হারের শঙ্কায় ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন

আমেরিকার রাজনীতিতে এই মুহূর্তে একটিমাত্র বিষয় আলোচনায় রয়েছে। না চীন নয়, না কোনো অর্থনৈতিক সংকট। মূল বিবেচ্য বিষয় হচ্ছে মসনদ। অন্তত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ ছাড়া আর কিছুই বিবেচ্য নয়।  এমনকি ডেমোক্রেটিক দলও আগামী নভেম্বরের নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বেশি মনোযোগ দিতে রাজি নয়। বিষয়টি যতটা একটি নির্বাচন, তার চেয়ে অনেক বেশি ডোনাল্ড ট্রাম্পের থাকা না–থাকা। ফলে যত দিন যাচ্ছে—এ সম্পর্কিত বিভিন্ন জরিপ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।  আর সাম্প্রতিক এসব জরিপের সবগুলোতেই ট্রাম্প পিছিয়ে রয়েছেন তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে।

যত দিন যাচ্ছে, ট্রাম্প ও বাইডেনের মধ্যে ব্যবধান বাড়ছে। ফলে ট্রাম্পের কপালে ভাবনার ভাঁজ ক্রমেই গাঢ় হচ্ছে। সে কারণে ‘মাস্ক পলিটিকস’ থেকে শুরু করে জাতীয়তাবাদী উসকানি কোনো কিছুকেই আর বাদ রাখছেন না তিনি। চীনের সঙ্গে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির নেপথ্যেও যে পরবর্তী নির্বাচনের সমীকরণটিই কাজ করছে, তা না বললেও চলে।  এ ক্ষেত্রে  চীনও ট্রাম্পের সহযোগী হয়ে উঠেছে কিনা, তাও–বা কে বলতে পারে।  কিছুদিন আগে সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের প্রকাশের অপেক্ষায় থাকা বইয়ের কিছু অংশ ফাঁস হলো। তখন জানা গেল চীন ও ট্রাম্পের গোপন দোস্তির কথা। গত নির্বাচনে ট্রাম্পের সহায় যেমন হয়েছিল রাশিয়া, ঠিক তেমনি এবারের নির্বাচনে ট্রাম্প চীনকে পাশে চান বলে মন্তব্য করেছেন বোল্টন। বোল্টন সেখানে স্পষ্ট করে বলেছেন, ট্রাম্প সরাসরি চীনের কাছ থেকে নির্বাচনে জয়ের জন্য সহায়তা চেয়েছিলেন। চীন এখন সেই সহায়তা দিচ্ছে কিনা কে জানে। তবে এই সহায়তাও ট্রাম্পকে কতটা এগিয়ে দিতে পারবে, তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। আর এই সংশয় ক্রমেই গাঢ় হচ্ছে বিভিন্ন জরিপের ফলাফলে।

নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের করা সাম্প্রতিক জরিপের ফলাফল বলছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যে ইলেক্টোরাল কলেজের ভোটের জোরে পপুলার ভোটে হেরেও ক্যাপিটাল হিলে বসতে পেরেছিলেন ট্রাম্প, সেখানে এরই মধ্যে ক্ষয় দেখা দিয়েছে। ওই নির্বাচনে ট্রাম্পের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিতি পাওয়া ছয়টি অঙ্গরাজ্যেই নিজের প্রতিদ্বন্দ্বী থেকে পিছিয়ে পড়েছেন তিনি। শুধু পিছিয়ে পড়া বললে ভুল হবে। মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে ট্রাম্প প্রতিদ্বন্দী বাইডেন থেকে জনপ্রিয়তায় দুই অঙ্কের ব্যবধানে পিছিয়ে আছেন। সবচেয়ে বড় বিষয় হল, উত্তরের যে তিন অঙ্গরাজ্যে আগেরবার ট্রাম্প হিলারির থেকে ১০ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন, সেই শ্বেতাঙ্গ অধ্যুষিত অঙ্গরাজ্যেই এখন বাইডেন থেকে তিনি ২১ শতাংশ পয়েন্ট পিছিয়ে আছেন।

নিউইয়র্ক টাইমস–এর এই জরিপের তথ্যমতে, শুধু অঙ্গরাজ্য পর্যায়ে নয়। ট্রাম্প বাইডেন থেকে পিছিয়ে পড়ছেন জাতীয় পর্যায়েও। এ ক্ষেত্রে বাইডেনের প্রতি ৫০ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। আর ট্রাম্পের পেছনে আছেন ৩৬ শতাংশ ভোটার। এ হিসাব অক্ষুণ্ন থাকলে আসন্ন নির্বাচনে প্রয়োজনের তুলনায় ঢের বেশি ইলেক্টোরাল ভোট পাবেন জো বাইডেন।

তাকানো যেতে পারে গ্যালাপের সর্বশেষ জরিপের দিকে। এ ক্ষেত্রেও বাইডেন থেকে ঢের পিছিয়ে আছেন ট্রাম্প। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং কমছে। অধিকাংশ মানুষই তাঁর প্রেসিডেন্সিতে আর সন্তুষ্ট নয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সমর্থন করেন এমন লোকের সংখ্যা ৩৮ শতাংশে নেমে গেছে। একজন প্রেসিডেন্টের পুনর্নির্বাচনের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থান। অথচ মে মাসেও তাঁর প্রতি সমর্থন জানিয়েছিলেন জরিপে অংশ নেওয়া ৪৯ শতাংশ মানুষ। কিন্তু এরপর আন্দোলন, সহিংসতা, কনফেডারেট ভাস্কর্য রক্ষার ঘোষণা, অর্থনৈতিক সংকট, করোনাভাইরাসের ফিরে আসা ইত্যাদি মিলিয়ে বেশ বিপাকে পড়েন তিনি। এখন তো তাঁর প্রেসিডেন্সির প্রতি জনসমর্থনের রেকর্ড সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি। ২০১৭ সালে দায়িত্ব গ্রহণের বছরই তাঁর প্রতি জনসমর্থন ৩৫ শতাংশে নেমে গিয়েছিল।

একই চিত্র দেখা যাচ্ছে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপের ফলাফলেও। দেখা গেছে, গত মার্চেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সমর্থন করতেন এমন লোকেদের ১৭ শতাংশই এখন আর তা করেন না। আর মনের এই পরিবর্তন শুধু স্বাধীন বা ডেমোক্র্যাট ভোটারদের মধ্যেই হয়েছে—এমন নয়। অন্তত ৫০০ কাউন্টিতে জরিপ করে গবেষণা সংস্থাটি জানিয়েছে, রাজনৈতিক মত যেমনই হোক, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রতি আস্থায় পরিবর্তন প্রায় একই রকম। 

মোটাদাগে বিভিন্ন জরিপকারী সংস্থার ফলকে বিবেচনায় নিলে বলতেই হবে যে, ট্রাম্পের জনপ্রিয়তায় এক বিরাট ধস নেমেছে গেল কয়েক মাসে। যেকোনো জনমত জরিপে তাঁর প্রতি সমর্থনের হার এখন ৪০ শতাংশের নিচে। নির্বাচনের বছরের মাঝামাঝি এসে এমন অবস্থান আর যা-ই হোক পুনর্নির্বাচনের জন্য সহায়ক নয়। এর আগে এমন পর্যায়ে এমন সমর্থন পাওয়া দুই প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশ ও জিমি কার্টার কিন্তু দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারেননি।

তবে এত সব দুঃসংবাদের মধ্যেও ট্রাম্পের জন্য একটি সুখবর হতে পারে এই, তাঁর সমর্থকদের অধিকাংশই একেবারে খাঁটি। পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে, ট্রাম্প সমর্থকদের ৭৬ শতাংশই তাঁকেই সমর্থন করেন। বাইডেনের বিরোধিতার কারণে তাঁর সমর্থক হয়েছেন মাত্র ২৪ শতাংশ। অন্যদিকে বাইডেনের ক্ষেত্রে হিসাবটি ঠিক উল্টো। ট্রাম্পের বিরোধী বলেই বাইডেনকে সমর্থন জানাচ্ছে ৬৭ শতাংশ মানুষ, যেখানে খাঁটি বাইডেন সমর্থক মাত্র ৩৩ শতাংশ। বিষয়টি ট্রাম্প বোঝেন বলেই চীনকে বিপরীতে রেখে জাতীয়তাবাদী ঢেউ তিনি তুলছেন। ফলে বাইডেনকেও ময়দানে এগিয়ে থাকতে প্রমাণ করতে হচ্ছে, তিনি প্রেসিডেন্ট হলে ট্রাম্পের চেয়েও বেশি কঠোর হবেন চীন ইস্যুতে। ভোটারেরা শেষ পর্যন্ত কার নায়কোচিত মূর্তিটি পছন্দ করে, তাই এখন দেখার বিষয়।