হামের প্রকোপ বাড়ছে, ফ্লাশিংয়ে স্কুল বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের টিকা না দেওয়ায় নিউইয়র্কের ফ্লাশিংয়ের একটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩ মে নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ দ্য ইয়েশিভা অব সেন্ট্রাল কুইন্স স্কুলটি বন্ধ ঘোষণা করে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, হামে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়ায় ১৪৭-৩৭, ৭০ রোডের দ্য ইয়েশিভা অব সেন্ট্রাল কুইন্স স্কুলের যেসব শিক্ষার্থীর হামের টিকা দেওয়া নেই, তাদের ২১ দিনের জন্য স্কুলের বাইরে রাখার আদেশ দেওয়া হয়। কিন্তু স্কুলটি সে আদেশ পালনে ব্যর্থ হলে স্বাস্থ্য বিভাগ স্কুলটি বন্ধের সিদ্ধান্ত নেয়।
গত অক্টোবরে নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০০টি শিশু এতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৮০ শতাংশই উইলিয়ামসবার্গের। এ বিষয়ে স্বাস্থ্য কমিশনার অক্সিরিস বারবোট এক বিবৃতিতে বলেন, ‘শহরগুলোর নতুন এলাকায় হামের প্রাদুর্ভাব প্রতিরোধে আমাদের শিশুদের নিয়মমাফিক টিকা দিতে হবে। প্রয়োজনীয় টিকা নেওয়া না থাকলে শিশুদের স্কুলে আসা থেকে বিরত রাখতে হবে। যে সব নিউইয়র্কবাসী এখনো হামের টিকা নেননি, আমরা প্রতিনিয়ত তাদের টিকা নেওয়ার জন্য তাগাদা দিচ্ছি।’
তবে এমন নয় যে, স্বাস্থ্য বিভাগ কর্তৃক ইয়োশিভা অব সেন্ট্রাল স্কুলটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্কুলটি কেন প্রশাসনিক নির্দেশ পালনে ব্যর্থ হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের এই পদক্ষেপের পর তারা কী ব্যবস্থা নিয়েছে, তা পর্যালোচনার পর স্কুলটি আবার খোলা হবে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে শহরটিতে নয়টি স্কুল ও ডে কেয়ার সেন্টার বন্ধ করা রয়েছে। স্বাস্থ্য বিভাগের পর্যালোচনার পর এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি আবার চালু করা হয়েছে।
এর আগে হামের বিস্তার রোধে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন মেয়র বিল ডি ব্লাজিও। ওই সময় মেয়রের নির্দেশে ব্রুকলিনের চারটি জিপ কোড ১১২০৫, ১১২০৬, ১১২১১ ও ১১২৪৯-এর বাসিন্দাদের জন্য হাম, মামস ও রুবেলার টিকা (এমএমআর) নেওয়া বাধ্যতামূলক করা হয়। এই নির্দেশ অমান্য করলে ১ হাজার ডলার জরিমানার বিধানও রাখা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই নির্দেশ না মানায় ৯৮ জন ব্যক্তিকে শমন পাঠানো হয়েছে।
মূল সংকটটি তৈরি হয়েছে ইহুদি সম্প্রদায় পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। টিকা না নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহিত করার অভিযোগ রয়েছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এই মিথ্যা প্রচারের মোকাবিলায় ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বর্তমানে কাজ করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তাঁরা বোঝাচ্ছেন, এই টিকা নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। এমনকি এই টিকার অভাবে অরক্ষিত অবস্থায় জীবাণুর সংক্রমণ হলে বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। বিশেষত শিশুদের ঝুঁকি অনেক বেড়ে যায়। হামের কারণে প্রতি বছর সারা বিশ্বে এখনো ১ লাখ মানুষ মারা যায়, যার অধিকাংশই শিশু। হাম সংক্রামক রোগ হওয়ায় একজন অসতর্ক ব্যক্তি থেকে আরও অনেকে আক্রান্ত হতে পারে। কাজেই হাম প্রতিরোধে টিকা নেওয়া অত্যন্ত জরুরি।