হাত বাড়িয়ে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তোমার শান্তা। তুমি আমাদের শান্ত শহরের শান্ত স্নিগ্ধ এক মেয়ে। তুমি একজন চিকিৎসক। তুমি একজন মা। তুমি নিজের পায়ে দাঁড়ানো শিখবে না?

সত্তরের দশকে মাগফার আহমেদ চৌধুরী আজাদের মা সাফিয়া বেগম ছিলেন ঢাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজনের স্ত্রী। ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন এক নারী। তাই তাঁর স্বামী যখন দ্বিতীয় বিয়ে করলেন, তখন তিনি তা মেনে নেননি। ছোট আজাদকে নিয়ে শত বিলাসিতার আকর্ষণ উপেক্ষা করে নেমে এসেছিলেন যুদ্ধক্ষেত্রে। সেই যুদ্ধের তিনি ছিলেন সফল যোদ্ধা। অভাব অনটনকে পেছনে ফেলে নিজ হাতে তিনি মানুষের মতো মানুষ করে তুলেছিলেন আজাদকে।

১৯৭১ সালে আজাদ তাঁর বন্ধুদের সঙ্গে মুক্তিযুদ্ধে যোগ দেন। ঢাকায় ক্র্যাক প্লাটুনের যোদ্ধা ছিলেন তিনি। এই গেরিলা দলটি সে সময়ে ‘হিট অ্যান্ড রান’ পদ্ধতিতে বেশ কিছুসংখ্যক আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করে। ১৯৭১ সালের ২৯ আগস্ট পাকিস্তানি বাহিনী অভিযান চালিয়ে ক্র্যাক প্লাটুন ও সংশ্লিষ্ট অনেক বিশিষ্ট ব্যক্তিদের ধরে নিয়ে যায়। আজাদের বাড়িতেও অভিযান চালানো হয়। অন্য সহযোদ্ধাদের সঙ্গে ধরা পড়েন আজাদ।

আজাদের মা ছেলেকে থানায় দেখতে গিয়ে দেখেন অনেক মারধর করা হয়েছে তাঁর আদরের ধনকে। ছেলে ভাত খেতে চাইল। মা পরদিন ভাত নিয়ে গেলেন। কিন্তু ছেলের দেখা আর পেলেন না। শান্তা মা আমার, এই মা ঘরে ফিরে আসেন তখন। যত দিন বেঁচে ছিলেন, ভাত আর খাননি তিনি। জুঁইফুলের মতো ভাত আর তিনি মুখে তোলেননি এ জীবনে। একবেলা রুটি খেয়ে বেঁচে ছিলেন চৌদ্দ বছর। কই এত কষ্ট বুকে নিয়েও তিনি তো আত্মহত্যা করেননি। অপমানের সঙ্গে আপস করেননি।

বই পড়তে হবে। মনীষীদের জীবনী পড়তে হবে। বিখ্যাত নারীদের জীবনী পড়ে জানতে হবে, মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি সম্পর্কে। আজ তোমার মা-বাবার কথা ভাব, ভাব সন্তানটির কথা। তার জন্য কোন পৃথিবী তুমি রেখে গেলে?

এক শান্তা চলে গেল। আমাদের মনকে ভারাক্রান্ত করেছে তার এই চলে যাওয়া। শান্তাদের বলছি শক্তি অর্জন কর। আপস না চাইলে, ভেঙে আবার গড়ো। নদীর তীরে যাদের ঘর, ভাঙনে তাদের বসত কতবার ভেঙে যায়, ভেসে যায় ফসলি জমি। তারা তো আবারও সব গড়ে তোলে। মানুষের জীবনও ভাঙা-গড়ার খেলা। জীবন কোনো পুষ্পশয্যা না। প্রতিদিন নতুন সমস্যা মোকাবিলা করতে হবে। প্রতিদিন গড়ে তুলতে হবে ভবিষ্যৎকে। আত্মহত্যা কোনো সমাধান নয়। জীবনের প্রতিটি বিপদকে মোকাবিলা করেই সফলতা অর্জন করতে শিখতে হবে।

আর যদি শান্তাকে হত্যা করা হয়ে থাকে, তবে তার দায় শান্তার পরিবার এড়াতে পারে না। কারণ শান্তা শ্বশুর বাড়ির নির্যাতনের কথা তাঁর পরিবারকে বলেছিল। আত্মহত্যায় প্ররোচনাও তো বড় অপরাধ। যা-ই ঘটুক না কেন, তদন্ত সাপেক্ষে দোষী কেউ যেন আইনের বাইরে না থাকে।

শান্তারা একজন নয়। সমাজের লোভী, পথভ্রষ্ট মাদকাসক্ত স্বামীরা স্ত্রীকে মারধর থেকে শুরু করে সব রকম অত্যাচার করে থাকে। আর কিছু অশিক্ষিত মা-বাবার ইন্ধনে এ অত্যাচার আরও বেড়ে যায়। এসব ক্ষেত্রে সংকটের কথা দ্রুত নিজ অভিভাবককে জানাতে হবে। তারা ব্যবস্থা না নিলে, আস্থাভাজন এমন কারও সাহায্য নিতে হবে। সংকট সম্পর্কে অবহিত করে আলোচনার মাধ্যমে এর নিরসন হলে ভালো। না হলে আইনের আশ্রয় দ্রুত নেওয়া জরুরি। আত্মহত্যা কোনো সমাধান নয়। এ ক্ষেত্রে সমাজেরও দায়িত্ব আছে। অনেক সময় ভুক্তভোগীর পক্ষে কিছু করা সম্ভব হয় না। কিন্তু সমাজ চাইলে হাত বাড়িয়ে দিতে পারে। স্বজন হয়ে একটু হাত বাড়িয়ে দিলে বেঁচে যেতে পারে এমন অনেক শান্তা।