হামের টিকা না দেওয়ায় ব্রুকলিন ইয়েশিভাকে জরিমানা
স্বাস্থ্য বিভাগের নির্দেশ পালনে বারবার ব্যর্থ হওয়ার খেসারত হিসেবে ১৩ হাজার ডলার জরিমানা গুনতে হলো ব্রুকলিনের একটি ইয়েশিভাকে। চারটি লোকেশনে ১১টি বিষয় অমান্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ব্রুকলিনের ইহুদি অধ্যুষিত এলাকা উইলিয়ামসবার্গে ইহুদিদের স্কুল বন্ধ ঘোষণা করতে নির্দেশ দেয় স্বাস্থ্য বিভাগ।
আক্রান্ত শিক্ষার্থীদের পুরোপুরি সুস্থ্য না হওয়া পর্যন্ত তাদের স্কুলে ফিরতে নিষেধ করা হয়েছে। হাম যাতে ছড়িয়ে না পড়ে এ জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সকল শিক্ষার্থী ও শিক্ষক–কর্মচারীদের টিকা গ্রহণ ও টিকাদানের রেকর্ডসহ স্কুলে আসতে বলা হয়। স্থানীয় ইহুদিদের মধ্যে যারা অর্থোডক্সরা তারা হাম, মামপস, চিকেন পক্সের টিকা নেয় না। কিন্তু হামের টিকা না নেওয়ার কারণে ব্রুকলিনের উইলিয়ামসবার্গে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এ কারণে স্বাস্থ্য বিভাগ সেখানে জরুরি অবস্থা জারি করে।
হাম যাতে ছড়িয়ে না পড়ে, এ জন্য হামের প্রতিষেধক না দেওয়া শিশুদের জনসমক্ষে বের করতে বারণ করেছে কর্তৃপক্ষ। কিন্তু উইলিয়ামসবার্গের ইউনাইটেড টালমিউডিকাল একাডেমি নামের প্রতিষ্ঠানটি স্বাস্থ্য বিভাগের নির্দেশ সঠিক ভাবে পালন না করায় কর্তৃপক্ষ ১৩ হাজার ডলার জরিমানা করেছে।
নিউইয়র্ক বোর্ড অব এডুকেশন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী ইহুদিদের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী কিংবা কর্মরত অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর কারওরই টিকার কোনো রেকর্ড নেই। নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী হামের টিকা নেওয়া আবশ্যক। তা ছাড়া কীপ স্ট্রীট এলাকার প্রতিষ্ঠানটিতে সাত ও আট বছরের দুটো বাচ্চা হামে আক্রান্ত হয়। হাম ছোঁয়াচে হওয়ায় আক্রান্ত বাচ্চাদের স্কুলে আসতে নিষেধ করা হয় ১০ এপ্রিল পর্যন্ত। স্বাস্থ্য বিভাগের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা আক্রান্ত অবস্থায় স্কুলে আসে। রেকর্ড চেক করে ইন্সপেক্টর জানতে চাইলে স্টাফরা কোনো নির্ভুল তথ্য দিতে ব্যর্থ হন। স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো কড়াকড়ি আরোপ না করায় স্বাস্থ্য বিভাগ হতবাক। তাই বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।
এক তথ্যে জানা যায়, এ বছর পুরা যুক্তরাষ্ট্রে ৯৭১টি শিশু এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক সিটিতে শুধু ৫৫০ জন। ১৯৯৪ সালের পর এটি সর্বোচ্চ সংখ্যা। স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে হাম এখনো শুধু অর্থোডক্স ইহুদি নেইবারহুডে এখনো পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে।
স্বাস্থ্য কমিশনার ডাক্তার ওক্সিরিস বারবোট বলেছেন, ”যারা স্কুলে কাজ করছেন তাদের টীকা নেওয়া বাধ্যতামূলক। কিন্তু কট্টর ইহুদি জনগোষ্ঠী মারাত্মক ছোঁয়াচে রোগটিকে গুরুত্ব না দিয়ে এর ভয়াবহতা বাড়িয়ে তুলেছে, যা শিশুদের জন্য অত্যন্ত আতঙ্কের বিষয়। ”
একজন ইয়েশিভার পরিচালক বলেন, ‘এটি একটি ভুল বোঝাবুঝি। আমি স্বাস্থ্য বিভাগ ও আমাদের বিদ্যালয়ের কর্মীদের সমানভাবে দায়ী করব।’ তিনি একগাদা নথি দেখিয়ে বলেন, ‘এগুলো কর্মী ও শিক্ষার্থীদের টিকার রেকর্ড।’
তবে স্বাস্থ্য বিভাগের অ্যাটর্নি বলেন, এই রোগটি মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। ওই নির্দিষ্ট ইয়েশিভা বিদ্যালয়গুলো নির্দেশ পালন না করায় সমস্ত নিউইয়র্ক নগরীর শিশু ও অন্যান্য বাসিন্দারা এখন ভয়াবহ ঝুঁকির সম্মুখীন। তাই এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।