হারলেমে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত

নিউইয়র্কের হারলেমে অগ্নিকাণ্ডে চার শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত হয়েছে। ৮ মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১৭ সালে ব্রঙ্কসে হওয়া অগ্নিকাণ্ডের পর এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ২০১৭ সালের অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছিল।
এবিসি নিউজের এ সম্পর্কিত খবরে বলা হয়, ম্যানহাটনের অ্যাডাম ক্লেটন পাওয়েল বুলেভার্দ ও ১৪২ স্ট্রিটের একটি ভবনের ছয়তলায় আগুন লেগে যায়। ৮ মে স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ছয়জন নিহত হয়। এর মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। বাকি চারজনই শিশু। শিশুদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে। চার শিশুর মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। নিহতদের মধ্যে একজন ওই শিশুদের মা, অন্য প্রাপ্তবয়স্ক তাদের সৎ ভাই।
দমকল বিভাগ এখনো অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে নিশ্চিত হতে না পারলেও, এটি উদ্দেশ্যমূলক নয় বলেই মনে করছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, রান্না করার স্টোভ থেকেই আগুন লেগে থাকতে পারে।
তদন্তের সঙ্গে যুক্ত একটি সূত্র এবিসি নিউজকে বলেছেন, রান্না করার সময় পরিবারটির মা সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। আর ঘরটির ধোঁয়া শনাক্তকরণ যন্ত্রটি গত জানুয়ারিতেই পরিদর্শনের সময় বিচ্ছিন্ন করা হয়েছিল। ফলে আগুন লাগার পর সঙ্গে সঙ্গেই সতর্ক হওয়া সম্ভব হয়নি।
দমকল বিভাগের কমিশনার ডেনিয়েল নিগ্রো বলেন, দমকলকর্মীরা যখন ওই অ্যাপার্টমেন্ট ভবনে পৌঁছান, তখন ঘরের দরজাতেই আগুনের অস্তিত্ব টের পান। অর্থাৎ ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল। খুব দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরের ঘরে পৌঁছালে ছয়টি মরদেহ পাওয়া যায়।