হামলাকারীর বাবার দুঃখ প্রকাশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের নাইট ক্লাবে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হামলাকারীর বাবা। এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত শনিবার রাতে ‘পালস’ নামের ক্লাবটিতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৫০ জন নিহত হন। আহত হয়েছেন ৫৩ জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
হামলার পর পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে হামলাকারী নিহত হন। হামলাকারীকে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন (২৯) হিসেবে শনাক্ত করা হয়েছে।
ওমর মতিনের বাবা মীর সিদ্দিক এনবিসি নিউজের কাছে দাবি করেন, কয়েক মাস আগে মায়ামিতে এক সমকামী যুগলকে চুম্বন করতে দেখে তাঁর ছেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই হামলার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।
পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে মীর সিদ্দিক বলেন, ‘পুরো ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সে (ওমর) যে এমন কাজ করবে, তা আমরা বুঝতে পারিনি। পুরো দেশের মতো আমরাও স্তম্ভিত।’

ছেলের ব্যাপারে বাবা যা-ই বলুন না কেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ওমর মতিন হামলার আগে দেশটির জরুরি নম্বর ৯১১-এ ফোন করেছিলেন। এ সময় তিনি আইএসের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেন। সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে, হামলাটি আইএস-উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে।
হামলার ঘটনাকে ‘বিদ্বেষপ্রসূত ও সন্ত্রাসবাদী কার্যক্রম’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, একজন মার্কিন নাগরিকের ওপর হামলার অর্থ সব মার্কিনের ওপর হামলা।
সন্ত্রাসবাদী কাজ হিসেবে হামলার ঘটনাটি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
আরও পড়ুন...
নাইট ক্লাবে গুলি নিহত ৫০
‘ক্রমাগত গুলির শব্দ শুনছিলাম’
সমকামী ক্লাবে হামলাকারী কে এই ব্যক্তি?