হামলা নিয়ে গণির সঙ্গে ট্রাম্পের আলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প, আশরাফ গণি
ডোনাল্ড ট্রাম্প, আশরাফ গণি

ভয়াবহ হামলার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হামলাকে বর্বরোচিত বলে নিন্দা জানিয়েছেন।

পিটিআইয়ের খবরে জানা যায়, হোয়াইট হাউস এক বিবৃতিতে বলছে, হামলার পর দুই নেতার মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। ওই আলাপচারিতায় ট্রাম্প পবিত্র রমজান মাসে এ ধরনের হামলার নিন্দা জানিয়েছেন। ট্রাম্প আরও বলেন, সন্ত্রাসীরা সাধারণ মানুষের শত্রু।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, ট্রাম্প বিস্ফোরণে হতাহতদের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানিয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনীরও প্রশংসা করেছেন তিনি।

হোয়াইট হাউসের তথ্য অনুসারে, মার্কিন দূতাবাস হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন হামলার নিন্দা জানিয়েছেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

গতকাল বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৫০ জন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই দেশটির বেসামরিক নাগরিক। বোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী দূতাবাস ভবনগুলো।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হতাহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।