হলিক্রস সম্প্রদায়ের ১৪ সিস্টারের জুবিলি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৬ জুলাই ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সেন্ট মেরিস কলেজ প্রাঙ্গণে ‘আওয়ার লেডি অব লোরেটো’ গির্জায় ১৪ জন ইলিশ সিস্টারের জুবিলি উদ্‌যাপন করা হয়। এর মধ্যে পাঁচজনের ৭৫ বছরের হীরকজয়ন্তী, দুজনের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী এবং সাতজনের ২৫ বছরের রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়। সম্প্রতি ১৮ জন সিস্টারের মৃত্যুর কারণে তাঁদের ৭৫তম জয়ন্তী উদ্‌যাপন করতে পারেননি।

জুবিলি উদ্‌যাপন করতে পৃথিবীর বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সিস্টারদের বন্ধু-স্বজন ও শুভানুধ্যায়ীরা যোগ দেন। বাংলাদেশ থেকে সিস্টার মৃণালিনী রেমা সিএসসি ও মালা কুবি যোগ দেন।
জুবিলি উদ্‌যাপনের শুরুতে হলিক্রস সম্প্রদায়ের প্রেসিডেন্ট সিস্টার এম ভেরনিক সিএসসি উপস্থিত ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রিষ্টভক্তদের স্বাগত জানান। তাঁর স্বাগত ভাষণের সঙ্গে সঙ্গে জুবিলিয়ান সিস্টারেরা সার বেঁধে গির্জায় প্রবেশ করেন। মানবকল্যাণে চিরব্রত নেওয়া এই সিস্টারদের আত্মত্যাগ, সেবাকাজ, কৃতজ্ঞতার সঙ্গে ও তাঁদের দীর্ঘজীবন, সুস্বাস্থ্য কামনা করে খ্রিষ্টযোগ উৎসর্গ করা হয়। খ্রিষ্টযোগ উৎসর্গ করেন ফাদার এডওয়ার্ড ম্যালয় সিএসসি।
খ্রিষ্টযোগের মধ্যেই সিস্টাররা তাঁদের ব্রত নবায়ন করেন। ব্রত নবায়ন করান সিস্টার এম ভেরনিক সিএসসি। ব্রত নবায়নের পরে ফাদার, ব্রাদারগণ, ইলিশ সিস্টারগণ ও পরিশেষে খ্রিস্টভক্তগণ জুবিলিয়ানদের দিকে হাত বাড়িয়ে বিশেষ আশীর্বাদ করেন।
খ্রিষ্টযোগ শেষে বাংলা এবং গারো আদিবাসী ভাষায় কীর্তন সহযোগে সেন্ট মেরি’স কলেজ ক্যানটিনে জুবিলিয়ানদের নেওয়া হয়। সেখানে জুবিলিয়ান ও বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
যেসব সিস্টারের জুবিলি উদ্‌যাপন করা হয়, তাঁরা হলেন এম মারসেলে (ফ্রিজি) সিএসসি (হীরকজয়ন্তী), সিস্টার রীটা ম্যাককুইনি সিএসসি (হীরকজয়ন্তী), সিস্টার এম লরেইন ব্ল্যাক সি এসসি (হীরকজয়ন্তী), সিস্টার এম জেরাল্ডা ল্যাম্পিং সিএসসি (হীরকজয়ন্তী), সিস্টার ডরথি অ্যান রিপেন সিএসসি (হীরকজয়ন্তী); সিস্টার ম্যারি অ্যান পাজাকস্কি সিএসসি (সুবর্ণজয়ন্তী), সিস্টার এলিসাবেথ মাল্ভ্যানি সিএসসি (সুবর্ণজয়ন্তী); সিস্টার স্বপ্না সিসিলিয়া গমেজ সিএসসি (রজতজয়ন্তী), সিস্টার এলিজাবেথ তুশিমে সিএসসি (রজতজয়ন্তী), সিস্টার স্ট্যালা মারিস সিএসসি (রজতজয়ন্তী), সিস্টার সেমিতা নকরেক সিএসসি (রজতজয়ন্তী), সিস্টার পার্বতী গমেজ সিএসসি (রজতজয়ন্তী), সিস্টার সুষমা কস্তা সিএসসি (রজতজয়ন্তী), সিস্টার শালোমী নানয়্যার সিএসসি (রজতজয়ন্তী)।
তাঁদের মধ্যে সিস্টার স্বপ্না সিসিলিয়া গমেজ সিএসসি, সিস্টার সেমিতা নকরেক সিএসসি, সিস্টার পার্বতী গমেজ সিএসসি, সিস্টার সুষমা কস্তা সিএসসি, সিস্টার শালোমী নানয়্যার সিএসসি বাংলাদেশি।
বাংলাদেশে হলিক্রস কলেজ, হলিক্রস স্কুলসহ অসংখ্য স্কুল এই হলিক্রস সিস্টাররা পরিচালনা করেন।