হারভের আঘাতে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোমরসমান পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা
কোমরসমান পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা

আমেরিকার টেক্সাসে ঘূর্ণিঝড় পরবর্তী বন্যার পুনর্বাসন কাজ চলছে। ২৫ আগস্ট শক্তিশালী হারিকেন হারভের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বেশ কিছু শহর। বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। পানিবন্দী ও ঘরবাড়ি হারানো ৪৩ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে।
ভারী বর্ষণে প্লাবিত হয়ে হিউস্টনের পাশের মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া মহাসড়কের ওপর বিস্তীর্ণ জলরাশি ৩ থেকে ৪ ফুট উচ্চতায় ঢেউ তুলেছিল। তবে এখন ধীরে ধীরে হিউস্টনের আশপাশের এলাকার মহাসড়কের পানি কমতে শুরু করেছে। পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে হারভের রেখে যাওয়া ক্ষত।
হিউস্টন নগরে প্রায় ১৫ হাজার বাংলাদেশি বসবাস করেন। সেখানকার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হালিম মিঠু প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, অন্যান্যের সঙ্গে তারাও পুনর্বাসনের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। দিন-রাত কাজ করছেন। বন্যার কারণে স্বদেশি যারা স্থানান্তরিত হয়েছিলেন, তাদের পুনর্বাসনে তাঁরা সাংগঠনিকভাবে এগিয়ে এসেছেন। বাংলাদেশ আমেরিকান সেন্টারে দুর্গতদের জন্য তহবিল ও খাদ্য সংগ্রহ করছেন। ইতিমধ্যে তিন শ পরিবারে খাদ্য সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে।
আবদুল হালিম বলেন, বাংলাদেশিরা একে অন্যকে সাহায্য করছেন। আরও এক হাজার পরিবারে জরুরি খাদ্য সরবরাহ করার প্রস্তুতি চলছে। জলোচ্ছ্বাসের পানিতে ঘরবাড়ি প্লাবিত হয়েছিল। এসব পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছেন প্রবাসী স্বেচ্ছাসেবকেরা। দুর্গত এলাকায় প্রতিটি বাড়িতে গিয়ে কারও কোনো প্রয়োজন আছে কি না, খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সদস্যরা
হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সদস্যরা

হারিকেন হারভির কারণে লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে। বন্যায় অচল হয়ে পড়েছে হিউস্টন শহর। নদীর পানির বাঁধ উপচে প্রবাহিত হচ্ছে। ৯০ হাজারের বেশি লোকের জরুরি সহায়তার আবেদন মঞ্জুর করেছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছিলেন, ক্ষতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অঙ্গরাজ্যের ১২ হাজার ৫০০ কোটি ডলারের বেশি প্রয়োজন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেসকে লেখা এক চিঠিতে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে ৭৮০ কোটি ডলার সহায়তা চাওয়া হয়েছে। হোয়াইট হাউসের হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার টম বোসার্ট বলেছেন, ত্রাণ সহায়তার জন্য তহবিলের অনুরোধ ধাপে ধাপে করা হবে।