হাডসনে সুরমার অনুভব

নদী, সে কি শুধু আমারই যাপিত জীবনের সীমানায় আছে? তা নয়। আমার পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতায় ‘মোর শৈশব ক্ষণে’ যে মিতালি হয়েছিল তা আজও বহমান।
নানা রকমে, নানা বর্ণিল সাজে নিজ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমাকে আপন করেই দেখেছি। রুটিনহীন কৈশোরকালে সুরমার পাড়ে বসে দুরন্ত খ্যাপার রূপে সুরমাকে দেখেছি। যেমন ভয় পেয়েছি, তেমনি দেখেছি তার হেমন্ত কালের শেষের রূপকে। শীতের শুরুতে ধীর পায়ে চলা চকিত কিশোরীর ঢঙে চলা তার রূপ।
সুরমা বর্ষায় দুকূল ছাপিয়েছে শহরের মহল্লায় মহল্লায় ঘরবসতি, বিদ্যাপীঠ এমনকি উপাসনালয় ভাসিয়ে দিয়ে; আথচ সে কারও অভিশাপ কুডায়নি। শহরবাসী নদীতীরে হেঁটে বেড়িয়েছে, বুকভরে তাজা শ্বাস নিয়ে নদীর কাছে নিজেকে ঋণী করেছে।
আপন পরিবারের মঙ্গল কামনায় হিন্দু গৃহবধূ পূজার পিদিম জ্বেলে যেমন সুরমাতে ভাসিয়ে দিতেন, তেমনি মুসলিম পরিবারের বউ নদীতীরে হজরত খিজির (আ.)-এর মানতের শিরনি গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করতেন।
আমার এই প্রবাসজীবনে যেথায় আমার বসত হলো, বেঁচে থাকার অবলম্বন হলো, তথায় পেলাম দু-দুটি নদী—হাডসন ও ইস্ট রিভার। আজ আমি তাদের কথা বলব।
নিউইয়র্ক শহরের দুপাশে প্রবাহিত হাডসন ও ইস্ট রিভার যেন শহরের প্রাণসঞ্চারিণী দুই ধারা। ১৬০৯ সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ইংলিশম্যান হেনরি হাডসন নদীটির উৎসমুখ আবিষ্কার করেছিলেন বলেই নদীর নামকরণ ইংলিশম্যানের নামে হয়। প্রায় ৩১৫ মাইল গতিপথ পেরিয়ে উত্তর থেকে প্রবাহিত দক্ষিণমুখী হাডসন নিউইয়র্কের ম্যানহাটনের কূল ঘেঁষে আটলান্টিক সাগরে মিলেছে।
আর সেই হাডসন নদীর মোহনায় ডাচ, ফরাসি, ইংরেজদের অভিবাসন জাহাজগুলো নোঙর ফেলেছিল।
নতুন দুনিয়া আবিষ্কারের সূত্র ধরে সারা দুনিয়া থেকে অভিবাসীদের শুরু হলো এই ভূখণ্ডে আগমন। সাত সমুদ্র পেরিয়ে হাডসনের তীর ঘেঁষেই গড়ে ওঠা জনপদে শুরু হলো দুনিয়ার বিভিন্ন জাতির সম্পদ খোঁজার নানা কসরত। আধুনিকতার ছোঁয়ায় নন্দিত ছন্দে যা আজও বহমান। আজও হাডসন নদী বহমান। হাডসন গত ৪০০ বছরকাল দুনিয়ার শ্রেষ্ঠ আধুনিক ও সম্পদশালী নগর নিউইয়র্ককে দৃশ্যমান বা অদৃশ্যমান সেবা প্রদান করেই চলছে।
হাডসনের মোহনায় নিউইয়র্ক বা নিউ জার্সি পোর্ট দেশের বৃহত্তম রাজস্ব আদায়কারীর ভূমিকায়। রাজ্য সরকার ও ফেডারেল সরকারের মিলিত আয় সাড়ে ছয় বিলিয়ন ডলার। যাকে হাডসন নদীর প্রাকৃতিক আশীর্বাদ বলে প্রতীয়মান।
বিশাল কর্মযজ্ঞটি সুচারুভাবে পালনে হাজার হাজার বাণিজ্যিক বিল্ডিংয়ের পাশাপাশি লাখ লাখ নিউইয়র্ক ও নিউজার্সীবাসী রাতদিন সম্পৃক্ত।
ফ্রান্স সরকারের উপহার হিসেবে প্রাপ্ত স্ট্যাচু অব লিবার্টি ১৮৮৬ সালের ২৮ অক্টোবরের বিকেলে হাডসনের মোহনায় যা নিউইয়র্ক বে নামে পরিচিত, সেখানে স্থাপন করা হয়। এক হাতে মশাল, অন্য হাতে বই নিয়ে সারা দুনিয়ার মুক্তিকামী মানুষকে জ্ঞান আহরণের জন্য রাতদিন যে ডেকেই চলছে।
মুক্তির প্রতীক সেই শতবর্ষী নারী বিখ্যাত হাডসনের মোহনায় আজও সমান উজ্জ্বলতায় দৃশ্যমান।
আনুমানিক ১৫০ ভাষাভাষীর পাঁচটি বোরোয় বিভক্ত সমগ্র নিউইয়র্কবাসীর জীবনধারণের সব উপকরণ দূরপ্রাচ্য বা নিকট প্রতিবেশী দেশ থেকে হাডসন নদী ধরেই আসে।
অধুনা বাংলাদেশি তাজা শাকসবজি, নানা ব্র্যান্ডের টোস্ট বিস্কুটসহ সুস্বাদু চানাচুরের বিরাট উপস্থিতি বাংলাদেশি গ্রোসারিতে দেখা যায়। এর সবই তো হাডসন ছুঁয়ে আসা। রঙিন পলিথিন প্যাকেটে রাখা সবুজ ডাঁটা এক ঝটকায় বাংলার পল্লির জনপদে নিয়ে যায়। সেই ডাঁটা ফলন হতে ফ্রোজেন—এর প্রতিটি ধাপে আছে কোনো সরল পল্লিবধূর হাতের ছোঁয়া। যাঁদের নিরন্তর পরিশ্রমের বিনিময়ে স্ফীত হতে চলছে দেশের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জয়তু হে বাংলার মা-বোন আর সব কুল বধূরা।
নিউইয়র্কের বাণিজ্যিক জনপদের এক পাশে নিরন্তর বয়ে যাওয়া হাডসনের সঙ্গে অন্য পাশে প্রকৃতির অপরূপ আশীর্বাদ নিয়ে ইস্ট রিভার নদী।
ইতিহাসবিদদের মতে, প্রায় ১১ হাজার বছর আগে উইসকনসিন গ্লাসিয়েশন থেকে সৃষ্ট প্রবাহটি রাজ্যের বিভিন্ন উপনদী হয়ে উত্তর-দক্ষিণ মুখে লেয়ার বে অব নিউইয়র্ক নামক স্থানে সাগরে মিশেছে।
রাজ্যের অনেক পথ জনপদ বনাঞ্চল পেরিয়ে আসা ইস্ট রিভার নদীর পাড়ে এক দিকে নিউইয়র্ক শহরের ব্যস্ত জনপদ অ্যাসটোরিয়া। অপর পাড়ে দুনিয়ার সর্ববৃহৎ বাণিজ্যিক এলাকা ম্যানহাটন। তারই সংলগ্ন সারা দুনিয়ার শান্তি ও সৌহার্দ্যের প্রতীক জাতিসংঘ ভবন।
যেখানে প্রতিবছরের সেপ্টেম্বর মাসে এক ছাদের নিচে জমায়েত হন সারা দুনিয়ার শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র দ্বীপদেশ নাউরুর দেশপ্রধানসহ তাবৎ দুনিয়ার রাষ্ট্রক্ষমতার অধিকারীরা। প্রতিটি দেশের সমান অধিকার নিশ্চিত হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক নীতিমালার অধীনে।
তাই বলে প্রতিবছর এই সময় ইস্ট রিভারের স্বচ্ছ জলরাশি দুই হাত মেলে উদাত্ত আহ্বানে পৃথিবীর জাতিধর্ম-নির্বিশেষে সবাইকে খোলামনে স্বাগত জানায়।
সে জন্য সোনালি শৈশবে দেখা জল জোছনার শহর সুনামগঞ্জের উত্তর পাশে কলকল করে। কখনো উদ্দাম রূপে, কখনো শান্ত রূপ নিয়ে বয়ে যাওয়া সুরমার না-বলা ভালোবাসা হাডসন আর ইস্ট রিভারে অনুভব করি।