জঙ্গি যোগসূত্রের খোঁজে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনোতে বুধবারের রক্তক্ষয়ী হামলার কারণ উদ্‌ঘাটনে জোর চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা না গেলেও অন্যতম হামলাকারী রিজওয়ানের সঙ্গে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের যোগসূত্র ছিল বলে গতকাল শুক্রবার খবর প্রকাশিত হয়েছে। খবর সিএনএন ও নিউইয়র্ক টাইমসের।

সহকর্মীদের একটি পার্টিতে দুই বন্দুকধারীর গুলিতে বুধবার নিহত হয় ১৪ জন। আহত হয় ২১ জন। হামলার পর ধাওয়া করা পুলিশের গুলিতে হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাশফিন মালিকও (২৭) নিহত হন। এ দম্পতির সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, এ ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্ত সংস্থাগুলো। তবে নিউইয়র্ক টাইমস-এর খবরে বৃহস্পতিবার বলা হয়, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এ ঘটনাকে প্রাথমিকভাবে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। তবে এ বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে সিএনএনের খবরে তদন্তকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পরিচিত সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে রিজওয়ানের যোগাযোগ ছিল। সন্ত্রাসবাদের সম্ভাবনার বিষয়টি বিবেচনায় নেওয়ার অন্যতম কারণ তাঁর বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাওয়ার ঘটনা। পুলিশ বলেছে, রিজওয়ান-তাশফিন দম্পতির বাসায় পাওয়া গেছে হাজার হাজার গুলি, ১২টি পাইপবোমা, বিস্ফোরক তৈরির শত শত উপকরণ।

পুলিশ বলছে, তারা যে আলামত পেয়েছে, তাতে এটা স্পষ্ট যে ওই হামলা ছিল পূর্বপরিকল্পিত। হামলার পর রিজওয়ান ও তাঁর স্ত্রী তাশফিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন।

তদন্তকারীরা বলছেন, রিজওয়ান দৃশ্যত উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়েছিলেন। সেটি যেমন এ হামলার আংশিক কারণ হতে পারে, তেমনি কর্মক্ষেত্রের সমস্যাও এর পেছনে দায়ী হতে পারে। রিজওয়ান সান বার্নার্ডিনো কাউন্টির কর্মচারী ছিলেন।

আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা বলেন, রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক হয়তো সন্ত্রাসী সংগঠন আইএস দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তবে কর্মকর্তাদের কেউই বলেননি, আইএস এই হামলা পরিচালনা করেছে বা এর নির্দেশ দিয়েছে।

তদন্তকারীরা বিশ্বাস করেন, তাশফিন মালিক আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দেন। তবে এই পোস্টটি তিনি দেন ভিন্ন নাম ব্যবহার করে।ভিন্ন নামের ওই ব্যক্তিই যে তাশফিন, তদন্তকারীরা কীভাবে তা নিশ্চিত হলেন, তা অবশ্য তাঁরা স্পষ্ট করেননি।