হলুদ ট্যাক্সি ক্যাবীদের আত্মহত্যা বেড়েছে

একের পর এক ইয়েলো ক্যাবচালকের আত্মহত্যার ঘটনা ভাবিয়ে তুলছে নীতি নির্ধারকদের। সর্বশেষ গত ১৬ মার্চ নিকানূর অকিসর নামের একজন ইয়েলো ক্যাব বা হলুদ ট্যাক্সিচালক আত্মহত্যা করেন তার নিজ বাসা কুইন্সে।
ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্সের দাবি, এর আগে ফেব্রুয়ারিতে একজনসহ মোট ৪ জন আত্মহত্যা করেছেন। তারা তাদের রেখে যাওয়া নোটে জীবন চালানো দুর্বিষহ কথা লিখে গেছেন। এসব প্রতিবাদের কারণে, লন্ডনের মতো নিউইয়র্কেও উবারের লাইসেন্স বন্ধ করার দাবি দীর্ঘদিনের। তবে বন্ধ না হলেও, নিউইয়র্ক টাইমস জানিয়েছে, উবার সার্ভিস সীমিত করার কথা ভাবছে নিউইয়র্ক।
নিকানূর অকিসর রোমানিয়ার নাগরিক। সেদেশের শিল্প-সাহিত্য জগতে ভালোই বিচরণ ছিল তার। এই দেশে স্বপ্নপূরণের জন্য আসেন নিকানূর। তবে হলুদ ট্যাক্সির চাকায় ঘুরতে ঘুরতে দিন বদলের স্বপ্ন দেখতেন তিনি। এক শিফটে তিনি গাড়ি চালাতেন। বাসায় ফেরার আগেই অপেক্ষায় থাকতেন তার স্ত্রী হেলেন অকিসর। স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটানোর সময় হতো তার খুব কমই। তার স্ত্রী হেলেনও ট্যাক্সি চালাতেন। নিজ বাসায় আত্মহত্যা করার পর তার স্ত্রী হেলেন জানিয়েছেন ‘হতাশা থেকেই আত্মহত্যা করেছেন নিকানূর’। এ জন্য ক্রমশই বাজার দখলে নেওয়া উবারকে দোষারোপ করেন তিনি।
এর পরেই, উবার আর লিফটের আগ্রাসনের প্রতিবাদে প্রতীকী প্রতিবাদে নামে নিউইয়র্কের ট্যাক্সি চালকেরা। কেননা, এর আগে ফেব্রুয়ারি মাসে ডগলাস স্কিফার নামের আরেকজন হলুদ ট্যাক্সিচালক, নিউইয়র্ক সিটি হলের সামনে বন্দুকের গুলি চালিয়ে আত্মহত্যা করেন। মারা যাওয়ার আগে নিজের ফেসবুক পেজে বিস্তারিত হতাশার কথা লিখে যান স্কিফার। যেখানে রাজনৈতিক সুবিধা আদায় আর অর্থের লোভে নিউইয়র্কের ট্যাক্সিচালকদের জীবনকে দুর্বিষহ করার ক্ষোভ তুলে ধরেছিলেন তিনি। সে কারণে, ২৮ মার্চ নিউইয়র্কের সিটি হলের সামনে প্রতীকী ৪টি কফিন নিয়ে ট্যাক্সিচালকেরা জানতে চান, তাদের এই মৃত্যুর মিছিল বন্ধ হবে কবে। সেদিন তারা নানা রকম প্রতিবাদী প্লাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, যার একটিতে লেখা ছিল ‘উবার আগ্রাসন বন্ধ কর, আমাদের দাস বানানো বন্ধ কর’। এ নিয়ে গত চার মাসে চারজন ট্যাক্সি ক্যাবী আত্মহত্যা করেছেন।
এসব কারণে, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন বেশ শক্তিশালী হয়ে উঠেছে। তারা নিউইয়র্ক সিটিতে উবার ও লিফটসহ সাধারণ বাহনে যাত্রী পরিবহনকে ট্যাক্সি লাইসেন্সের আওতায় এনেছেন আন্দোলন করে। কেননা, অন্যান্য শহরের মতো নিউইয়র্কেও উবার বা লিফট সকল যানবাহনকে যাত্রী পরিবহনে সুযোগ আদায় করে নিতে চাপ প্রয়োগ করে যাচ্ছে। নিউইয়র্ক ট্যাক্সি অ্যালায়েন্সের একজন সংগঠক বাংলাদেশি টিপু সুলতানের অভিযোগ করেন, ‘নগর প্রশাসনের কিছু নীতি নির্ধারক অর্থের প্রলোভনে পড়ে উবারকে এই শহরে মুক্ত করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। আমরা আন্দোলন করে সেটা এখন বন্ধ রেখেছি। তবে আমাদের ওপর চাপ এখনো থেমে নেই। আমরা মনে করি, ট্যাক্সি চালকদের জীবন ক্রমাগতই দুর্বিষহ হয়ে উঠছে—এই অ্যাপস ভিত্তিক রাইডগুলোর দাপটে। এ নিয়ে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।’
অ্যাপস ভিত্তিক যাত্রী বাহন সার্ভিস উবারের সবচে বড় বাজার নিউইয়র্ক শহর। এই শহরে উবারের তথ্য মতে প্রতি সপ্তাহে নতুন ৩০ হাজার মানুষ অ্যাপস ডাউনলোড করে তাদের সার্ভিস নিচ্ছে। সে কারণে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে উবার ট্যাক্সির সংখ্যা। ২০১১ সালে নিউইয়র্কে মাত্র ১০৫টি গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছিল উবার। ২০১৪ সালে সেটা বেড়ে দাঁড়ায় ২২ হাজারে। ২০১৫ সালে নিউইয়র্ক শহরে ৩৮ হাজার ব্যক্তিগত গাড়ি টিএসসি (টেক্সি সার্ভিসেস কমিশন) লাইসেন্স নিয়েছিল। ২০১৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮১ হাজারে। সেই বৃদ্ধির ক্রম হার এখনো অব্যাহত। সে কারণে, কালো, সবুজ ও হলুদ ট্যাক্সির চালকদের অনেকেই এখন উবারে চলে এসেছেন। বাংলাদেশি কমিউনিটির হাজারো ট্যাক্সি ক্যাব চালক এখন উবারের দিকেই ঝুঁকছেন। কিন্তু তাতেও কি সমাধান মিটছে?
ট্যাক্সি থেকে উবারে আসা চালকদের অভিযোগ ‘উবার হলো দাসত্বের জীবন’। কারণ এখানে আয়-ব্যয় পুরোটাই চলে যায় উবার কোম্পানির হাতে। কোম্পানি যেভাবে নিয়ম করে, সেভাবেই চলতে হয়। সারা দিনের সময় বেঁধে দেয় কতগুলো ভাড়া তাকে গুনতে হবে। সারা দিনে সেই টার্গেট পূরণ করতে গিয়ে নাওয়া-খাওয়া বন্ধ হয়ে যায় অনেকের। এর বাইরে, কম আয়ের বেদনা তো আছেই। চালকদের কষ্টের টাকার একটা বড় অংশ চলে যায় উবারের পকেটে। সে কারণে, এই দাসত্বের জীবন পছন্দ করেন না স্বাধীন পেশার ট্যাক্সি চালকেরা।
এর বাইরে প্রযুক্তি জ্ঞানের অভাবও একটি বড় কারণ। অনেক বছর ধরে যারা হলুদ ট্যাক্সি চালাচ্ছিলেন, তাদের ভাষাগত দুর্বলতাও আছে। সেই অবস্থা থেকে বের হয়ে আসতে পারেননি অনেকেই। উবার অ্যাপস ভিত্তিক একটি সার্ভিস, যেখানে রেটিংস, রিভিউসহ নানা বিষয় তাদের আয়ের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। যেটার প্রতিযোগিতায় টিকতে পারেন না অনেক স্বল্প শিক্ষিত ট্যাক্সিচালক। তাই সহজেই হতাশা তাদের ঘিরে ফেলে। কেননা, বলতে গেলে এক সময় নিউইয়র্কে তাদের অনেকটাই রাজকীয় জীবন ছিল। উবার-লিফট এর আগ্রাসী বাজারের কাছে সেই দিনের পরিবর্তন অনেকই মেনে নিতে পারছেন না।
এমন অবস্থায় মেয়র বিল ডি ব্লাজিও ব্যক্তিগতভাবে নিউইয়র্কে উবার-লিফটের অবাধ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু আন্দোলনের মুখে পিছু হটেছেন। তিনি এখন চার মাসে ৪ জন ট্যাক্সিচালকের আত্মহত্যার পর নতুন করে ভাবছেন। নিউইয়র্ক টাইমস গত ১ মে এ সংক্রান্ত একটি সংবাদ ছেপেছে। ওই সংবাদে লেখা হয়েছে, নিউইয়র্কে উবার ও লিফটের লাইসেন্স প্রদান সীমিত করার কথা ভাবছেন মেয়র বিল ডি ব্লাজিও।
ইউরোপের সবচে বড় মার্কেট লন্ডন শহরে উবার তার সার্ভিস উঠিয়ে নিয়েছে ২০১৭ সালে। এমনকি ২০১৬ যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহর থেকেও উবার গুটিয়ে নেয় নিজেদের শক্ত আইন কানুন প্রয়োগের ফলে। নিউইয়র্ক শহরে উবারকে রাখা হবে কি না সেটা নিয়ে এখন ভাবনা শুরু হয়েছে নীতি নির্ধারক মহলে।