হামলার পরিকল্পনা এক বছর ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে গাড়ি হামলার ঘটনায় গ্রেপ্তার সাইফুল্লা সাইপভকে বুধবার হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। ম্যানহাটান ফেডারেল আদালত কক্ষের সে সময়কার একটি স্কেচ l রয়টার্স
নিউইয়র্কে গাড়ি হামলার ঘটনায় গ্রেপ্তার সাইফুল্লা সাইপভকে বুধবার হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। ম্যানহাটান ফেডারেল আদালত কক্ষের সে সময়কার একটি স্কেচ l রয়টার্স

নিউইয়র্কে গত মঙ্গলবার গাড়ি নিয়ে হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাইফুল্লা সাইপভ জিজ্ঞাসাবাদে বলেছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে তিনি হামলাটি চালিয়েছেন। এ জন্য এক বছর ধরে তিনি এই হামলার পরিকল্পনা করছিলেন।

তদন্তকারীরা গত বুধবার আরও জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে সাইপভ নামের ওই উজবেক নাগরিক বলেছেন, হত্যাকাণ্ডের ব্যাপারে তাঁর কোনো অনুশোচনা নেই। ওই হামলায় আটজন নিহত হন।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তারের পর হাসপাতালে সাইপভের অস্ত্রোপচার করা হয়। পরে বুধবার তাঁকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। আদালতে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেন কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিরা।

বুধবার ম্যানহাটনের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জুন কিম বলেন, হামলাকারী সাইপভ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, আইএসের সমর্থনে তিনি মঙ্গলবারের হামলাটি চালিয়েছিলেন।

গত এক বছরে বিদেশের মাটিতে হামলা চালানো উজবেকিস্তানের নাগরিকদের মধ্যে সাইপভ হলেন চতুর্থ ব্যক্তি। এর আগে তুরস্কের ইস্তাম্বুল, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও সুইডেনের স্টকহোমে হামলা চালান উজবেকিস্তানের তিন নাগরিক।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) নিউইয়র্ক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক উইলিয়াম সুইনি বুধবার বলেন, নিউইয়র্কে গাড়ি হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরেক উজবেক নাগরিককে খুঁজছেন তাঁরা। ওই সন্দেহভাজনের অবস্থান এরই মধ্যে তাঁরা জেনেও গেছেন বলে জানান তিনি। তবে ওই নাগরিককে কেন এফবিআই খুঁজছে বা তাঁর অবস্থান কোথায়, সে বিষয়ে কিছু জানাননি।

মুখাম্মাদজইর কাদিরভ নামের ৩২ বছর বয়সী ওই উজবেককে ধরিয়ে দিতে পোস্টার সরবরাহ করেছে এফবিআই। নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, কাদিরভ এবং অন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল সাইপভের।

মঙ্গলবারের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভিসা কর্মসূচি বন্ধের হুমকি দিয়ে বলেছেন, এ কর্মসূচির কারণেই ২০১০ সালে ২৯ বছর বয়সী ওই উজবেক তাঁর দেশে প্রবেশ করতে পেরেছিলেন। তিনি আরও বলেছেন, সাইপভকে কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক আটককেন্দ্র গুয়ানতানামো বে কারাগারে পাঠানোর ব্যাপারে বিবেচনা করছেন। পরে ট্রাম্প ওই সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুদণ্ডের দাবি জানান। তিনি সাইপভকে ‘পশু’ বলেও সম্বোধন করেন।

মঙ্গলবার ওই হামলায় নিহতদের মধ্যে পাঁচজন আর্জেন্টিনার নাগরিক। একজন বেলজিয়ামের এবং বাকি দুজন মার্কিন নাগরিক।