নিউইয়র্কে করোনায় এক দিনে এক হাজারের বেশি করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে। ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো জানান, আগের ২৪ ঘণ্টায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১ হাজার পাঁচজনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। গত ৫ জুনের পর এক দিনে এত বেশিসংখ্যক করোনা সংক্রমিত ব্যক্তি আর শনাক্ত হয়নি।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখনো কোনো হার্ড ইমিউনিটি তৈরি হয়নি। এ অবস্থায় দেশটির প্রাপ্তবয়স্কদের ৯০ শতাংশই কোভিড-১৯-এর ঝুঁকিতে রয়েছে বলে গবেষকেরা বলছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোকে উদ্ধৃত করে নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে মোট ৯৯ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫টি নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
কুমো বলেন, ‘সামনে শীত ও ফ্লু মৌসুম। এই সময়ে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলা ও ঘনঘন হাত ধোয়া অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে, ঠিক যেমনটা এ সম্পর্কিত বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে হয়েছিল।’
অ্যান্ড্রু কুমোর উপদেষ্টা গ্যারেথ রোডস বলেন, গত জুনে দিনে ৬০ হাজারের মতো নমুনা পরীক্ষা করা হতো। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পরীক্ষা করা হয়েছে প্রায় এক লাখ নমুনা। তিনি বলেন, ‘আমাদের কি চিন্তিত হওয়া উচিত? উত্তর হচ্ছে, যত দিন কোভিড-১৯ আছে, তত দিন অবশ্যই চিন্তার কারণ রয়েছে। ব্রুকলিন ও হাডসন ভ্যালির কিছু এলাকায় নতুন করে সংক্রমণ বাড়ছে। বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। এখন এই অঞ্চলগুলো থেকে আশপাশের অন্য এলাকাগুলোতে যেন ভাইরাসটি না ছড়ায়, সেটি নিশ্চিত করতে হবে।’
নিউইয়র্ক ডেইলি জানায়, নিউইয়র্কে সংক্রমণের সংখ্যা বাড়লেও এখনো বড় কোনো দুর্ভাবনার কারণ ঘটেনি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মতে, আগের চেয়ে অনেক বেশি পরীক্ষা করা হচ্ছে। এ কারণেই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তবে এখনো পরীক্ষার তুলনায় সংক্রমণ হার ১ শতাংশের নিচে। এর আগে যখন এক দিনে এক হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছিল, তখন এ হার ছিল ২ শতাংশের ওপরে।
এদিকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখনো সেখানে কোনো হার্ড ইমিউনিটি (গণ রোগ প্রতিরোধব্যবস্থা) গড়ে ওঠেনি। আরও ভালো করে বললে এমন হার্ড ইমিউনিটি থেকে বহু দূরে রয়েছে যুক্তরাষ্ট্র।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের ৯০ শতাংশই কোভিড-১৯-এর ঝুঁকিতে রয়েছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাটিতে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ডায়ালাইসিস করানো ২৮ হাজার ৫০৩ জন রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, এসব রোগীর মাত্র ৮ শতাংশের শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডি রয়েছে
গত শুক্রবার ল্যানসেট জার্নালে প্রকাশিত সংশ্লিষ্ট গবেষণা নিবন্ধে বলা হয়, গত জুলাইয়ের শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ প্রাপ্তবয়স্কের শরীরে কোভিড-১৯-এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এর অর্থ হচ্ছে হার্ড ইমিউনিটি এখন দূর অস্ত।
গবেষণাটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের ডায়ালাইসিস সেন্টারের তথ্যগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়, কোনো একটি সংক্রামক রোগের বিরুদ্ধে কোনো জনগোষ্ঠীর অধিকাংশের শরীরেই যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, তখন তাকে হার্ড ইমিউনিটি বলে। সে হিসেবে যুক্তরাষ্ট্র এখনো অনেক দূরে অবস্থান করছে।
নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, একই বিষয়ে গবেষণা করেছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তাদের এ সম্পর্কিত গবেষণা প্রবন্ধটি কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে। তবে যত দূর জানা গেছে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণার অনুরূপ ফলই এসেছে সিডিসির গবেষণায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিডিসির পরিচালক ড. রবার্ট রেডফিল্ড।
গত বুধবার মার্কিন সিনেটে দেওয়া বক্তব্যে রবার্ট রেডফিল্ড বলেন, ‘প্রাথমিক ফলাফল বলছে, আমাদের দেশের একটি বড় অংশ, মোট জনগোষ্ঠীর ৯০ শতাংশই ঝুঁকিতে রয়েছে।’
আর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাটিতে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ডায়ালাইসিস করানো ২৮ হাজার ৫০৩ জন রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, এসব রোগীর মাত্র ৮ শতাংশের শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডি রয়েছে।
এ বিষয়ে গবেষণাটির সহলেখক জুলি পারসোনেট বলেন, ‘যুক্তরাষ্ট্রে বহু মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হলেও এখনো খুব অল্পসংখ্যক মানুষের শরীরেই এর প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমরা এখনো হার্ড ইমিউনিটি অর্জনের ধারেকাছেও নেই।’