হাজি আবদুল মালেককে মনে আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজি আবদুল মালেক
হাজি আবদুল মালেক

নিউইয়র্কে বাংলাদেশিদের কাছে কলম্বাস নামে খ্যাত তিনি। আহমদ পরিবারের অন্যতম সদস্য প্রবীণ প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ। নিউইয়র্ক নগরীর ম্যানহাটনের প্রাচীনতম ও বৃহত্তম মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের অন্যতম প্রতিষ্ঠাতা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একসময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রবাসীদের কল্যাণে ক্লান্তিহীন দৌড়ঝাঁপে অভ্যস্ত। তিনি হলেন হাজি আবদুল মালেক।

একসময় নিউইয়র্কে যেকোনো আড্ডায় বা আলোচনায় মালেক পরিবারকে নিয়েই আলোচনা হতো। পরপর ১৩ বছর মদিনা মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ মসজিদের অধীন দোকান ও বাসা থেকে বর্তমানে কয়েক হাজার ডলার আয় হচ্ছে। এ ছাড়া নিজের এলাকায় স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠাসহ সমাজকল্যাণমূলক অনেক কাজে গৌরবোজ্জ্বল ইতিহাস বিদ্যমান।

৬০ ও ৭০ দশকে বাংলাদেশিদের বৈকালিক আড্ডার স্থান ছিল ডাউন টাউন ম্যানহাটন। সেখানেই তাঁর নিজের পাঁচতলা ভবন ছাড়াও রয়াল ও পান্না নামে পাশাপাশি দুটি রেস্টুরেন্ট ছিল। দুপুরের পর বা রাতে রেস্টুরেন্টের ব্যবসা শেষ হওয়ার পর বাংলাদেশিরা জমিয়ে আড্ডা বসাতেন সেখানে। দীর্ঘ ৪৮ বছর ওই পরিবারের কাছ থেকে প্রবাসী বাংলাদেশিরা নানাভাবে সাহায্য-সহযোগিতা পেয়েছেন।

সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ উপজেলার ভাদ্বেশর এলাকার এক স্বনামধন্য পরিবারের সন্তান হাজি মুনির ১৯৫২ সালে পাকিস্তান সরকারের বৃত্তি পেয়ে লেখাপড়ার জন্য আমেরিকায় আসেন। হাজি মুনিরের নয় ভাইবোনের মধ্যে হাজি মালেক তৃতীয়। তিনি ১৯৬২ সালের দিকে আসেন। তাঁর বড় ভাই হাজি মুনির ৭০-৮০ দশকে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অন্যতম ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। প্রয়াত হাজি মুনির নিউইয়র্কের বাংলাদেশি সমাজের জন্য যথেষ্ট অবদান রেখেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে হাজার হাজার ডলার অনুদানসহ মসজিদের করজে হাছানা বাবদ দিয়েছেন কয়েক লাখ ডলার। সে সময় বেড়ে ওঠা কমিউনিটির অনেকেরই ব্যবসার স্বার্থে সাহায্য করেছেন। নিউইয়র্কের ব্রুকলিনে বেশ কয়েকটি ভবনের মালিক ছিলেন হাজি মুনির। তাঁর নিজস্ব ফাইন্যান্স কোম্পানি ছিল। অনেক দিন লোকচক্ষুর আড়ালে থেকে সম্প্রতি তিনি মারা যান। নিউইয়র্কের আজকের প্রবাসীরা হাজি মুনিরের নামই জানেন না। কিন্তু বাংলাদেশিদের অভিবাসনের গোড়াপত্তনে এ সফল পূর্বসূরি রেখে গেছেন অনন্য ভূমিকা।

হাজি মালেকের বয়স এখন ৯০ বছর। কিন্তু তাঁর স্মৃতিশক্তি অনেকটাই হারিয়ে গেছে। কয়েক বছর আগে ম্যানহাটনের ভবন রেস্টুরেন্ট বিক্রি করে দিয়ে বর্তমানে ব্রুকলিনে অবসরজীবন যাপন করছেন। তাঁর পরিবারের চার শতাধিক সদস্য আমেরিকায় রয়েছেন।
সামাজিক সংগঠনগুলোর বড় বড় অনুষ্ঠান, জেলাভিত্তিকসহ ছোট-বড় অনেক অনুষ্ঠান হয়। এমনকি প্রতিটি এলাকার রয়েছে সামাজিক সংগঠন, অনেকেই স্মরণিকা প্রকাশ করেন। কিন্তু পরিতাপের বিষয়, আজ অবধি কোনো স্মরণিকায় প্রবীণ প্রবাসীদের নাম উল্লেখ করা হয়নি। কমিউনিটি নিয়ে কাজ করেন, এমন অভিজ্ঞজনের মতে, এলাকার সংগঠনগুলো অন্তত তাদের প্রবীণ প্রবাসীদের স্বীকৃতি প্রদান করুক। স্মরণিকায় তাঁদের নাম তালিকাভুক্ত করা অতীব জরুরি, এ প্রথা চালু হলে ভবিষ্যতে সব প্রবীণ প্রবাসী হবেন উপকৃত। এতে সমাজ ও আমাদের বর্তমান বা আগামী প্রজন্মের জন্য সুবার্তা থাকবে বলে কমিউনিটির সাধারণ লোকজন মনে করেন।