হামভির পর জেএলটিভি

প্রথমে ছিল জিপ। এরপর এল হামভি। এবার মার্কিন সেনাবাহিনী পাচ্ছে নতুন আরেক সকল কাজের কাজি সমরযান। মনে করা হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের রণক্ষমতার আরেক প্রতীক হয়ে উঠবে। সংক্ষেপে এর নাম জেএলটিভি।
জেএলটিভির পুরো নাম জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল। বলা হচ্ছে, এটা প্রযুক্তির দিক থেকে এক বিরাট অগ্রগতি। জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা গত মাসে হামভির বিকল্প খুঁজে বের করার অভিযানে বিজয়ী জেএলটিভির নাম ঘোষণা করেন।
গতি আর সর্বত্রগামিতার জন্য দশাসই চেহারার হামভির সুনাম ছিল। কিন্তু ইরাকে ক্রমবর্ধমান বিদ্রোহ আর সেই সঙ্গে পথের পাশে পেতে রাখা বেশুমার বোমা শিগগিরই যানটির জন্য সমস্যার কারণ হয়ে ওঠে। তলা চ্যাপ্টা আর গাড়ির কাঠামো মাটি থেকে খুব কম উঁচু হওয়ার কারণে মারাত্মক বিস্ফোরণের ধাক্কা সামলানোর উপায় ছিল না হামভির। নকশার কিছু সংস্কার করেও সমাধান হয়নি। এরপর আসে মাইনরোধী সুরক্ষিত ট্রাক এমআরএপি। কিন্তু ২৪ হাজারের বেশি ট্রাক তৈরির পর দেখা গেল এগুলো বেশ ভারী হওয়ায় দ্রুত মোতায়েনযোগ্য নয়। এরপরই পেন্টাগন ঠিক করে হামভির গতি আর এমআরএপির সুরক্ষা দুটো মিলিয়ে চাই এক নতুন যান। সেটাই জেএলটিভি। ওশকোশ নামে একটি কোম্পানি পেয়েছে প্রায় ৭০০ কোটি ডলারের এই নতুন যানের চুক্তি। এর বৈশিষ্ট্য হচ্ছে বোমা ফাটলেও গাড়ির বাইরের কাঠামোর বিভিন্ন অংশ ভেঙেচুরে ছিটকে গিয়ে আঘাতের শক্তিকে হালকা করে দেবে। আরোহীর বসার অংশটি থাকবে অক্ষত। সূত্র: এএফপি