হারভেতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতেও শর্ত!

হার্ভের কারণে টেক্সাস অঙ্গরাজ্যের বহু মানুষ নিজ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছেন। এর মধ্যে রয়েছে বহু অনিবন্ধিত অভিবাসীও। এ অবস্থায় অনিবন্ধিত অভিবাসীরা একধরনের শঙ্কায় রয়েছেন। সম্প্রতি তাঁদের অভিবাসন কর্তৃপক্ষের তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে না বলে আশ্বস্ত করেছে হোয়াইট হাউস। তবে দীর্ঘমেয়াদি ত্রাণ সহায়তার বিষয়ে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া হয়নি।
ঝড়ের সময় আশ্রয় নেওয়া বহু মানুষ এরই মধ্যে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু এখনো উপদ্রুত অঞ্চলের জীবনযাত্রা স্বাভাবিক হয়নি। সরকারি বিভিন্ন সহযোগিতার জন্য দুর্গতদের অনেককেই নির্ভর করতে হচ্ছে। আর এ অবস্থায় আশ্রয়কেন্দ্রে থাকা কিংবা সরকারি সাহায্য নেওয়া অনিবন্ধিত অভিবাসীদের আশ্বস্ত করতে বিশেষ বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। ৩১ আগস্ট এ বিষয়ক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত না হলে, ভয়ের কিছু নেই। এ দুর্যোগের সময় অনিবন্ধিত অভিবাসীদের পরিচয় জানতে কোনো তল্লাশি চালাবে না অভিবাসন কর্তৃপক্ষ। তবে তাঁরা ফেডারেল সরকারের দেওয়া দীর্ঘমেয়াদি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন বলে সিএনএনকে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা টম বোজার্ট।
বোজার্ট বলেন, ‘খাদ্য, পানীয় ও আশ্রয়প্রার্থীকে ফেরানো হবে না। তাঁর পরিচয় এ ক্ষেত্রে মুখ্য নয়। কোনো আশ্রয়কেন্দ্রেই অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালাবে না। তবে কোনো অনিবন্ধিত অভিবাসী যদি অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে নিশ্চিতভাবেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘জীবন রক্ষার প্রশ্ন সবার আগে। এ ক্ষেত্রে কোনো মানুষেরই তাঁর অভিবাসন বা পরিচয় নিয়ে শঙ্কিত হওয়া উচিত নয়। তবে অপরাধীর বিষয় আলাদা।’

টম বোজার্টের আগেও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা অনিবন্ধিত অভিবাসীদের আশ্বস্ত করে বক্তব্য দিয়েছেন। কিন্তু তারপরও অভিবাসীদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা ট্রাম্প প্রশাসনের ওপর আস্থাহীনতায় ভুগছিলেন অনেকে। খাদ্যাভাবসহ বিভিন্ন সংকট সত্ত্বেও অনেকে তাই আশ্রয়কেন্দ্র এড়িয়ে চলছিলেন। এ পরিস্থিতিতে অনিবন্ধিত অভিবাসীদের আবারও আশ্বাস দিলেন টম বোজার্ট।