হারভে 'টেক্সাসে বড় দুর্যোগ' বয়ে আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় হারভে। টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর বলেছেন, এটা ‘বড় ধরনের দুর্যোগ’ বয়ে আনবে।

চার নম্বর বিপৎসংকেত নিয়ে আসা হারভের তাণ্ডবে কী হতে পারে, এ নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ নগরীগুলো থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি মেক্সিকো উপসাগরে অবস্থান করছে। এটি শিগগিরই টেক্সাসের উপকূলে আঘাত হানতে পারে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন। যুক্তরাষ্ট্রে গত ১২ বছরের মধ্যে এই ঘূর্ণিঝড়ই সবচেয়ে ভয়ংকর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য গতকাল শুক্রবার রাতেই জরুরি নির্দেশনা জারি করেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টেক্সাসের দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সাহায্য দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প আগামী সপ্তাহেই টেক্সাসের দুর্গত এলাকায় যাবেন বলে আগাম জানিয়ে দিয়েছেন।

ঝুঁকিপূর্ণ নগরীর বাসিন্দাদের বাহুতে সোশ্যাল সিকিউরিটি নম্বর লিখে রাখতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত্যু হলে মৃতদেহ শনাক্ত করার জন্য এ ব্যবস্থা কাজ করবে।

স্থানীয় সময় গতকাল রাত ১১টার দিকে টেক্সাসের উপকূলীয় শহর করপাস ক্রিস্টি থেকে ঘূর্ণিঝড়টি ৭০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের তোপের মুখে থাকা কোর্পাস ক্রিস্টির কাছাকাছি হিউস্টন নগরীতে অনেক বাংলাদেশির বসবাস। তাঁদের কয়েকজনের সঙ্গে গতকাল রাতে যোগাযোগ করে জানা গেছে, হিউস্টনও সতর্ক অবস্থায় রয়েছে। অনেকেই খাদ্য মজুত করে রেখেছেন। ভারী বৃষ্টির আশঙ্কা করছেন তাঁরা। কোর্পাস ক্রিস্টিতে কিছু বাংলাদেশি রয়েছেন। তবে এ সংখ্যা কত, তা কেউ নিশ্চিত করতে পারেননি।

গভর্নর অ্যাবোট বলেন, হারভে এখন ‘খুবই জটিল ও ভয়ংকর ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে’।

ঘূর্ণিঝড়টি টেক্সাসের তেল শোধনাগার শিল্প অঞ্চলসহ বন্দরনগর করপাস ক্রিস্টিতে আঘাত হানতে যাচ্ছে। ওই নগরীর লোকসংখ্যা ৩ লাখ ২০ হাজার।

কেন্দ্র থেকে সহায়তা চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে অ্যাবোট বলেন, প্রচুর বৃষ্টিপাতসহ আঘাত হানতে যাওয়া এই ঘূর্ণিঝড় সহজেই কয়েক শ কোটি ডলারের সম্পদের ক্ষতি ও প্রাণহানি ঘটাতে পারে।

টেক্সাসের অস্টিনে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী আরশাদ হোসেইন মামুন প্রথম আলোকে জানান, তাঁরা ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করছেন। মামুন জানান, তাঁর জানামতে, বাংলাদেশি সবাই একে অন্যের খোঁজখবর রাখছেন। তুমুল বৃষ্টিপাত এবং প্লাবন মোকাবিলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন।

টেক্সাসে বসবাসরত নকীব মজুমদার প্রথম আলোকে জানান, কর্পাস ক্রিস্টি এলাকায় প্রচুর এশীয় অভিবাসীর মধ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত মানুষের অবস্থান তাঁর জানা। কিছু বাংলাদেশি বিচ্ছিন্নভাবে থাকলেও তাঁদের সঠিক অবস্থান তাঁর জানা নেই বলে জানান তিন দশক ধরে টেক্সাসে থাকা নকীব মজুমদার।

যুক্তরাষ্ট্রের শিল্পোন্নত রাজ্য টেক্সাসের তেল শোধনাগার শিল্পাঞ্চল ক্ষতিগ্রস্ত হলে উৎপাদন বাধাগ্রস্ত হবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে জ্বালানির মূল্য বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ধারাবাহিকভাবে ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ প্রচার করছে। এই ঝড়ের তাণ্ডবে প্রায় ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সন্ধ্যার মধ্যে কর্পাস ক্রিস্টি নগর থেকে প্রায় সাড়ে তিন লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হিউস্টন নগরে নাগরিকদের সতর্ক থাকার জন্য মেয়র সিল্ভাস্টার টার্নার আহ্বান জানিয়েছেন। এ নগরে ২০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে বলে নাগরিকদের জানিয়ে দেওয়া হয়েছে।

২০০৫ সালে ঘূর্ণিঝড় কার্টিনার তাণ্ডবে ১ হাজার ৮০০ লোকের প্রাণহানি ঘটে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, তিনি লুজিয়ানা ও টেক্সাসের গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং হ্যারিকেন হারভে তাঁর নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।