হাজারো আরোহীবাহী প্রমোদতরিতে ১০ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি
ছবি: রয়টার্স

নরওয়ের একটি প্রমোদতরির যাত্রী ও ক্রু সদস্যদের মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। খবর এএফপির।

হাজারো যাত্রী নিয়ে প্রমোদতরিটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্স শহরে ফিরছিল। ফেরার পথে প্রমোদতরিতে থাকা ১০ জনের করোনা শনাক্ত হয়। মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।

লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ স্থানীয় সময় শনিবার এক টুইটে জানায়, দ্য নরওয়েজিয়ান ব্রেকঅ্যাওয়ে নামের প্রমোদতরিটি গত ২৮ নভেম্বর নিউ অর্লিন্স থেকে যাত্রা শুরু করে। এটি হন্ডুরাস ও মেক্সিকোতে যাত্রাবিরতি করে। প্রমোদতরিতে ৩ হাজার ২০০ জনের বেশি আরোহী রয়েছেন।

লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রমোদতরিতে থাকা প্রত্যেক ব্যক্তিকে নামার আগে করোনা পরীক্ষা করা হবে।

লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগের টুইট বার্তায় আরও জানানো হয়, যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী প্রমোদতরি শিল্প ব্যাপকভাবে ক্ষতির শিকার হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জাপান উপকূলে ডায়মন্ড প্রিন্সেস নামের এক প্রমোদতরির সাত শতাধিক আরোহীর করোনা শনাক্ত হয়। মারা যান ১৩ জন।

করোনার বিস্তার ঠেকাতে একপর্যায়ে সমুদ্রে প্রমোদভ্রমণ বন্ধের ব্যাপারে নির্দেশনা দেয় সিডিসি। এই নির্দেশনার পর ২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্র প্রমোদতরি চলাচল স্থগিত করে।

গত বছর ইউরোপসহ আরও কিছু অঞ্চলে প্রমোদতরি চলাচল শুরু হয়।