হারভের তাণ্ডবে আক্রান্ত ১৫ হাজার বাংলাদেশি

সপ্তাহান্তের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় হারভের তাণ্ডবে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছে। ইতিহাসের সবচেয়ে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়ে গেছে পুরো নগরী। এতে আক্রান্ত হয়েছেন শহরটিতে বসবাসকারী প্রায় ১৫ হাজার বাংলাদেশি। এর মধ্যে অন্তত ৪০-৫০টি পরিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। বাকিরা নিজ বাড়িতে থেকেই পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এ দুর্যোগ মোকাবিলা করছেন।
হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহ হালিম মিঠু প্রথম আলোকে জানান, হিউস্টনে আনুমানিক ১৫ হাজার বাংলাদেশি রয়েছেন। প্লাবন শুরুর পর থেকেই প্রবাসীরা একে অন্যের সাহায্যে এগিয়ে এসেছেন। বিশেষত নিম্নাঞ্চলের বহু ঘর-বাড়িতে পানি উঠেছে। সব সড়ক ও জনপদ প্লাবিত। সম্পূর্ণ বন্ধ রয়েছে যান চলাচল। বন্ধ রয়েছে দোকান-পাট ও সব ধরনের ব্যবসা-বাণিজ্য।
শাহ হালিম বলেন, রিচমন্ড এলাকার গোলাম রসুল বাবু ও রাশেদুল কবিরের বাড়িতে পানি উঠেছে। তিনি জানান, সুগারল্যান্ড এলাকার আবদুল্লাহ চৌধুরী, মোহাম্মদ
সুজা, ফিল্ড কটেজ ওয়ে এলাকার আসীম খান, টুইন ওকস সাব ডিভিশনে বসবাসরত মমো বেগমসহ আরও অনেকের বাড়িতে পানি ঢুকেছে।
হারভের কারণে এখন পর্যন্ত একজন পুলিশ কর্মকর্তাসহ এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বন্যার পানি নেমে যাওয়ার আগে মোট নিহতের সংখ্যা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত আরও ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন হিউস্টনের পুলিশ প্রধান আর্ট আসেভেদো। ৫০ ইঞ্চির বেশি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা অব্যাহত রয়েছে। এমন ভয়াবহ দুর্যোগে বাংলাদেশিরা নেমেছেন উদ্ধারকাজেও। এ ক্ষেত্রে শুধু বাংলাদেশিরাই নয়, অন্যদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁরা।
এমন প্রাকৃতিক দুর্যোগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই বসে থাকছেন না বাংলাদেশিরা। আক্রান্ত স্বদেশি ব্যক্তিদের পাশাপাশি সামগ্রিক উদ্ধারকাজে অংশ নিচ্ছেন তাঁরা। রিচমন্ড এলাকার বন্যাকবলিতদের সাহায্যে এগিয়ে এসেছেন মুসলেউর রহমান চৌধুরী, মিঠু রহমান ও আবদুল্লাহ চৌধুরী। নিজেরা আক্রান্ত হলেও তাঁরা নৌকায় করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়াসহ প্রয়োজনীয় খাবার সরবরাহ করছেন।
হিউস্টনের ফেন্ডউড এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করছেন অলি মোহাম্মদ। প্রথম আলোকে তিনি জানান, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৪০-৫০টি বাংলাদেশি পরিবার আশ্রয় নিয়েছে। হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন উদ্ধারকাজ পরিচালনা করছে। আক্রান্ত সবার দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি।
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার মিনিস্টার শামসুল আলম চৌধুরী হিউস্টনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আক্রান্ত প্রবাসীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।
৩০ আগস্ট লুইজিয়ানা-টেক্সাস সীমান্তে হারভের দ্বিতীয় আঘাতের পর বন্যার পানি বৃদ্ধি পায়। তবে ওই দিন বিকেল নাগাদ ঝড়টি লুইজিয়ানার দিকে আরও সরে গেলে হিউস্টনে বৃষ্টির মাত্রা কমে আসে। আর রাত নাগাদ ঝড়টি নিম্নচাপে পরিণত হয়। তবে হারভের দ্বিতীয় আঘাতে হওয়া বৃষ্টিপাতে পোর্ট আর্থার ডুবে গেছে পুরোপুরি। এরই মধ্যে হ্যারিস কাউন্টির ২৫-৩০ শতাংশ এলাকা বন্যার কবলে পড়েছে। হিউস্টনের প্রায় ৩৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি ৩০ আগস্ট একটি আশ্রয়কেন্দ্রেও পানি ওঠার খবর পাওয়া গেছে।
টেক্সাসের গভর্নর কার্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ২ লাখ ১০ হাজার মানুষ বন্যায় আক্রান্ত হয়ে সহযোগিতা চেয়ে আবেদন করেছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র জানান, তারা এখনো দুর্যোগ ব্যবস্থাপনার মাঝপথে রয়েছেন। হিউস্টন দুর্যোগ কাটিয়ে উঠতে শুরু করেছে। এখন উদ্ধার কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণে অনেক সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
হিউস্টনে ২৫ বছর ধরে রয়েছেন বাংলাদেশি সাংবাদিক বাহাউদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ২৯ আগস্ট বিকেলের দিকে রোদ দেখা দিলেও ৩০ আগস্ট আবারও বৃষ্টি বাড়ে। হিউস্টনের নিম্নাঞ্চলে জমির দাম কম হওয়ায় সেখানে অনেকেই বসতি করেছেন। আর এ দুর্যোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সেসব নিম্নাঞ্চলই। এসব অঞ্চলেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।