হাওয়া রিপাবলিকানদের অনুকূলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচন ঘিরেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলছে নানা ধরনের রাজনৈতিক বিশ্লেষণ। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট বারাক ওবামার নিম্নমুখী জনপ্রিয়তার কারণে এ নির্বাচনের হাওয়া অনেকটাই রিপাবলিকানদের অনুকূলে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।
ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ব্যবধান কম রাখার জন্য সর্বাত্মকÄপ্রচারণা চালানো হচ্ছে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা নিয়েও শঙ্কা বিরাজ করছে তাদের মধ্যে। মধ্যবর্তী নির্বাচনে মাত্র ছয়টি আসন ছিনিয়ে নিতে পারলেই সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পাবেন রিপাবলিকানরা। তাহলে মেয়াদের শেষ দুটি বছর প্রেসিডেন্ট বারাক ওবামাকে শাসন পরিচালনায় আরও বেশি বৈরিতার মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। তবে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করতে পারলেও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের জয় নিয়ে তারা নিজেরাই সন্দিহান।
মধ্যবর্তী নির্বাচনে তেমন কোনো জোরালো রাজনৈতিক বার্তা নেই কোনো দলের পক্ষ থেকেই। রিপাবলিকানদের মূল প্রচারণা প্রেসিডেন্ট বারাক ওবামাকে আক্রমণ করা নিয়ে। তুমুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ওবামার এখন ক্রান্তিকাল চলছে। অর্ধেকেরও বেশি জনমত এখন তাঁর বিপক্ষে। কর্মসংস্থান সৃষ্টির সাম্প্রতিক সাফল্যের বার্তটি সাধারণ মানুষের কাছে এখনো সেভাবে পৌঁছায়নি। আবাসন শিল্পে চাঞ্চল্য ফিরে আসেনি। মধ্যবিত্তের জীবনমানের উন্নতির কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত নিজেরা মনে করে, তারা ভালো নেই। শিক্ষা খাতে ব্যয় বেড়েছে। উচ্চশিক্ষার জন্য গ্রহণ করা ঋণের ওপর সুদ বেড়েছে। ওবামা অনেক আশা নিয়ে উচ্চাভিলাষী যে স্বাস্থ্যসেবা কর্মসূচি নিলেন তা নিয়েও চলছে নানা বিতর্ক। পররাষ্ট্রনীতির প্রশ্নেও সবকিছু ওবামার অনুকূলে যায়নি। মধ্যপ্রাচ্যে নতুন জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থান ছাড়া জাতীয় নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এখন উদ্বিগ্ন।
রক্ষণশীলদের অবিরাম প্রচারণায় সব সমস্যার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার ‘ভ্রান্ত নীতিকে’ দায়ী করা হচ্ছে। তাই মধ্যবর্তী নির্বাচনের মাঠে প্রেসিডেন্ট ওবামার নাম নিয়ে সুবিধা করতে পারছেন না ডেমোক্র্যাট প্রার্থীরা। পিউ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, রক্ষণশীল ভোটারদের ৬১ শতাংশই ওবামার বিরোধিতা থেকে ভোট দেবে।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য ছাড়া মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেও রিপাবলিকান দলের বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। বড় অভিবাসী জনগোষ্ঠীগুলো রিপাবলিকান-বান্ধব হয়ে উঠবে এমন ভাবার কোনো কারণ নেই। মনে করা হচ্ছে, মধ্যবর্তী নির্বাচনের পরই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়বে রিপাবলিকান দল। ২০১৬ সালের জন্য রিপাবলিকান দলে এখন পর্যন্ত সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী নেই। অন্যদিকে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের অবস্থান এখন অনেকটাই সংহত।