হাডসন নদীতে ১৬ ধরনের ওষুধের উপাদান
নিউইয়র্কের কোল ঘেঁষে বয়ে চলা হাডসন নদীর পানিতে ১৬ ধরনের ওষুধের উপাদান পাওয়া গেছে। ‘জার্নাল ওয়াটার রিসোর্স’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ ধরনের পানি মানবদেহের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
হাডসন নদীর পানিতে ওষুধের উপাদানের অস্তিত্ব নিয়ে এই গবেষণাই প্রথম নয়। এর আগেও বিভিন্ন গবেষণায় বিষয়টি উঠে এসেছে। তবে এবারের গবেষণাটি হয়েছে ব্যাপক পরিসরে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, পরিবেশবাদী সংগঠন রিভারকিপার ও কুইন্স কলেজের সহযোগিতায় নতুন এই গবেষণা করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরি’র গবেষকেরা। হাডসন নদীর ১৫৫ মাইল এলাকার ৭২টি পয়েন্টের পানির নমুনা দুইবার সংগ্রহ করে এ গবেষণা চালানো হয়। প্রথমবার পানির নমুনা সংগ্রহ করা হয় ২০১৬ সালের মে মাসে। এর পর একই বছরের জুলাই মাসে দ্বিতীয়বার পানির নমুনা সংগ্রহ করা হয়।
গবেষণায় নদীর পানিতে ১৬ ধরনের ওষুধের উপাদানের অস্তিত্ব খুঁজে পান। এর মধ্যে অ্যান্টিবায়োটিক, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, মৃগীরোগ, আলসার, হার্ট বার্ন, ব্যথানাশকসহ বিভিন্ন ধরনের ওষুধের উপাদান রয়েছে।
গবেষকেরা জানান, এই সব ওষুধের উপাদান সুয়ারেজ লাইনের মাধ্যমে হাডসন নদীর পানির সঙ্গে মিশে যায়। হাডসন নদীর নিউইয়র্ক নগরী-সংলগ্ন এলাকার পানিতে ওষুধের উপস্থিতি বেশি। সবচেয়ে বেশি রয়েছে আপস্টেটের কাছের নদীর পানিতে।
গবেষকদের মতে, ওষুধের বিভিন্ন উপাদান নদীর পানির সঙ্গে মিশে তাকে দূষিত করে তুলছে। এই নদীর পানি মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে এমন প্রমাণও মিলেছে। আগের গবেষণাগুলোয় এ নদীর পানিকে শুধু মিঠাপানির মাছ, চিংড়িসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য ক্ষতিকারক হিসেবে উল্লেখ করা হয়েছিল।
গবেষক দলের অন্যতম সদস্য ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরি’র জলজ প্রাণী বিশেষজ্ঞ আঁন্দ্রে জুল বলেন, ‘পুরো নদীর পানিতেই এই ধরনের পদার্থ রয়েছে বলে এখন আমরা নিশ্চিত। এই সব উপাদানের নেতিবাচক প্রতিক্রিয়া কতটা মারাত্মক তা এখনই আমরা বলতে পারছি না।’