হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত প্রায় এক হাজার মানুষের স্মৃতিচিহ্ন স্থান পেয়েছে নিউইয়র্ক স্টেট মিউজিয়ামের ‘ফ্যামিলি রুমে’। ছবি: নিউইয়র্ক টাইমস অনলাইনের সৌজন্যে
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত প্রায় এক হাজার মানুষের স্মৃতিচিহ্ন স্থান পেয়েছে নিউইয়র্ক স্টেট মিউজিয়ামের ‘ফ্যামিলি রুমে’। ছবি: নিউইয়র্ক টাইমস অনলাইনের সৌজন্যে

‘স্বর্গ থেকে তুমি দেখতে পাবে’—সোনালি ফ্রেমের চশমার পেছনে কাগজে গোটা গোটা হরফে লেখা কথাগুলো। প্রিয় মানুষটি ব্যবহার করত এই চশমা। চশমার সেই মানুষটা হারিয়ে গেছে ১৩ বছর আগে। তবুও সে দেখা দেয় এ চশমার কাচে, লেন্সের ফাঁকে।
এমনই হাজারো স্মৃতি-ভালোবাসার গল্প জমা হয়েছে যুক্তরাষ্ট্রের আলবানির নিউইয়র্ক স্টেট মিউজিয়ামের ‘ফ্যামিলি রুমে’।
আজ বৃহস্পতিবার নিউইয়র্কের টুইন টাওয়ারসহ কয়েক লক্ষ্যবস্তুতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ত্রয়োদশ বার্ষিকীকে নতুন করে তৈরি করা ওই ফ্যামিলি রুম সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই হামলায় প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। এই মানুষেরা না-ফেরার দেশে পাড়ি জমালেও তাঁরা পৃথিবীতে রেখে গেছেন অনেক স্মৃতি। ফ্যামিলি রুমে থাকা সেই স্মৃতিগুলো এখন থেকে সবাই তা ভাগাভাগি করে নিতে পারবেন।
২০০২ সালের এপ্রিলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উল্টো দিকে ওয়ান লিবার্টি প্লাজার একটি কক্ষে ফ্যামিলি রুমের যাত্রা শুরু হয়। সেখানে ঠাঁই পায় নিহত ব্যক্তিদের নানা স্মৃতি-স্মারক। ভুক্তভোগী পরিবারগুলোই এগুলো জমা করে। স্বজনেরা সেখানে একান্তে জড়ো হয়ে প্রিয়জনকে স্মরণ ও শোক ভাগ করে নিতেন। বিশেষ এই কক্ষে বাইরের লোকজনের প্রবেশাধিকার ছিল না।
পরে আলবানির নিউইয়র্ক স্টেট মিউজিয়ামে ফ্যামিলি রুমটি স্থানান্তর করা হয়েছে। এ উদ্যোগে সহায়তা করে লোয়ার ম্যানহাটন ডেভেলপমেন্ট করপোরেশন। স্মৃতিশালাটি এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সশরীরে কিংবা অনলাইনে এই স্মৃতিশালা পরিদর্শন করা যাবে।
নিউইয়র্ক স্টেট মিউজিয়ামের পরিচালক মার্ক এ স্কেমিং বলেন, নিহত প্রায় এক হাজার ব্যক্তির স্মৃতিচিহ্ন এই সংগ্রহশালায় স্থান পেয়েছে। ৯/১১-এ নিহত ব্যক্তিদের এটিই সবচেয়ে বড় একক সংগ্রহশালা।