হারিকেনের আঘাতে ১৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারিকেন ইরমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতি। ছবি: এএফপি
হারিকেন ইরমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতি। ছবি: এএফপি

ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা হারিকেন ‘ইরমা’র আঘাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ক্যারিবীয় কয়েকটি দেশে আঘাত হানার পর এখন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে ৪ মাত্রার ইরমা। যেভাবে ধেয়ে যাচ্ছে ইরমা, এতে এই হারিকেন ফ্লোরিডা ও জর্জিয়ায় আঘাত হানতে পারে।

এএফপির খবরে জানানো হয়, ১২ লাখ মানুষ ইরমার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেডক্রস জানিয়েছে। ইরমার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৬ লাখে পৌঁছাতে পারে।

ক্ষতিগ্রস্ত দ্বীপগুলোতে খাবার পানি সংকট ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে পড়ায় নানা ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

হারিকেন ইরমা আছড়ে পড়তে পারে, এ শঙ্কায় ইতিমধ্যে দক্ষিণ ফ্লোরিডার অন্তত পাঁচ লাখ লোককে আগে থেকেই নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পেরিয়ে ইরমা শনিবারের মধ্যেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

আগে থেকেই ‘ভয়াবহ বিপর্যয়ের’ ইঙ্গিত দেওয়া ইরমা গতকাল বৃহস্পতিবার পুয়ের্তো রিকোয় আঘাত হানে। তার আগে এটি অ্যান্টিগা ও বারমুড়ায় বড় ধরনের ধ্বংসলীলা চালায়।

নেদারল্যান্ডসের অধীনে থাকা দ্বীপ সাবা ও সেন্ট ইউস্তেস ইরমার তাণ্ডবের শিকার হয়েছে। ইউএস ভার্জিন আইল্যান্ড, অ্যাঙ্গুলা ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডও ইরমার আঘাতে লন্ডভন্ড হয়েছে। পুয়ের্তো রিকোয় ২ জন, বারমুড়ায় ১ জন, ভার্জিন আইল্যান্ডে ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ৯০ মাইল দূরের দেশ কিউবার মধ্য ও উত্তরাঞ্চলে হারিকেন ইরমার সতর্কতা জারি করা হয়েছে।