হারিয়ে যাওয়া
সত্তর দশকের শেষ দিক। ছোট মফস্বল শহরের নদীর পারে এসডিও সাহেবের দোতলা বাংলো। সামনের বাগানে সারা বিকেল ছোটাছুটি করছে চার বছরের মেয়ে রুনা। এসডিও সাহেবের ছোট মেয়ে। সারাক্ষণ বাংলোর চারদিকে বাগানে বাগানে ঘুরে বেড়ায়। সঙ্গে থাকে কিশোরী কাজের মেয়ে মর্জিনা। মফস্বল শহরে এসডিও সাহেব একেবারে সর্বেসর্বা। সকল প্রশাসনিক কর্মকর্তার দণ্ডমুণ্ডের কর্তা তিনি। এ শহরের বিশিষ্টজনদের কাছে এসডিও সাহেব সম্মানিত ব্যক্তিত্ব। ছোট শহরে চলে এমন সরকারি দু চারখানা গাড়ির মধ্যে এসডিও সাহেবের সবুজ জিপখানাই প্রধান। নেমপ্লেটে নম্বর থাকে মহকুমার নাম দিয়ে শূন্য এক। তারপর মহকুমা পুলিশ সুপারের গাড়ির নম্বর। ফোনের নম্বর সেই পদবি অনুসারেই। অফিসের নম্বর আর বাংলোর নম্বর প্রায় পাশাপাশি। বাসায় কাজের লোক দুয়ের অধিক। বাগান দেখাশোনার জন্য আছে মালি। রান্নাঘরে বাবুর্চিসহ ফুট ফরমাশের জন্য কমবয়সী একটি ছেলে আছে। আজকালের মতো তখন বাংলোতে দু-তিনটি টিভি ছিল না। এসডিও সাহেবের সঙ্গে আনা মারফি অথবা ফিলিপস ব্র্যান্ডের তিন/চার ব্যান্ডের রেডিওই ভরসা। শৌখিনতা চিহ্নবাহী অন্য জিনিসটি হলো ‘টেলিফোন’, যার মাধ্যমে শহরে সব জায়গায় কথা বলা যেত। বাইরে কথা বলতে হতো এক্সচেঞ্জে বুকিং করে। এসডিও সাহেবের তিন সন্তানের পরিবার। বড় জন ছেলে। স্কুলে পড়াশোনা করছে। এরপর মেয়ে। মাত্র স্কুল শুরু করেছে। সব শেষে আদরের ছোট মেয়ে রুনু। সকাল থেকে বাসা সরগরম। সাহেব অফিসে যাবেন। টেবিলে নাশতা লাগাও, বাথরুমে দাও গোসলের গরম পানি। তার আগে দেখতে হয় বাথরুম পরিষ্কার কিনা। নিচে নাশতা পাঠাতে হবে ড্রাইভার ও আর্দালি সমুজ মিয়ার জন্য। রান্নাঘরে সবাই ব্যস্ত।
বেগম সাহেব ব্যস্ত বড় দু সন্তানকে নিয়ে। রেডি করে ওদের স্কুলে পাঠাতে হবে। স্কুলের টাইম আবার সকালের দিকে। টিফিন বক্সের জন্য বারবার তাগাদা দিচ্ছেন কাজের লোকেদের। ড্রাইভার সাব নিচ থেকে লোক পাঠিয়ে খবর দিলেন তিনি তৈরি। বড় দুজন নিচে নামলেই স্কুলের পথে রওনা দেবেন। পুরো বাসায় একেবারে হুলুস্থুল কারবার। মেমসাহেব ভাবছেন সবাইকে স্কুল ও অফিসে পাঠিয়ে শহরের একমাত্র লেডিস টেইলারিংয়ে এক পাক ঘুরে আসবেন। আসবার পথে এডিসি ভাবির বাসায় উঠে দেখে আসবেন সদ্য ঢাকা থেকে আনা নতুন জামদানি শাড়িগুলো। শহরে ভালো একটি শাড়ির দোকানও নেই, যেখানে গিয়ে দেখে শুনে দুটো শাড়ি পছন্দ করে নিয়ে আসবেন। ভেবে মাঝে মাঝে এত রাগ হয়...। সাহেবের ডাকে ভাবনা থেকে ফিরে এলেন। নাশতার টেবিল থেকে ডাকছেন তিনি। একসঙ্গে নাশতা সারতে চান। বড় ছেলে আর মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ড্রাইভার সাব বাংলোতে ফিরে এসেছেন। নাশতা সেরে সাহেব চলে গেলেন অফিসে।
নিমেষে পুরো বাংলো একেবারে নিস্তব্ধ। কোথাও নেই কোনো হাঁকডাক। সবখানেই নেমে এল অখণ্ড নীরবতা। ঠিক সেই সময় বেগম সাহেবের মনে হলো ছোট মেয়ে রুনুর কথা। সকালে একবারে দেখেছিলেন। বেডরুমে কাজের মেয়েটি রুনুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে। সকালের সব ব্যস্ততার মধ্যে ছোট মেয়ে রুনুকে মর্জিনা ঘুম থেকে তুলে রেডি করে নেয়। বেগম সাহেব তো সকালে তা-ই দেখলেন। এখন কাউকে দেখছেন না কেন? কোথায় গেল ওরা? শেষবারের মতো দেখেছিলেন। মেয়েটি রেডি হয়ে বেডরুমের বিছানায় বসে আছে। ভাবলেন ওরা বুঝি রুমেই আছে। রুমে উঁকি দিয়ে দেখলেন, না ওখানে কেউ নেই। বুকটি তড়াশ করে কেঁপে উঠল। মনের অজান্তেই মেয়ের নাম ধরে ডেকে উঠলেন, রুনু রুনু কই গেলি মা। বেগম সাহেবের জোরে জোরে ডাক শুনে রান্না ঘর থেকে সবাই দৌড়ে এল। তখনই বেগম সাহেবের চোখ পড়ল মর্জিনার ওপর। ধমক দিয়ে জিজ্ঞেস করলেন। মর্জিনা, রুনু কোথায়? তোদের না দেখলাম শোয়ার ঘরে। তোকে দেখছি আমার মেয়েকে দেখছি না কেন? তাড়াতাড়ি নিচে যা; দেখে আয় রুনু কোথায়?
বেগম সাহেবের চিৎকার করে কান্না চটজলদি সারা বাংলাতে ছড়িয়ে পড়ে। পাকের ঘর, নিচের বিশ্রাম কোঠাসহ সব জায়গা থেকে ছুটে আসছে সবাই। বাবুর্চি, কাজের ছেলে, বাগানের মালিসহ রুনুকে দেখাশোনা করা কাজের মেয়ে মর্জিনা; সবাই। সবাইকে রাগতঃস্বরে জিজ্ঞেস করে চলছেন এসডিও সাহেবের স্ত্রী। সঙ্গে বিলাপ করছেন, কই গেলিরে মা, ও মা আমার! রুনু, রুনু বলে ডেকেই চলছেন। না কোথাও পাওয়া যাচ্ছে না। দোতলা বাংলোর প্রতিটি রুম, বারান্দা—সব জায়গায় খোঁজা হলো। না কোথাও নেই। কাঁদতে কাঁদতে নিচতলা থেকে দোতলায় গিয়ে আনমনে ফোন করে সাহেবকে বলে দিলেন।
শুনছ আমার রুনুকে পাচ্ছি না। সাহেব অফিসে গুরুত্বপূর্ণ সভায় বসা শহরের সব গণ্যমান্যদের নিয়ে। খবরটি বিদ্যুৎবেগে সারা শহরে ছড়িয়ে গেল। অফিস রুমে বসা এসডিপিওর কানে যেতেই উনি সদরের ওসিকে নির্দেশ দিলেন কয়েকজন পুলিশ বাংলাতে পাঠিয়ে দিতে এবং শহরের বাইরে যাবার সব পথে কড়া নজর রাখতে। আধঘণ্টার ভেতর পুরো শহরে নানা গল্প বাতাসের গতিতে ভেসে বেড়াতে লাগল। কেউ বলছে মেয়েটিকে কেউ ধরে নিয়ে গেছে। কেই বলছে নদীতে ডুবে গেছে। এমন নানা কেচ্ছা-কাহিনি ঘুরে বেড়াচ্ছে চারদিকে। পুলিশের এক দল শহরের একমাত্র বহির্গমনের পথ লঞ্চঘাটে চেক পোস্ট বসাল। শহরের অলিগলিতেও পুলিশের দল। কেউ হেঁটে, কেউ বা বাইসাইকেলে ছুটতে লাগল। সঙ্গে সদর থানার ওসি সাহেবও বেরিয়ে পড়েছেন। অফিস থেকে এসডিও সাহেব বাংলোয় ফিরতেই বেগম সাহেবের কান্না আর আহাজারি। স্কুল ছুটি হওয়ার আগেই বড় দুজনকে বাসায় নিয়ে আসা হলো। খাওয়া দাওয়া সব বন্ধ। এসডিপিও সাহেব বারবার ফোন করে এসডিও সাহেবকে আশ্বস্ত করছেন। টেনশন না করতে অনুরোধ করছেন।
সাহেবের বাংলোতে পুরো প্রশাসন হাজির। শহরের গণ্যমান্যরা একে একে আসছেন। চারদিকে খোঁজাখুঁজি চলছে। কিন্তু না কোনো হদিসই মিলছে না। দিন গড়িয়ে প্রায় বিকেল। ঠিক তখনই বাংলোর পেছন থেকে শোনা গেল কাজের মেয়ে মর্জিনার চিৎকার। সেখান থেকে ছোট একটি রাস্তা ধরে নদীর পাড়ে চলে গেছে। সেই জায়গাটিতে বাংলোর পেছনের দেয়াল ঘেঁষে মোরগ পালনের জন্য বানানো ছোট টিনের ঘর। তার পাশেই তিন চার সারি করে কাঠ দিয়ে তৈরি কবুতরের খোপ। সেখানে নানা জাতের কবুতরের বাস। সব জাতের দারুণ এক সংগ্রহ এসডিও সাহেবের। ধবধবে হিমালয় থেকে মাথায় পাগড়ির মতো ঝুঁটিওয়ালা গিরিবাজ। আর ঠিক সেই কবুতরের বাসার নিচের মেঝেতে সটান শুয়ে আছে ছোট মেয়ে রুনা। জায়গাটি ছোট ঘরের আড়ালে পড়ে যাওয়ায় কারওই চোখে পড়েনি। কাজের মেয়ে মর্জিনার চিৎকার শুনে সবাই দৌড়ে এসে দেখলেন, রুনা মেঝেতে শুয়ে আছে। হাতের মুঠোয় গমের দানা। গমভর্তি বোয়ামটি ছিল খাটের নিচে। আর কবুতরকে গমের দানা খাওয়ানোর ভার ছিল মর্জিনার ওপর।