিদ্ধ হন রোজমেরি। পরে তাঁর আর্তনাদ শুনে ৯১১-এ ফোন করেন ওই ব্যক্তি। জরুরি সেবার কর্মকর্তারা আসার আগ পর্যন্ত তিনি সেখানেই রোজমেরির সঙ্গে ছিলেন। পরে তাঁকে পেনসিলভানিয়ার এরি এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। ২৪ নভেম্বর সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, সূর্যাস্তের প্রায় ৪০ মিনিট পর গুলি চালানো হয়েছিল। সূর্যাস্তের পর শিকারের উদ্দেশ্যে গুলি চালানো নিষিদ্ধ। এখনো ওই শিকারির বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে রোজমেরির স্বামী জ্যামি বিলকিস্ট বলেন, ‘আমাদের বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে আমার স্ত্রীকে গুলি করা হয়েছিল। সবাই তাঁকে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু তার অবস্থা ছিল ভীষণ বাজে। এ ভয়ংকর অভিজ্ঞতা আমাকে চিরজীবন বহন করতে হবে।’
পিস্তল দিয়ে হরিণ শিকারের অনুমোদন রয়েছে জানিয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান আগ্নেয়াস্ত্র প্রশিক্ষক ডেল ডানকেলবারগার নিউইয়র্ক পোস্টকে বলেন, যখন সূর্যাস্ত হয়েছে, তখনই শিকারের ইচ্ছা দমন করা উচিত। এটাই আইন। সূর্যাস্তের পর কোনো শিকার নয়। একই সঙ্গে প্রতিটি শিকারিরই মনে রাখা উচিত, তিনি যেখানে শিকার করছেন, সেখানে অনেক মানুষই হয়তো বেড়াতে এসেছে। সব সময় সচেতন থাকা উচিত।’