হাওর পারের গ্রামে বিয়েশাদি হচ্ছে না

কথায় আছে নদীমাতৃক দেশ বাংলাদেশ। তবে ভাটি বাংলাকে হাওরমাতৃক বাংলাদেশও বলা যেতে পারে। ভাটি বাংলার হাওরপারের পানিবেষ্টিত গ্রামের মানুষের সুখ-দুঃখ ও সংস্কৃতি নিয়ে আজকের লেখার অবতারণা।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হাওরবাসীর জনজীবন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। গুচ্ছগ্রামের মতো সংকীর্ণ, পরস্পর হতে বিচ্ছিন্ন বিশাল সায়রের মধ্যে (সাগর) কচুরিপানার মতো ভাসমান ছোট ছোট গ্রামগুলোতে অনেক মানুষকে গাদাগাদি করে বাস করতে হয়। সুতরাং অস্বাস্থ্য, আর অপুষ্টিতে রোগবালাইকে সঙ্গী করেই তাদের জীবনযাপন করতে হয়।
ভাটি বাংলার সাতটি জেলায় ৩৯টি উপজেলায় ৩৭৩টি হাওরে এ রকম ১৫ হাজার ৩৭৪টি গ্রাম আছে। এতে কয়েক মিলিয়ন মানুষের বাস। শতকরা ১২ জন বাস করে হাওরপারের গ্রামগুলোতে। আফালের (ঝোড়ো বাতাস) আর ঢেউয়ের আঘাতে গ্রাম লন্ডভন্ড হয়ে যায়।তখন খড়কুটো আর বাঁশের আড় বেঁধে দিয়ে ব্যর্থ চেষ্টা করে বছরের পর বছর বাস করে আসছে হাওরপারের মানুষগুলো। তারপরও বিচ্ছিন্নভাবে গড়ে ওঠে নতুন বসতি।
হাওর এলাকা ছয় মাস থাকে পানির নিচে, বাকি ছয় মাস ডাঙায় অর্থাৎ শুকনো মৌসুম। শুকনো মৌসুমে গ্রামে গ্রামে শুরু হয় বিভিন্ন উৎসব। বিচিত্র গানের আসর। বড়ই বিচিত্র হাওর অঞ্চলের মানুষগুলো। যে কৃষক লেখা-পড়ার অভাবে টিপসই দিয়ে মহাজনের কাছ থেকে সুদে টাকা এনে সর্বস্ব খোয়ায়। সেই ব্যক্তিই চোখের আন্দাজে ছাপা অক্ষরের পুথি সুর করে পাঠ করে পুরো রাত পার করে দেয়। কেউ বা আবার কিচ্ছাকাহিনি বলে শ্রোতাদের মনোরঞ্জন করে। যুবকেরা কুস্তি, হাডুডু, ক্যারাম, দাবা, দশ-পঁচিশ ও তাস খেলে বর্ষাকাল পার করে।
ঘাটুগান হারিয়ে গেছে সেই কবে। জারিগান, মালজোড়া গানও দু-একটা গ্রাম বাদে আর তেমনভাবে শোনা যায় না। তবে বৈঠকি গান আজও বিদ্যমান। মুসলিম বিয়েতে মহিলারা শীতল পাটিতে গোল হয়ে বসে বিয়ের গান গেয়ে থাকেন। হিন্দুদের কীর্তন, উদ্যাপনের সময় নানামুখী লোকাচার কেন্দ্রিক বৈঠকি গানের অনুষ্ঠানে এখনো লোকের ভিড় চোখে পড়ে। হেমন্তে যে বছর ফসল ভালো জন্মায়, সে বছর শুরু হয় উৎসবমুখর হয়ে।
জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে দেখা যায় গ্রামে গ্রামে বিয়ের উৎসব। সে আয়োজন ধামাইল গানে মহিলারা মুখরিত করে তোলেন। কিছু গ্রামে বসে বাউল গানের আসর। ভাটি বাংলার এক বাউল শিল্পী গান গাইলেন—‘আষাঢ় মাইস্যা ভাষা পানি রে, পুবালি বাতাসে বাদাম দেইখ্যা চাইয়া থাকি, আমারনি কেউ আসে রে।।’
বর্ষাকালে নৌকা যোগাযোগ সহজ হয় বলে হাওর অঞ্চলে বিয়ের অনুষ্ঠান বেড়ে যায়। জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে হাওরপারের গ্রামে বিয়ের ধুম লেগে যায়। প্রতি দিনই ৪-৬টি বিয়ের নৌকা বা বজরা দেখা যায় হাওরের বিভিন্ন প্রান্তে। এসব নৌকা বাহারি সাজে সজ্জিত। বিয়ের নৌকাগুলো পাড়ি দিচ্ছে হাওরের জলরাশি। সেই সঙ্গে বাজছে মাইকে গান, অথবা শানাইয়ের করুণ সুর হাওরপারের মানুষকে দিচ্ছে নির্মল আনন্দ।
আগেকার দিনে বিয়ের অনুষ্ঠানের ধরন ছিল অন্য রকম। বিয়ের নৌকাগুলো মাঝিমাল্লা দ্বারা পাল খাঁটিয়ে চালিত হতো। পুরো দিন লেগে যেত হাওর পাড়ি দিতে। এই অবস্থায় নিয়ম চালু ছিল বর পক্ষকে এক রাত কনে বাড়িতে থাকতে হতো। পরদিন নাশতা সেরে বিদায়ী যাত্রা করা হতো। অনেক সময় হাওর পাড়ি দিতে নানা রকম বিপদের সম্মুখীন হতে হতো। বৈরী আবহাওয়ার কারণে নৌকাডুবির মতো দুঃখজনক ঘটনার সংবাদ পাওয়া যেত। অনেক ক্ষেত্রে পানি থই থই হাওরে পথ হারানোর অনেক গল্প কাহিনি প্রচলিত আছে।তবে এখনকার চিত্র ভিন্ন। কালের বিবর্তনে চালু হয়েছে ইঞ্জিনচালিত নৌকা। আধুনিক যান্ত্রিকতায় অনেক সমস্যার সমাধান হলেও বেড়ে গেছে খরচ। বিশেষ করে কনে পক্ষের অনেক খাবারের রকমারি আয়োজন করতে হয়। বিয়ে মানেই উৎসব, ভালো খাবার-দাবার।
পোলাওয়ের সঙ্গে মুরগি আর গরুর মাংসের তেলতেলা ঝোল তরকারি না হলে তো চলবেই না। অবস্থাপন্ন কৃষক বাড়িতে খাবারের পদ কিছুটা প্রসারিত হয়। যেমন শাসনি খাট্টা, যা তেঁতুল আর গুড় মিশিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে সামান্য চাউলের গুঁড়া মিশিয়ে ঘন ঝোল করে বানানো হয়। এর পরেও খাবার শেষে দই-মিষ্টান্নের কমতি থাকে না। বরের জন্য আলাদা করে খাবারের আয়োজন করে বড় আকারের থালা সাজাতে হয়। কমপক্ষে ৬-৭ জন বরের সঙ্গে একই থালায় বসে খাবার নিয়ম চালু আছে।
তবে যে বছর অকাল বন্যায় বোরো ধানের ক্ষতি হয়, সে বছর বিয়ের অনুষ্ঠান থেকে বিরত থাকতে হয় কৃষককে। বোরো ধান গোলায় না উঠলে কৃষকের আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়। তখন কোনো রকম খেয়ে পরে বাঁচাই দায় হয়ে পড়ে। তখন বিবাহ উপযোগী মেয়ে বা ছেলে থাকলেও তারা বিয়ের মতো ব্যয়বহুল অনুষ্ঠান থেকে বিরত থাকেন। তবে এবারের চিত্র ভিন্ন। বৈশ্বিক মহামারি করোনার কারণে অনেক যুবতী মেয়ের বিয়ে হচ্ছে না। এমনকি বন্ধ রয়েছে নতুন কিংবা পুরোনো আত্মীয়-স্বজনের খোঁজ নেওয়া।
এক নারীর কথা জানলাম। কৃষাণী সেই নারী একচালা ঘরে বাস করছেন দুটি মেয়ে নিয়ে। হাওরপারের এক গ্রামে তাঁদের বাস। বড় মেয়ে সবিতার এবারের আষাঢ়ে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু একে তো করোনা, তার ওপর পরপর দুবার বন্যার কারণে মেয়ের বিয়ে ভেঙে গেছে। গেল বছর অকাল বন্যায় হাওরের পাকা ধান তলিয়ে গেল। তখন কৃষকেরা ছিলেন দিশেহারা। তারা কোনো ভাবে খেয়েপরে বাঁচলেও বিয়ের চিন্তা করতে পরেননি। কিন্তু এবার তো কৃষকেরা বোরো ফসল তুলতে পেরেছিলেন। পরিবারগুলোতে ফিরেছিল আর্থিক সচ্ছলতা। কিন্তু এই মহিলা এবারও নিরুপায়। মেয়ে সবিতাকে এবারও পাত্রস্থ করতে পারবেন না তিনি। হাওরপারের হাজার বিবাহযোগ্য ছেলে-মেয়ের বিয়ে হচ্ছে না এবার। তার একমাত্র কারণ বৈশ্বিক করোনা মহামারি।
করোনার কারণেই হাওরে এবার বিয়ের বাজনা বাজছে না। বিয়ের নৌকা সাজানো হবে না রঙিন কাগজের ঝালর দিয়ে। কলা গাছের তোরণে রঙিন কাগজে সাজবে না বিয়ে বাড়ি। এমনকি বাপের বাড়িতে মেয়েকে নাইওর আনাও হয়নি। বিয়ে পড়ানোর কাজি কিংবা পুরোহিতরা এখন অলস দিন পার করছেন। এমন দিনে তাদের ব্যস্ততা বেড়ে যেত। প্রতি দিন কম হলেও চার-পাঁচটা বিয়ে পড়ানোর কাজ করতে হতো। তাদের তো রুটি-রুজির পথ একটাই। তীর্থের কাকের মতো তারা অপেক্ষায় থাকেন আষাঢ়ের ঘন বর্ষার।
হাওর পারের এক বাউল আফসোস করে বলেন, ‘এমন দিন আইলে হাওরপারের গ্রামে গ্রামে বাউল গানের আসর বসত। এবার বাউলের একতারা, মন্দিরা মুখর থাকবে না।’
সবার মুখে যেন মুখোশ এঁটে দিয়েছেন বিধাতা। সবাই যেন নাকে কথা বলছে। একমাত্র মৎস্যজীবীরা তাদের পেশায় থেকে জীবিকা চালিয়ে যাচ্ছেন। বাকি সব পেশার মানুষ আজ দিশেহারা। আপন মনেও গুনগুন করে গান ধরে না কেউ। মানুষের মনের সুর যেন হারিয়ে গেছে। মানুষের মনে আজ শান্তি নেই। তাই গান শোনার আনন্দও নেই।