হাভানায় ওবামা-রাউল কাস্ত্রো বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাভানায় সোমবার বৈঠকের সময় করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (বাঁয়ে) ও কিউবার নেতা রাউল কাস্ত্রো। ছবি: রয়টার্স
হাভানায় সোমবার বৈঠকের সময় করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (বাঁয়ে) ও কিউবার নেতা রাউল কাস্ত্রো। ছবি: রয়টার্স

কিউবা সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির নেতা রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার ওল্ড হাভানায় প্যালেস অব দ্য রেভ্যুলেশনে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর সিএনএনের।

ওবামা প্যালেস অব দ্য রেভ্যুলেশনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাউল কাস্ত্রো। দুই নেতা করমর্দন করার পর  দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। পরে যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এই দুই নেতার। তবে ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন নেওয়া হবে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
২০১৪ সালের পর এই দুই নেতার এটি তৃতীয় দ্বিপক্ষীয় বৈঠক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয় গত রোববার ঐতিহাসিক কিউবা সফর শুরু করেন ওবামা। তিন দিনের এই সফরে স্ত্রী মিশেল ওবামা এবং দুই মেয়ে সাশা ও মালিয়াও ওবামার সঙ্গে ছিলেন।
১৯২৮ সালে কিউবা সফরে গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ। এর দীর্ঘ ৮৮ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে ওবামা কিউবায় গেলেন।
ওবামার সফর ঘিরে কিউবার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। কিন্তু বৃষ্টি, জনমানবশূন্য রাস্তা আর পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে উৎসব মাটি হয়।
বিমান থেকে নামার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে বাঁচতে ওবামা-পরিবারকে ছাতা ব্যবহার করতে হয়। বিমানবন্দরে ওবামা-পরিবারকে স্বাগত জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেস।
ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ সালে কিউবায় সংঘটিত বিপ্লবে সে দেশে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের পতন হলে দুই দেশের মধ্যে বৈরিতা শুরু হয়। ২০১৪ সালের ডিসেম্বরে ওবামা ও রাউল তাঁদের দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটাতে সম্মত হন। এরই ধারাবাহিকতায় কিউবায় গেলেন ওবামা।