হামলাকারী মতিনের স্ত্রী অভিযুক্ত হতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর সালমান
নূর সালমান

যুক্তরাষ্ট্রে সমকামীদের নাইট ক্লাবে বন্দুক হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত হতে পারেন নিহত হামলাকারী ওমর মতিনের স্ত্রী নূর সালমান।
গতকাল বুধবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) কর্মীরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নূর তদন্তকারীদের বলেছেন, ঘটনার সময় ফোনে কথা বলে তিনি স্বামীকে হত্যাকাণ্ড থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রয়টার্স ও ফক্স নিউজ বলেছে, নূর সালমানের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনার সম্ভাব্যতা খতিয়ে দেখছেন সরকারি কৌঁসুলিরা। পুলিশকে ওমর মতিনের স্ত্রী জানিয়েছেন, নাইট ক্লাবে হামলার সময় স্বামীর সঙ্গে তাঁর কথা হয়েছিল।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের ওই নাইট ক্লাবে গত শনিবার গভীর রাতের হামলা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা। আফগান বংশোদ্ভূত ওমর মতিনের নির্বিচার গুলিতে সেখানে ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হন।
সরকারি কৌঁসুলিদের উদ্ধৃত করে ফক্স নিউজ বলেছে, ৪৯ জনকে হত্যা এবং আরও ৫৩ জনকে হত্যাচেষ্টার ঘটনায় তাঁরা মতিনের স্ত্রী নূর সালমানের বিরুদ্ধে অভিযোগ আনতে চান। তা ছাড়া, সম্ভাব্য হামলার কথা ‘আগে থেকে জেনেও’ পুলিশকে তা না জানানোর ব্যর্থতার অভিযোগও আনতে চান তাঁরা।
হামলার পর নূর সালমানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। হামলার তদন্ত নিয়ে এক ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং। সিনেট ইন্টেলিজেন্স কমিটির এই সদস্য সিএনএনকে বলেন, ‘নাইট ক্লাবে কী ঘটতে যাচ্ছে, এ বিষয়ে নূর সালমান আগে থেকে কিছু কিছু জানতেন বলে ধারণা করা হচ্ছে। এখন তাঁর কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি।’ 

গত মঙ্গলবার মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, স্বামীর সঙ্গে গোলাবারুদ কিনতে গিয়েছিলেন নূর সালমান। এ ছাড়া হামলার লক্ষ্যবস্তু নাইট ক্লাব ‘পালস’-এর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইতিপূর্বে কোনো একদিন স্বামীকে সেখানে গাড়িতে করে পৌঁছে দিয়েছিলেন তিনি।
গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলার সময় ওমর মতিন একাধিকবার ৯১১ নম্বরে ফোন করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেন।