হলিউড অভিনেত্রী ঝা ঝা গাবর আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৮ সালে নিউজার্সিতে এক অনুষ্ঠানে ঝা ঝা গাবোর। পেছনে ডোনাল্ড ট্রাম্প
১৯৮৮ সালে নিউজার্সিতে এক অনুষ্ঠানে ঝা ঝা গাবোর। পেছনে ডোনাল্ড ট্রাম্প

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ঝা ঝা গাবর (৯৯) গত রোববার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর স্বামী ফ্রেডেরিক ফন আনহল্ট আবেগঘন কণ্ঠে বলেন, গাবরের মৃত্যুর সময় স্বজনেরা পাশে ছিলেন।
গাবরের জন্ম হাঙ্গেরিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। হলিউডে যাত্রা শুরু ১৯৫২ সালে। তাঁর ব্যক্তিগত জীবনযাপনের ধরন ছিল বিস্ময়কর। বেশ কয়েকটি বিয়ে ও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য যতটা, তার চেয়ে বেশি নিজের ব্যতিক্রমী জীবনযাপনের জন্যই পরিচিতি পেয়েছিলেন।
আনহল্টের সঙ্গে গাবরের বিয়ে হয় ১৯৮৬ সালে। এটিই ছিল তাঁর মোট নয়টি বিয়ের মধ্যে সর্বশেষ। তাঁর অভিনীত মুলাঁ রুজ, লিলি ও আরিভেডেরসি বেবি! ছবিগুলো ব্যবসাসফল হয়েছিল। অন্তত ৭০টি ছবিতে অভিনয় করেন। স্বর্ণকেশী গাবর ২০ বছর বয়সে প্রথম বিয়ে করেন। সর্বশেষ বিয়ের সময় তাঁর বয়স ছিল ৭০ বছর।