হার্ভার্ডে পড়তে যাচ্ছেন আবিবা

বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশের আবিবা ইমাম দ্যুতি। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর শিক্ষাবর্ষ। মেধার ভিত্তিতে ৭২ হাজার ডলার মূল্যমানের হার্ভার্ড ফ্যাকাল্টি স্কলারশিপও জিতেছেন আবিবা। ভবিষ্যতে অর্থনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখা আবিবা অর্থনীতিতে মেজর পড়বেন হার্ভার্ডে।
বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার এ এফ এম আহকাম উল্লাহ ও বিলকিস রহমান দোলার বড় মেয়ে আবিবা ছোটবেলা থেকেই মেধাবী। বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকায় মেধার পরিচয় রেখেছেন। স্কলাস্টিকা স্কুল টিমের সদস্য হয়ে তিনি ডেনমার্ক সফর করেছেন। তিন বছর আগে আমেরিকায় অভিবাসী হয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এখানে রিচমন্ড হিল হাইস্কুলে ভর্তি হন। খুব অল্প সময়ে আবিবা স্কুলটির সেরা শিক্ষার্থী ‘ভ্যালেডিক্টোরিয়ান’ খেতাব পান। তিনি স্কুল সকার টিমের ক্যাপ্টেন ছিলেন। নাচ, গান, কবিতাসহ সংস্কৃতি চর্চায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন আবিবা। যে কারণে খুব অল্প সময়ের মধ্যে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন আবিবা।
আবিবা ইমাম দ্যুতি মাত্র তিন বছর বয়সে ঢাকার একুশে টিভিতে আবৃত্তির মাধ্যমে তাঁর পারফরমেন্স শুরু করেন। এরপর ঢাকা ও নিউইয়র্কে অনেক মঞ্চে আবৃত্তি করেছেন। শৈশব থেকে বাবার আবৃত্তি শুনেই আবিবা আবৃত্তির প্রতি ভক্ত হয়ে ওঠেন। তাঁর এক ছোট বোন আছেন।
আবিবার মা বিলকিস রহমান দোলা বলেন, ১২ ডিসেম্বর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ‘অ্যাকসেপটেন্স লেটার’-এর মাধ্যমে আবিবার ভর্তির সুযোগের কথা জানতে পারেন। আবিবা দ্যুতি হার্ভার্ডে ভর্তির জন্য মনোনীত হয়েছে। সে হার্ভার্ডে ভর্তির জন্য আর্লি অ্যাডমিশনে আবেদন করেছিল।