হাতির ঝিল পেরিয়ে...
লম্বা, ছিপছিপে গড়নের ছেলেটি। অন্যূন ছয় ফুট লিখে দেওয়া যায় ফিতে ছাড়াই। চিবুকের নিচে দৃশ্যমান কিঞ্চিৎ শ্মশ্রুগুচ্ছ; ওদের এলোমেলো বিন্যাস আর অনিয়ন্ত্রিত দৈর্ঘ্য জানান দিচ্ছে ভ্রুক্ষেপহীন যত্ন হীনতার। সরু দুটি চোখের ধারালো চাহনিতে বুদ্ধিমত্তার স্পষ্ট বিচ্ছুরণ।
আমি চমকে যাই। আমি ফিরে যাই নব্বইয়ের দশকে, ঠিক ওর বয়সটিতে আমি যখন ছিলাম। আমার সে বেলার অবয়বের সঙ্গে ওর কোনো মিল আছে কিনা খোঁজার চেষ্টা করি। লিকলিকে গঠনটাতেই যা মিল, যদিও ও আমার চেয়ে নির্ঘাত পাঁচ ইঞ্চি লম্বা। ও, মনে করে দেখলাম-ওর মতোই আমিও বেশির ভাগ সময়েই পাঞ্জাবি পরে থাকতাম। কালের বিবর্তনে ওর পাঞ্জাবিটা অনেকখানি আঁটসাঁট আর পাক/ভারতীয় মননে গড়া; আমাদের সময়ে যা ছিল অনাকাঙ্ক্ষিত, দুষ্প্রাপ্য, অথবা অসাশ্রয়ী।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আমন্ত্রণে সাত দিনের জন্য বাংলাদেশে এসেছি। আমার প্রিয় শিক্ষকদের একজন শ্রদ্ধেয় ড. এম আতাহারুল ইসলামের অনুরোধে। বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে তিন-চার ঘণ্টাব্যাপী অসম্পূর্ণ অনুদৈর্ঘ্য উপাত্ত বিশ্লেষণ বা “Missing data in longitudinal studies” এর ওপর একটি সংক্ষিপ্ত কোর্স আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগেরই আয়োজিত একটি সেমিনারে প্রবন্ধ উপস্থাপন-মূলত এ দুটি কাজ নিয়েই আসা। আমন্ত্রিত অন্য অতিথিদের মতোই গুলশানে আবাসনের ব্যবস্থার অনুরোধ সবিনয়ে প্রত্যাখ্যান করে আমি উঠেছি সহোদরদের সঙ্গে মিরপুরে। বাড়তি পাওনা-মা এসেছেন চিকিৎসার উদ্দেশ্যে-রথও দেখা, কলাও বেচা।
ছেলেটার নাম তানভীর। আমাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে সে। সঙ্গে গাড়ি ও গাড়ির চালক। অসম্ভব বিনয়ী ছেলেটা। সৌজন্যের এতটুকু ঘাটতি চোখে পড়ছে না তার মাঝে। আরও অবাক হলাম দেখে যে সেই বিনয়বোধ ওর মাঝে কোনো সংকোচ তৈরি করছে না আমার সঙ্গে কথোপকথনে। খুব ভালো লাগল ব্যাপারটা। আমাদের সময়ে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে বিনয়, সম্মান, সমীহ ইত্যাদির সংজ্ঞা ছিল ভয়ানক। ভয়ানক মানে আসলেই ভয়ানক। বিনয় মানে মাথা নিচু করে রাখা, সম্মান মানে কোনো প্রশ্ন না করা, আর সমীহ মানে ত্রিসীমানায় না ঘেঁষা। স্যারদের সামনে ক্লাসে মুচকি হাসা, বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো, একসঙ্গে বারান্দায় দাঁড়িয়ে গল্প, শাড়ি পরে ক্লাস করতে আসা, শিক্ষক বোর্ডে লেখার সময় প্রশ্ন করা-এসব তো বেয়াদবির পর্যায়েই পড়ত। আর সে কারণেই হয়তো প্রশ্ন করতে গেলে একশবার ঢোক গিলতে হতো ছাত্রছাত্রীদের।
কিন্তু তানভীরকে দেখে মনে হচ্ছে না সে ঢোক গিলছে-সামনের সিটে বসে পেছনে তাকিয়ে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছে সোৎসাহে। আমরা যুক্তরাষ্ট্রে কেমন করে ট্রাম্পের মতো একজনকে প্রেসিডেন্ট বানিয়েছি-জরিপের ঠিক উল্টো ফলাফল হওয়ার জন্য পরিসংখ্যান কতটা ব্যর্থ-সেসব নিয়ে প্রশ্ন করছে অনবরত। তরুণদের নিয়ে আমার প্রচণ্ড আগ্রহ সব সময়। ওরাই যে ভবিষ্যৎ পৃথিবী। আমি জানতে চাই ওরা কি ভাবছে ওদেরকে নিয়ে, দেশটাকে নিয়ে। আমি শুরু করি আমার জেরা পর্ব।
-তো তুমি ফলিত পরিসংখ্যান পড়তে এলে কেন?
আমার প্রশ্নের জন্য ও কি প্রস্তুত হয়ে এসেছিল? দেখে মনে হলো না, হওয়ার কোনো কারণও নেই। কারণ আমি তো ওকে ইন্টারভিউ করতে আসিনি।
-স্যার, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স, বলতে পারেন বিজনেস। আমার একটা ছোট বিজনেস আছে। ওখানে কাজ করতে গিয়ে আমি যেটা বুঝলাম সেটা হলো আমরা কিন্তু স্ট্যাটিস্টিকস ব্যবহার করে বিজনেসের অনেক উন্নতি করতে পারি। গ্রাহকেরা কোনো জিনিসগুলো বেশি পছন্দ করছে, কোনগুলো বেশি সার্চ করছে ইন্টারনেটে সে বিষয়গুলোর ওপর যদি আমরা ডেটা সংগ্রহ করতে পারি, তাহলে তা ব্যবহার করে আমরা সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পারি এবং পাশাপাশি মুনাফাও বাড়াতে পারি। এটা যখনই আমার মনে হলো, আমার ধারণা হলো আমি যদি স্ট্যাটিসটিকসে একটা ডিগ্রি নিতে পারি, তা আমার খুব কাজে আসবে।
আমি আবারও বিমোহিত হই। ফিরে যাই প্রায় ৩০ বছর আগের একটি মুহূর্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনের অফিসের সামনে দাঁড়িয়ে আছি আমি আর আমার অগ্রজ। ভাইয়া জিজ্ঞেস করলেন
-তো ফার্স্ট চয়েস কি দিয়েছিস?
-ফিজিকস
-ফিজিকস কেন? (বিরক্তির সুর ভাইয়ার গলায়। ভাইয়া তখন ফিজিকসে মাস্টার্স করছিলেন) ফিজিকস পড়ে কি করবা?
-আমার ভালো লাগে ফিজিকস (ইন্টারমিডিয়েটে সবচেয়ে ভালো রেজাল্ট ছিল আমার ফিজিকসে)
-ভালো লাগা দিয়ে কিছু হবে? শোন আমি তোকে বলি, পরিসংখ্যান নামে একটা নতুন সাবজেক্টের কথা শুনছি আজকাল। তুই তো ম্যাথ পছন্দ করিস, ম্যাথ নাকি খুব কাজে লাগে ওখানে। আর ওটার জব মার্কেটও নাকি ভালো। কি বলিস?
-আচ্ছা, তুমি যখন বলছ...
সাবজেক্ট পছন্দ করছিলাম তখন ভালো লাগা দিয়ে। পড়াশোনা শেষ করে কি করব তা নেই মাথায়। কি কাজে আসবে, তাও জানি না। পরিসংখ্যান কি বিষয়, তাও জানি না। কিন্তু ভাইয়া যেহেতু বলেছেন, তা-ই সই। এ নিয়ে আরও গল্প আছে, তা না হয় অন্য দিনের জন্য থাক।
কি বিস্তর ব্যবধান সে সময় আর এ সময়ের মাঝে—তানভীরের ফলিত পরিসংখ্যান পড়তে আসায় আর আমার পরিসংখ্যান পড়তে আসায়। আমি আবার শুধাই ওকে
-পড়া শেষে কি করবে?
-স্যার ল’তে ভর্তি হব?
আমার চক্ষু চড়কগাছ। বলে কি ছোকরা? বিজনেস থেকে স্ট্যাটিস্টিকস, এখন বলছে আবার ল’ পড়বে। মাথা খারাপ না তো! সব উত্তেজনা লুকিয়ে রেখে আমি জিজ্ঞেস করি
-কেন, কেন? ল’ পড়বে কেন? স্ট্যাটিস্টিকস এর সঙ্গে ল’ এর কি? (আমি নিশ্চিত ও জুডিশিয়াল স্ট্যাটিস্টিকস নিয়ে কাজ করার কথা বলবে না। বলবে না নিশ্চয়ই যে ও, জে, সিম্পসনের বিচারের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়া বিশ্বখ্যাত পরিসংখ্যানবিদ অধ্যাপক ব্রুস ঊইয়ার এর মতো জিন গবেষণা করে আসামির অপরাধ সংগঠনের সম্ভাব্যতা যাচাই করবে)
-স্যার, বাংলাদেশে বিজনেস করার অনেক ধকল, আপনি বুঝবেন না। অনেক প্রতিবন্ধকতা। আইন জানা থাকলে অনেক ভালো হয়।
-যেমন?
-স্যার, এ আপনাকে বলবে আপনি এটা করতে পারবেন না, ও বলবে এই আইনে এটা আছে, সেই আইনে এটা নেই। কিন্তু যদি জানে আপনার ল’ ডিগ্রি আছে তাহলে আপনাকে তা দেখাতে আসবে না।
-ও।
-আরও একটা কারণ আছে স্যার।
-কি?
-স্যার, আমার মনে হয়, এ দেশে, এ দেশ বলব কেন স্যার, সারা পৃথিবীতে অনেক অবিচার হচ্ছে। আমার মনে হয় আইন জানা থাকলে কিছু অবিচার প্রতিরোধ করা যায়, আবার ভুক্তভোগীদের পাশেও দাঁড়ানো যায়।
-ও, আচ্ছা।
আমি ভাবতে থাকি। এই প্রজন্ম জানে তাদের কি করতে হবে। কি করলে নিজের এবং অন্যের মঙ্গল হবে। লক্ষ্য ঠিক করে এগোচ্ছে তারা। আমি জানি না ওরা এসএসসিতে আমার মতো ‘জনৈক অভিজ্ঞ হেডমাস্টার’ এর লেখা পুথি ঘর লিমিটেড এর বই থেকে ‘Aim in Life’ রচনা মুখস্থ করেছে কিনা! কিন্তু জীবনের লক্ষ্য ওরা ঠিকই জানে এবং সে লক্ষ্যে পৌঁছাতে কি করতে হবে তাও জানে অনেক আগে থেকেই।
গাড়ি পৌঁছে যায় হাতিরঝিলের কাছাকাছি। আমি বাইরে তাকিয়ে সুন্দর ঝিল দেখি। না, হাতির ঝিল আমাকে আকর্ষণ করছে না। কারণটা টের পাই আমি, আমার সঙ্গে থাকা তরুণ প্রজন্মের ভাবনাগুলো যে হাতির ঝিল পেরিয়ে চলে গেছে বহুদূর। বাংলাদেশ এগিয়ে গেছে বহুদূর-তার প্রমাণ হাতির ঝিল নয়, তার প্রমাণ আমার সঙ্গে থাকা তরুণ প্রজন্মের প্রতিনিধি।
(লেখক যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব পিটসবার্গের প্রাণ-পরিসংখ্যান বিভাগের অধ্যাপক)