হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবইয়ে রাজুব ভৌমিকের লেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে রাজুব ভৌমিককে নিয়ে আনন্দ আয়োজন। ছবি: প্রথম আলো
প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে রাজুব ভৌমিককে নিয়ে আনন্দ আয়োজন। ছবি: প্রথম আলো

সারা বিশ্বে ছড়িয়ে পড়া বাংলাদেশি প্রজন্ম নানা ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পাঠ্যপুস্তকে সাংবাদিক রাজুব ভৌমিকের লেখা প্রকাশিত হয়েছে।

প্রথম আলো উত্তর আমেরিকার সাংবাদিক রাজুব ভৌমিককে নিয়ে গতকাল বৃহস্পতিবারের আনন্দ আয়োজনে বক্তারা রাজুবের কাজ, লেখালেখি নিয়ে আলোচনা করেন। গতকাল বৃহস্পতিবার প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে আয়োজিত আনন্দ আয়োজনে ছিল উপচে পরা ভিড়। কবি, লেখক, শিল্পী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীদের জমজমাট আনন্দ আয়োজনে সবাইকে স্বাগত জানান প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পাঠ্যপুস্তকে সাংবাদিক রাজুব ভৌমিকের লেখা প্রকাশ হয়েছে। বইটির নাম ‘জার্নালিস্ট অব টুডে: প্রোফাইলস ইন প্যাশান অ্যান্ড ডাইভার্সিটি’। বইটি সম্পাদনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাংবাদিক জুন ক্যারোলাইন আর্লিক। বইটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে নিয়মিত পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হবে। সংবাদপত্রের ফিচার এবং প্রোফাইল নিয়ে লেখা বইটি ‘নিউজ রাইটিং এবং প্রোসেমিনার ইন জার্নালিজম স্টাডিজ’ মাস্টার্স কোর্সে এখন থেকে পড়ানো হবে।

প্রথম আলো উত্তর আমেরিকাতে রাজুব ভৌমিকের সাংবাদিকতা জীবনের যাত্রা শুরু। এ সম্পর্কে প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, ‘রাজুবের সাফল্যে আমরা গর্বিত। রাজুবের ভবিষ্যতের উদ্যোগগুলোর জন্য আগাম শুভেচ্ছা।’

রাজুব ভৌমিকের জন্ম নোয়াখালী জেলার কবিরহাট থানার শ্রীনদ্দি গ্রামে। ওটারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়। বসুরহাটে সরকারি মুজিব কলেজে তিনি উচ্চ মাধ্যমিক শেষ করেন। ৫ বছর ধরে জন জে কলেজ সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করেছেন। হসটস কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তিনি মনস্তাত্ত্বিক বিভাগে অধ্যাপনা করেছেন।

রাজুব ভৌমিক সাত বছর ধরে পুলিশ কর্মকর্তা হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) কাউন্টার টেরোরিজমে কর্মরত। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২০। সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তাঁর প্রকাশিত ৩টি বই পাঠ্যপুস্তক হিসেবে নিয়মিত পড়ানো হয়।

রাজুব নিউইয়র্ক সিটির জন জে কলেজ ও সিটি ইউনিভার্সিটিতে ক্রিমিনাল সাইকোলজি বিষয়ে অধ্যাপনা করছেন গত পাঁচ বছর। জন জে কলেজে ক্রিমিনাল সাইকোলজির শিক্ষার্থী মেইন রে হো প্রথম আলো আয়োজিত আনন্দ অনুষ্ঠানে গিয়ে তাঁর প্রিয় শিক্ষকের প্রতি স্বদেশিদের ভালোবাসা দেখে আপ্লুত। সেখানে অপরাধীর মনস্তত্ত্ব নিয়ে কথা বলেন রাজুব এবং তাঁর ছাত্র মেইন রে হো।

গতকালের আড্ডা ও আলাপচারিতায় লেখক-সাংবাদিকেরা রাজুব ভৌমিককে নিয়ে আলোচনা করেন।

রাজুব ভৌমিক নিজের নানা কাজে তাঁর একাগ্রতার কথা বলেন। তিনি বলেন, খ্যাতির জন্য নয়, নিজের ভালোবাসা আর দায়বদ্ধতা থেকে কাজ করেন।

নিউইয়র্কে উদীয়মান রাজুব ভৌমিককে অভিনন্দন জানান প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান, সুব্রত বিশ্বাস, শামীম আল আমিন, কবি কাজী জহিরুল ইসলাম, মুক্তি জহির প্রমুখ।

কাজী জহির তাঁর স্বরচিত একটি কবিতা রাজুবের নামে উৎসর্গ করেন। তিনি কবিতাটি সবাইকে আবৃত্তি করে শোনান। এ ছাড়াও স্বরচিত কবিতা পড়েন, ইসতিয়াক রূপু, আবদুস শহীদ, নীরু এস নীরা, রোকেয়া দীপা, রওশন হক, শেলী জামান খান। নিজের একটি লেখা পড়ে শোনান শামীম আল আমিন।

আনন্দ আয়োজনে দিনভর ছিল নানা পদের খাবার। এশীয় খাবারের পাশাপাশি ইতালিয় এবং দক্ষিণ আমেরিকার বৈচিত্র্যপূর্ণ খাবার দিয়ে দিনভর আপ্যায়িত করা হয় আড্ডায় আলাপে যোগ দেওয়া লোকজনকে।

আনন্দ আয়োজন অনুষ্ঠানে রাজুব ভৌমিককে প্রথম আলো সম্পাদকের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সেখানে ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী। ফারুকী বর্তমানে নিউইয়র্ক সফর করছেন। তিনি বলেন,‘এই প্রবাসেও আপনারা বাংলা ভাষা নিয়ে এভাবে চর্চা করেন এবং এত এত গুণী মানুষের সমাবেশ দেখে আমি সত্যি বিস্মিত ও আনন্দিত হয়েছি। আমরা যারা দেশে থাকি আমাদের আসলেই প্রবাসের বাঙালিদের সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই। বিশেষ করে আমার নিজের আসলেই ছিল না!’

আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুব্রত বিশ্বাস, ইশতিয়াক রূপু, রওশন হক, নাসিমা সুলতানা, হেলিম আহমেদ, মনজুরুল হক, সানজিদা উর্মী, আবদুস শহীদ, শেলী জামান খান, প্রিয়াঙ্কা ভৌমিক, আরিয়া ভৌমিক, ভায়লা সালিনা, রহমান মাহবুব, রোকেয়া দীপা, মনিজা রহমান, মুক্তি জহীর, নীরু এস নীরা, মো. আব্দুল মালিক, পাপীমনা, মনিষা তৃষা, সেলিনা আক্তার, রাগীব এহসান, শাহ আলম দুলাল, আব্দুল মালিক জুয়েল, মামুন রশীদ চৌধুরী, তফাজ্জল লিটন প্রমুখ।

অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে আসে। পাপীমনার গাওয়া বহুমাত্রিক গান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।